https://www.prothomalony.com/
14037
new-york
স্কুল বন্ধ থাকলেও নিউইয়র্কের হাজারো শিশুর পাতে থাকছে পুষ্টিকর খাবার। গ্রীষ্মকালীন ছুটিতে শিশুদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে রাজ্যজুড়ে শুরু হয়েছে বিভিন্ন বিনামূল্যে খাবার বিতরণ কর্মসূচি।
যুক্তরাষ্ট্রের আদমশুমারি অনুযায়ী, নিউইয়র্কে ১৯ শতাংশ শিশু দারিদ্র্যসীমার নিচে বাস করে। যা জাতীয় গড়ের ১৬% চেয়ে তিন শতাংশ বেশি। অ্যালবানি, বাফেলো এবং সিরাকিউজ শহরে এই হার আরও উদ্বেগজনক।
এই বাস্তবতায় সিরাকিউজ সিটি স্কুল ডিস্ট্রিক্টে সোমবার থেকে শুরু হয়েছে "সামার মিল প্রোগ্রাম"। যা সপ্তাহে দুই দিন—সোমবার ও শুক্রবার ১৮ বছরের কম বয়সী শিশুদের জন্য বিনামূল্যে প্রাতঃরাশ ও মধ্যাহ্নভোজ সরবরাহ করছে।
পুষ্টি বিভাগ পরিচালক র্যাচেল ভিয়েনস বলেন, আমরা চাই শিশুরা পুরো বছরজুড়ে সুষম খাবার পাক। গ্রীষ্মে স্কুল বন্ধ থাকলেও যেন তাদের পুষ্টি থেকে বঞ্চিত না হতে হয়।
মেন্যুতে থাকছে শিশুদের প্রিয় খাবার হ্যামবার্গার, হটডগ ও চিকেনের সাথে তাজা ফল ও সবজি, যেমন আপেল, কমলা, গাজর ও তরমুজ।
সিরাকিউজ পার্কস অ্যান্ড রিক্রিয়েশন কমিশনার সায়েশা বায়ার্ড বলেন, আমি নিজেও এই কর্মসূচির উপকারভোগী ছিলাম। মা আমাদের তিন ভাইবোনকে নিয়ে প্রতিদিন খাবার খাওয়াতে নিয়ে যেতেন। এখন আমি এই উদ্যোগের অংশ হতে পেরে গর্বিত।
এদিকে রাজ্যজুড়ে ‘সামার ফুড সার্ভিস প্রোগ্রাম’র আওতায় ২ হাজার ৫০০ স্থানে অন্তত ২ কোটি খাবার বিতরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন