https://www.prothomalony.com/

13858

new-york

নিউইয়র্ক

নিউইয়র্কে অভিবাসী কর্মীদের অধিকার ও সুরক্ষা নিয়ে নগর প্রশাসনের গোলটেবিল বৈঠক

প্রকাশ: ২৪ জুন ২০২৫ ০৬:৫৫

নিউইয়র্কে অভিবাসী কর্মীদের অধিকার ও সুরক্ষা নিয়ে নগর প্রশাসনের এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে অভিবাসী কর্মীদের অধিকার, নিরাপত্তা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সোমবার(২৩ জুন) নিউইয়র্ক শহরের অভিবাসনবিষয়ক মেয়র দপ্তর (এমওআইএ), ভোক্তা ও কর্মী সুরক্ষা দপ্তর (ডিসিডাব্লিউপি), নগর ভবন বিভাগ (ডিওবি) এবং জলবায়ু ও পরিবেশগত ন্যায়বিচার দপ্তর (এমওসিইজে) যৌথভাবে এই আলোচনার আয়োজন করে।

গোলটেবিল আলোচনায় শহরের শীর্ষস্থানীয় কর্মকর্তারা ও বিভিন্ন জাতিগোষ্ঠীর গণমাধ্যম প্রতিনিধিরা অংশ নেন। আলোচনায় মূলত অভিবাসী ও প্রান্তিক জনগোষ্ঠীর কর্মীরা যে বাধাবিপত্তির মুখে পড়েন তা উঠে আসে। সেই সাথে সেগুলো মোকাবিলায় কীভাবে সচেতনতা বৃদ্ধি করা যায় এবং কীভাবে তাদের নিরাপদ ও ন্যায়ভিত্তিক কর্মপরিবেশ নিশ্চিত করা যায়—সে বিষয়ে আলোকপাত করা হয়।

অভিবাসনবিষয়ক মেয়র দপ্তরের কমিশনার ম্যানুয়েল কাস্ত্রো বলেন, আমাদের অভিবাসী শ্রমিকরাই শহরের শ্রমবাজারের মেরুদণ্ড। তাদের অধিকার সম্পর্কে সচেতন করা ও কর্মস্থলকে নিরাপদ রাখা আমাদের অগ্রাধিকার।

জলবায়ু ও পরিবেশগত ন্যায়বিচার দপ্তরের নির্বাহী পরিচালক এলিয়াহ হাচিনসন জানান, প্রতি বছর তাপজনিত অসুস্থতায় ৫০০-র বেশি নিউইয়র্কার মারা যান। জলবায়ু পরিবর্তনের প্রেক্ষিতে ব্রঙ্কস ও কুইন্সে অস্থায়ী কুলিং স্টেশন চালু করার মাধ্যমে বহিরাগত শ্রমিকদের রক্ষা করতে আমরা কাজ করছি।

ভোক্তা ও কর্মী সুরক্ষা দপ্তরের কমিশনার ভিলদা ভেরা মায়ুগা বলেন, নতুন আগত শ্রমিকদের অধিকার সম্পর্কে অবগত করাই প্রথম পদক্ষেপ। এমওআইএ-এর এই উদ্যোগের সঙ্গে একযোগে কাজ করতে পেরে আমরা গর্বিত।

নগর ভবন বিভাগের সহকারী প্রধান কার্লোস সাভেদ্রা জানান, নগরীর নির্মাণ শিল্প অভিবাসীদের জন্য দীর্ঘদিন ধরেই একটি গুরুত্বপূর্ণ পেশাগত ক্ষেত্র। ডিওবি-এর মাধ্যমে আমরা সমানভাবে আইন প্রয়োগ করে সব কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সচেষ্ট।

অনুষ্ঠানে এমওআইএ তাদের ‘নো ইয়োর রাইটস’ নামক তথ্যপত্র তুলে ধরে। যেখানে অভিবাসীদের জন্য জরুরি নির্দেশনা রয়েছে—বিশেষত যদি ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস) কর্মস্থলে প্রবেশ করে। ডিসিডাব্লিউপি তাদের সর্বশেষ ‘ওয়ার্কার্স বিল অব রাইটস’ উপস্থাপন করে, যাতে নগর, রাজ্য ও ফেডারেল স্তরে কর্মীদের অধিকার সংক্রান্ত তথ্য তুলে ধরা হয়েছে।

ডিওবি জানায়, তাদের বার্ষিক নির্মাণ নিরাপত্তা প্রতিবেদনে দেখা গেছে, ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে কর্মক্ষেত্রে আঘাতপ্রাপ্তের হার ৩০ শতাংশ কমেছে। অন্যদিকে এমওসিইজে কর্মীদের চরম তাপপ্রবাহ মোকাবিলায় প্রস্তুতির জন্য একটি ‘নেইবারহুড রিসোর্স গাইড’ প্রকাশ করেছে।

এই আলোচনা অভিবাসী কর্মীদের নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মন্তব্য করেছেন উপস্থিত সকলে।

নিউইয়র্ক থেকে আরো পড়ুন