https://www.prothomalony.com/
13963
new-york
প্রকাশ: ০১ জুলাই ২০২৫ ০৮:৩৭
২০২৬ সালের নিউইয়র্ক গভর্নর নির্বাচন সামনে রেখে প্রার্থী নির্বাচন নিয়ে রিপাবলিকানদের মধ্যে কংগ্রেসওমেন এলিস স্টেফানিক সবচেয়ে এগিয়ে থাকলেও, সাধারণ ভোটারদের সমর্থনে গভর্নর ক্যাথি হোকুল এখনও অনেক এগিয়ে আছেন। সম্প্রতি সিয়েনা কলেজ পরিচালিত এক জরিপে এমন চিত্র উঠে এসেছে।
জরিপ অনুযায়ী, রিপাবলিকান ভোটারদের মধ্যে স্টেফানিকের প্রতি সমর্থন অন্য সম্ভাব্য প্রার্থীদের চেয়ে অনেক বেশি। যদিও তিনি কিংবা অন্য কেউ এখনো প্রার্থিতা ঘোষণা করেননি। তবে স্টেফানিকের জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতা দলীয় ভিতরে স্থিতিশীল রয়েছে। তবুও প্রায় ৪০ শতাংশ রিপাবলিকান ভোটার এখনও সিদ্ধান্তহীন।
অন্যদিকে, বর্তমান গভর্নর ক্যাথি হোকুল ডেমোক্রেট দলের মনোনয়ন দৌড়ে সবার চেয়ে এগিয়ে রয়েছেন। ডেমোক্রেট ভোটারদের একটি বড় অংশ এখনই তাকে সমর্থন করছেন। তবে হোকুলের জনপ্রিয়তা সামান্য কমেছে এবং ভোটারদের একটি বড় অংশ এখনও মনে করছেন, রাজ্যে নতুন নেতৃত্ব প্রয়োজন।
তবে তিনজন সম্ভাব্য রিপাবলিকান প্রতিদ্বন্দ্বীর সঙ্গেই হোকুলের ব্যবধান বেশ স্পষ্ট। যদিও তিনি শতভাগ ভোটার সমর্থন অর্জন করতে পারেননি। তবুও তার প্রতিপক্ষদের চেয়ে তিনি অনেক বেশি জনপ্রিয় এবং গ্রহণযোগ্য অবস্থানে রয়েছেন।
জরিপে আরও উঠে এসেছে, সাম্প্রতিক সময়ে নিউইয়র্কে পাস হওয়া বিভিন্ন আইন; বিশেষ করে চিকিৎসকের সহায়তায় মৃত্যুর অধিকার আইন, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে স্বচ্ছতা, কারাগারে নজরদারি বৃদ্ধি এবং ভোক্তা অধিকার সংক্রান্ত আইনগুলো ভোটারদের মধ্যে ব্যাপক সমর্থন পেয়েছে। এই আইনগুলোতে সব বয়স ও ধর্মীয় গোষ্ঠীর মধ্যে সমর্থনের প্রবণতা প্রায় অভিন্ন।
প্রসঙ্গত, সিয়েনা কলেজ জরিপটি ২৩ থেকে ২৬ জুনের মধ্যে ৮০০ নিবন্ধিত ভোটারের ওপর পরিচালিত হয়। এই জরিপে রাজ্যের সামগ্রিক রাজনৈতিক মনোভাব ও আসন্ন নির্বাচনী লড়াইয়ের পূর্বাভাস মিলেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন