https://www.prothomalony.com/
14127
new-york
প্রকাশ: ১৭ জুলাই ২০২৫ ০৩:২২
নিউইয়র্ক রাজ্যে ক্রমশ বাড়তে থাকা বয়স্ক জনগোষ্ঠীর প্রয়োজন মেটাতে ‘মাস্টার প্ল্যান ফর এজিং’ নামে একটি বিস্তৃত পরিকল্পনা ঘোষণা করেছে রাজ্য সরকার। সরকারি পরিসংখ্যান বলছে, ২০০০ সালে রাজ্যের জনসংখ্যার মাত্র ১৩ শতাংশ ছিল ৬৫ বছরের ঊর্ধ্ব। ২০২০ সাল নাগাদ এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ শতাংশে, অর্থাৎ দুই দশকে বয়স্কদের অনুপাত বেড়েছে ৪.৫ শতাংশ।
এই প্রেক্ষাপটেই রাজ্যের স্বাস্থ্য বিভাগ এবং ‘অফিস ফর দ্য এজিং’ সম্মিলিতভাবে একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা তৈরি করেছে, যাতে বয়স্কদের স্বাস্থ্যসেবা, আবাসন, সামাজিক সহায়তা এবং নিরাপদ জীবনযাত্রা নিশ্চিত করা যায়। সম্প্রতি ‘ক্যাপিটাল টুনাইট’ অনুষ্ঠানে এই পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন রাজ্যের স্বাস্থ্য বিভাগের কমিশনার ড. জিম ম্যাকডোনাল ও অফিস ফর দ্য এজিং-এর ভারপ্রাপ্ত পরিচালক গ্রেগ ওলসেন।
তাদের মতে, এই পরিকল্পনার মাধ্যমে বয়স্ক নাগরিকদের জন্য এমন একটি পরিবেশ গড়ে তোলা হবে, যেখানে তারা নিজেদের বাড়িতেই স্বচ্ছন্দে এবং সম্মানজনকভাবে বার্ধক্য কাটাতে পারবেন। এতে যেমন তাদের মানসিক ও শারীরিক সুস্থতা নিশ্চিত হবে, তেমনি সরকারের খরচও কমবে।
‘মাস্টার প্ল্যান ফর এজিং’-এ বয়স্কদের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে নানা পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে। পরিকল্পনার মূল দর্শন হলো—কোনো বয়স্ক নাগরিক যেন অবহেলিত না হন এবং রাজ্যের প্রত্যন্ত অঞ্চলগুলোতেও যেন প্রয়োজনীয় সহায়তা পৌঁছে যায়।
রাজ্য সরকার আশা করছে, এই পরিকল্পনার বাস্তবায়নের মাধ্যমে নিউইয়র্ক একটি ‘এজ-ফ্রেন্ডলি’ রাজ্য হিসেবে গড়ে উঠবে। যেখানে সব বয়সী মানুষ নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবন কাটাতে পারবেন।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন