https://www.prothomalony.com/
14124
new-york
নিউইয়র্কে আর্থিক চাপে পড়ে কৃষকরা একের পর এক জমি বিক্রি করে দিচ্ছেন, আর তাতেই বাড়ছে কৃষিজমি হারানোর হার। রাজ্য হিসাবরক্ষকের কার্যালয়ের সাম্প্রতিক অডিট প্রতিবেদনে উঠে এসেছে উদ্বেগজনক এই তথ্য।
প্রতিবেদনে বলা হয়েছে, কৃষিজমি রক্ষা কর্মসূচির আওতায় এখন পর্যন্ত ১ লাখ ১৪ হাজার একর জমি সংরক্ষিত হয়েছে। তবে বর্তমান পরিস্থিতি মোকাবিলায় কর্মসূচির সক্ষমতা বাড়ানো দরকার।
অডিটে দেখা গেছে, প্রকল্প বাস্তবায়নে গড়পড়তা ২০০ দিনেরও বেশি বিলম্ব হচ্ছে, যার মূল কারণ বাজেট বিভাজনের পদ্ধতি। নিউইয়র্ক রাজ্যের কৃষি বিভাগ বরাদ্দকৃত অর্থ ১০টি অঞ্চলে সমানভাবে ভাগ করে, যার মধ্যে নিউইয়র্ক সিটি রয়েছে। যদিও শহরটি এই তহবিলের জন্য যোগ্য নয়। এতে অর্থ পুনরায় বণ্টনের প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা তৈরি হয়।
সর্বশেষ তহবিল বরাদ্দে ৯ হাজার ৬৬৮ একর জমি সংরক্ষণের জন্য ২৩.৫ মিলিয়ন ডলার ছাড় করতে গড়পড়তা ১৮১ দিন সময় লেগেছে।
আমেরিকান ফার্মল্যান্ড ট্রাস্টের আঞ্চলিক পরিচালক লিন্ডা গ্যারেট বলেন, তীব্র আর্থিক চাপে কৃষকরা প্রকল্প থেকে সরে যাচ্ছেন। তিনি জানান, অনেক সময় কৃষকরা জমিতে সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের প্রস্তাব পান। যেখানে প্রতি বছর প্রতি একরে ২৫০ থেকে ২,৫০০ ডলার আয় সম্ভব।
সৌর প্রকল্পের মতো বিকল্প আয়ের সুযোগ থাকায় তারা কৃষিজমি সংরক্ষণের দীর্ঘমেয়াদি প্রকল্প থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন।
অডিটে আরও বলা হয়েছে, রাজ্যের জমির মূল্য ২০১২ থেকে ২০২২ সালের মধ্যে গড়ে ৪০ শতাংশ বেড়েছে। লং আইল্যান্ড অঞ্চলে এই বৃদ্ধি ১৫০ শতাংশ ছাড়িয়েছে। অথচ এখনো প্রতি প্রকল্পে বরাদ্দের সর্বোচ্চ সীমা ২ মিলিয়ন ডলারে অপরিবর্তিত রয়েছে, যা স্থির হয়েছে ২০১৪ সালে।
২০১৭ থেকে ২০২২ সালের মধ্যে নিউইয়র্ক রাজ্যে মোট ৩ লাখ ৬৫ হাজার একর কৃষিজমি হারিয়েছে, যা ৪৩০টি সেন্ট্রাল পার্কের সমান। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলার মধ্যে রয়েছে অ্যালিগানি, লুইস, স্টিউবেন, সেন্ট লরেন্স ও ওয়াইয়োমিং।
বিশেষজ্ঞরা বলছেন, অবসরের পথে থাকা কৃষকদের উত্তরাধিকার পরিকল্পনা না থাকায় অনেকেই উন্নয়ন প্রকল্প বা আবাসন কোম্পানির প্রস্তাবে জমি বিক্রি করে দিচ্ছেন।
রাজ্য হিসাবরক্ষকের কার্যালয় সুপারিশ করেছে, তহবিল বরাদ্দ পদ্ধতি দ্রুত করা, প্রকল্পের সর্বোচ্চ বরাদ্দ সীমা পুনর্বিবেচনা এবং প্রকল্প বাস্তবায়নে প্রশাসনিক জটিলতা দূর করা জরুরি।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন