https://www.prothomalony.com/

14316

new-york

নিউইয়র্ক

মেয়র অ্যাডামসের নির্বাচনী পিটিশনে জাল স্বাক্ষরের অভিযোগ

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫ ০২:২৯

নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামসের পুনর্নির্বাচন প্রচার নিয়ে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। অনুসন্ধানী সংবাদমাধ্যম গোথামিস্ট ও ডব্লিউএনওয়াইসি'র এক প্রতিবেদনে প্রতিবেদনে বলা হয়, মেয়রের প্রচার দল নির্বাচনী ব্যালটে নাম তোলার জন্য যে পিটিশন জমা দিয়েছে তাতে একাধিক জাল স্বাক্ষর রয়েছে। এমনকি, মৃত ব্যক্তিদের নামেও স্বাক্ষর জমা দেওয়ার অভিযোগ উঠেছে।

নিয়মানুযায়ী, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র অ্যাডামসকে অন্তত ৭ হাজার ৫০০ জন নিবন্ধিত ভোটারের স্বাক্ষর জমা দিতে হতো। কিন্তু তিনি জমা দেন প্রায় ৫০ হাজারটি স্বাক্ষর।

দুই সপ্তাহব্যাপী অনুসন্ধানে প্রতিবেদকরা বিভিন্ন বাসিন্দার সঙ্গে যোগাযোগ করে ৫২টি জাল স্বাক্ষর শনাক্ত করেছেন। তাদের দাবি, এর মধ্যে অন্তত তিনটি স্বাক্ষর মৃত ব্যক্তিদের নামে।

এই অভিযোগকে মেয়র অ্যাডামস রাজনৈতিক ষড়যন্ত্র বলে উড়িয়ে দিয়েছেন। শুক্রবার সকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রতিপক্ষরা অনেক সময় এসব কৌশল নেয়। ওরা মৃত মানুষের নাম দিয়ে, নানাভাবে পিটিশন নষ্ট করার চেষ্টা করে। এটা রাজনীতির অংশ।

তবে নির্বাচনী আইন বিশেষজ্ঞ জেরি গোল্ডফেডার বলেছেন, অন্যের নামে স্বাক্ষর জাল করা অত্যন্ত বিরল। এটি গুরুতর অপরাধ।

নিউইয়র্ক সিটির নির্বাচন বোর্ড কেবল জমা দেওয়া স্বাক্ষরের সংখ্যা যাচাই করে। তারা স্বাক্ষরের সত্যতা পরীক্ষা করে না। শুধুমাত্র কেউ আপত্তি জানালে সেটি খতিয়ে দেখা হয়। কিন্তু মেয়র অ্যাডামসের জমা দেওয়া স্বাক্ষরের বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো আপত্তি জমা পড়েনি।

মেয়রের প্রচার দলে নিয়োজিত আইনজীবী ভিটো পিট্টা বলেন, আমরা যেকোনো সন্দেহজনক স্বাক্ষরকে গুরুত্ব দিয়েছি। ইতোমধ্যে একজন স্বাধীন পর্যালোচক নিয়োগ দেওয়া হয়েছে, যিনি প্রতিটি স্বাক্ষর খতিয়ে দেখবেন।

এই ঘটনাকে কেন্দ্র করে মেয়র অ্যাডামসের পুনর্নির্বাচন প্রচারে চাপ বাড়ছে। যদিও এখনো পর্যন্ত তার প্রার্থিতার বৈধতা নিয়ে কোনো আইনগত বাধা দেখা দেয়নি। তবে জাল স্বাক্ষরের এই অভিযোগ জনমত এবং প্রচারের বিশ্বাসযোগ্যতাতে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।
 

নিউইয়র্ক থেকে আরো পড়ুন