https://www.prothomalony.com/
14008
new-york
নিউইয়র্কে প্রাপ্তবয়স্কদের মধ্যে গাঁজার নিয়মিত ব্যবহারের হার উল্লেখযোগ্য হারে বেড়েছে। রাজ্যের স্বাস্থ্য বিভাগের সাম্প্রতিক এক প্রতিবেদনে উঠে এসেছে, ২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে গাঁজার নিয়মিত ব্যবহার প্রায় ১৭ শতাংশ বেড়েছে। এই পরিস্থিতিকে কেন্দ্র করে রাজ্যজুড়ে গাঁজার পাবলিক সেবনে নতুন করে বিধিনিষেধ আরোপের দাবি জোরালো হচ্ছে।
প্রতিবেদনে বলা হয়েছে, নিউইয়র্কের প্রায় ১৪.৭ শতাংশ প্রাপ্তবয়স্ক গত এক মাসে গাঁজা ব্যবহার করেছেন, যাদের প্রায় অর্ধেকই এটি প্রায় প্রতিদিনই গ্রহণ করেন। সবচেয়ে বেশি ব্যবহার লক্ষ্য করা গেছে ২১-২৪ বছর বয়সীদের মধ্যে। এছাড়া, এলজিবিটিকিউ+ সম্প্রদায়ের সদস্যদের মধ্যে গাঁজার ব্যবহার অন্যান্য গোষ্ঠীর তুলনায় দ্বিগুণ।
গাঁজা বিরোধী সংগঠন স্মার্ট এপরোচেচ টু মারিজুয়েনা’র প্রেসিডেন্ট কেভিন সাবেট বলেন, প্রতিদিনের ব্যবহারে ৩০ শতাংশ বৃদ্ধি সাধারণ কোনো ব্যাপার নয়। তিনি আশঙ্কা প্রকাশ করেন, গাঁজার ধোঁয়া দীর্ঘমেয়াদে ফুসফুস ও স্মৃতিশক্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
সাবেট প্রশ্ন তোলেন, যেখানে তামাক সেবনের ক্ষেত্রে পাবলিক প্লেসে কড়া নিষেধাজ্ঞা রয়েছে, সেখানে গাঁজার ব্যবহার কীভাবে ছাড় পাচ্ছে? তিনি মনে করেন, রাজ্য সরকার রাজস্ব আয়ের কথা চিন্তা করে জনস্বাস্থ্যের বিষয়টিকে উপেক্ষা করছে।
এদিকে, চিকিৎসা গাঁজার ওপর কর মওকুফের দাবি জানিয়েছেন ক্যানাবিস আইনজীবী কেটি নিঅর। তার মতে, গাঁজাকে ওষুধ হিসেবে বিবেচনা করে কর প্রত্যাহার করা হলে একজন রোগীর বছরে ২০০ থেকে ৫০০ ডলার পর্যন্ত সাশ্রয় হতে পারে।
রাজ্য আইনসভা সম্প্রতি একটি বিল পাস করেছে, যার ফলে অন্য রাজ্য থেকে আগত চিকিৎসা গাঁজা ব্যবহারকারীরা নিউইয়র্কে পণ্য কিনতে পারবেন। বিলটি বর্তমানে গভর্নর ক্যাথি হোচুলের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
গাঁজার সঠিক ব্যবহার, নিরাপদ সংরক্ষণ এবং তরুণদের ঝুঁকি নিয়ে রাজ্য স্বাস্থ্য বিভাগ ও অফিস অফ ক্যানাবিস ম্যানেজমেন্ট যৌথভাবে জনসচেতনতামূলক প্রচারণা চালাচ্ছে। তবে, বিশেষজ্ঞরা মনে করছেন, পাবলিক সেবনের ওপর স্পষ্ট নির্দেশনা ও নিয়ন্ত্রণ ছাড়া গাঁজার ব্যবহার জনস্বাস্থ্যের জন্য বড় হুমকিতে পরিণত হতে পারে।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন