https://www.prothomalony.com/
13837
new-york
স্বপ্ন দেখতে সাহস লাগে। আর সেই স্বপ্নকে বাস্তব করতে লাগে নির্ভরতার হাত। এমডি জামানের 'সাকসেস কেরিয়ার কনসাল্টিং' ঠিক এমনই এক নির্ভরতার নাম হয়ে উঠেছে নিউইয়র্কের প্রবাসী বাংলাদেশিদের জন্য।
জামানের গল্পটা ছোট করে বলার নয়। স্বদেশের প্রতি মায়া, প্রবাসীদের জন্য কিছু করার তাগিদ, আর অবিরাম পরিশ্রমের সমন্বয়েই গড়ে উঠেছে তার এই প্রতিষ্ঠান। নিউইয়র্কের চাকরির বাজার, বিশেষ করে ব্লু-কালার জব সেক্টরে যারা এক সময় ছিল ভাষার বাধা, অজ্ঞতার ভয় আর আত্মবিশ্বাসের ঘাটতিতে হারিয়ে যেতে বসেছিল—তাদের জন্য এই প্রতিষ্ঠান এখন এক নির্ভরতার আশ্রয়।
সম্প্রতি জ্যাকসন হাইটসের এক প্রাণবন্ত অনুষ্ঠানে মিলিত হয়েছিলেন এমডি জামান, তার প্রতিষ্ঠানের সহযাত্রীগণ এবং যারা তার সহযোগিতায় জীবনের মোড় ঘুরিয়েছেন, এমন সফল চাকরিপ্রাপ্ত অভিবাসীরা। কেউ পেয়েছেন এনওয়াইপিডির চাকরি, কেউ সরকারি কোন বিভাগে কাজের সুযোগ, কেউ আবার শহরের পরিবহন দপ্তরে। তারা বলছিলেন—"আমরা শুধু চাকরি পাইনি, পেয়েছি আত্মবিশ্বাস, পেয়েছি স্বপ্ন দেখার সাহস।"
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিউনিটির প্রভাবশালী ব্যক্তিত্বরা। প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ, শিক্ষাবিদ প্রফেসর ড. গোলাম মাতবর, প্রথম আলো উত্তর আমেরিকার সম্পাদক ইব্রাহীম চৌধুরী খোকন, সিপিএ জাকির চৌধুরীসহ অনেকেই জামানের উদ্যোগের প্রশংসা করে বলেন—এমন সেবামূলক প্রতিষ্ঠান অভিবাসী বাংলাদেশিদের জন্য এক মূল্যবান সংযোজন।
অনুষ্ঠানের আবহটাই ছিল আলাদা। একে অন্যের সাফল্যের গল্প শোনা, হাসিমুখে কৃতজ্ঞতার জানান, আর সহানুভূতির এক অপূর্ব বন্ধন। যেন একটাই কথা—স্বপ্ন একা দেখা যায় না, স্বপ্ন পূরণের জন্য পাশে দরকার একজন 'জামান'।
অনুষ্ঠানে এমডি জামান নিজের জীবন সংগ্রামের কথা বলতে গিয়ে বলেন, "আমি আমার মতো করে চেষ্টা করি, যেন আমার মতো মানুষগুলো পথ খুঁজে পায়। স্বপ্ন দেখার সাহস পায়।"
জামানের এই পথচলা কোনোদিন থামবে না। তিনি জানেন, একেকটা সফল মানুষ মানে একটা পরিবারে আলো জ্বলা। তার চোখে মুখে ছিল সেই অনন্ত প্রশ্ন—"আর কাকে সাহায্য করতে পারি?"
'সাকসেস কেরিয়ার কনসাল্টিং' শুধু একটি প্রতিষ্ঠান নয়, এটি হয়ে উঠেছে প্রবাসে স্বপ্ন দেখার সাহসীদের নির্ভরতার গল্প। যেখানে একজন মানুষের স্বপ্নের সঙ্গে জড়িয়ে আছে পুরো কমিউনিটির এগিয়ে চলা।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন