https://www.prothomalony.com/
14122
new-york
প্রকাশ: ১৬ জুলাই ২০২৫ ০৭:৪৩
নিউইয়র্কের প্রবীণ নাগরিক ও তাদের পরিবারের সদস্যদের জন্য এক আনন্দঘন রিভার ক্রুজের আয়োজন করেছে অলকাউন্টি হেলথ কেয়ার অ্যান্ড সোস্যাল ডে কেয়ার।
গত ১৩ জুলাই বেলা সাড়ে ১১টায় ওয়ার্ল্ড ফেয়ার মেরিনা থেকে যাত্রা শুরু করে ক্রুজটি। ইস্ট রিভার ও হাডসন রিভার ঘুরে সন্ধ্যা ৫টায় আবার ফিরে আসে জেটিতে। পুরো আয়োজনে ছিল প্রাণবন্ত পরিবেশ, সম্মাননা প্রদান, গান-বাজনা, বাহারি বাঙালি খাবার ও প্রবীণদের সরব অংশগ্রহণ।
উদ্বোধনী অনুষ্ঠানে অলকাউন্টি হেলথ কেয়ারের সিইও আব্দুল কাদের শিশির বলেন, প্রবীণদের জন্য একটি আদর্শ প্রতিষ্ঠান গড়ার লক্ষ্যেই আমরা কাজ করছি। নিউইয়র্ক সিটির সকল সুযোগ-সুবিধা যেন তারা পান, সেটিই আমাদের প্রচেষ্টা। এই রিভার ক্রুজ সেই ধারাবাহিকতারই অংশ।
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও ডিরেক্টর তারেক হাসান খান বলেন, সেবাই আমাদের ধর্ম। আমরা একটি পরিবার। এই আয়োজন আমাদের ভালোবাসা ও শ্রদ্ধার বহিঃপ্রকাশ।
ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় রিভার ক্রুজের। যেখানে উপস্থিত ছিলেন ডা. নার্গিস রহমানসহ কয়েকজন প্রবীণ ব্যক্তিত্ব। শিপ ছাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীরা উপভোগ করতে থাকেন ইস্ট রিভারের মনোরম দৃশ্যপট, ছবি তোলায় ব্যস্ত হয়ে পড়েন অনেকেই।
শিপ হাডসন রিভারে পৌঁছানোর পর পরিবেশন করা হয় সিজনাল ফল, বাচ্চাদের জন্য ছিল চিপস ও স্ন্যাকস। গানের তালে তালে এগিয়ে চলে শিপ, আর মঞ্চ মাতাতে থাকেন স্বনামধন্য শিল্পীরা। রিজিয়া পারভীন, কামরুজ্জামান বকুল, শিমুল খান, রন্টি দাসসহ অনেকেই উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন। বিশেষ করে রিজিয়া পারভীনের পরিবেশনা সবার হৃদয় ছুঁয়ে যায়।
অনুষ্ঠানে নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি সদস্য জেনিফার রাজকুমারের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয় অলকাউন্টি হেলথ কেয়ারের প্রোগ্রাম ডিরেক্টর মুনিরা মহিউদ্দীন ও অ্যাডমিন অফিসার সিফা আমিনকে। তার চিফ অব স্টাফ এই সম্মাননা তুলে দেন।
দুপুরে পরিবেশিত হয় নানা স্বাদের বাঙালি খাবার, যা নবীন ও প্রবীণ সবার মাঝে আনন্দের জোয়ার তোলে। পাঁচ ঘণ্টার রিভার ক্রুজ শেষে অংশগ্রহণকারীরা জানান, এই আয়োজন তাদের মনে এক অনন্য প্রশান্তি এনেছে। এক প্রবীণ বলেন, এই আয়োজন শুধু আনন্দ দেয়নি, আমাদের একাকীত্বকেও দূর করেছে। আমরা অলকাউন্টির সার্বিক সাফল্য কামনা করি।
অবশেষে, সন্ধ্যায় শিপটি এসে নোঙর করে ওয়ার্ল্ড ফেয়ার মেরিনার জেটিতে। প্রবীণ থেকে নবীন—সব বয়সী মানুষের জন্যই দিনটি হয়ে উঠেছিল এক স্মরণীয় অভিজ্ঞতা।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন