https://www.prothomalony.com/

13826

new-york

নিউইয়র্ক

নিউইয়র্কে মুসলিম মেয়র প্রার্থী মামদানিকে হত্যার হুমকি

প্রকাশ: ২১ জুন ২০২৫ ১৩:০৬

নিউইয়র্ক সিটির ইতিহাসে প্রথম মুসলিম মেয়র প্রার্থী জোহরান মামদানিকে গাড়ি বোমা বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছে। ৩৩ বছর বয়সী এই তরুণ প্রার্থীকে গত বুধবার একটি ভয়েস মেইলে অজ্ঞাতপরিচয় এক যুবক হত্যার হুমকি দেন। এতে তাকে ‘সন্ত্রাসবাদী’ বলে অভিহিত করা হয় এবং বলা হয়, আপনার গাড়ি চালু করুন এবং দেখুন কী হয়।

নিউইয়র্ক পুলিশ জানিয়েছে, তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে এবং হেট ক্রাইম ইউনিট ইতিমধ্যে তদন্ত শুরু করেছে।

পুলিশ আরও জানায়, মামদানির প্রচারণা অফিস গত মার্চ থেকে অন্তত চারটি ভয়েস মেইল পেয়েছে, যাতে মুসলিমবিদ্বেষী হুমকি দেওয়া হয়েছে। মামদানি একজন উগান্ডা-জন্মসূত্রে মার্কিন নাগরিক এবং নিউইয়র্কের কুইন্স থেকে এসেম্বলি সদস্য।

তাঁর মুখপাত্র বলেন, মামদানির কোনো গাড়ি নেই, কিন্তু বারবার হুমকিদাতার সহিংস ভাষা আমাদের উদ্বিগ্ন করেছে। আমরা সব ধরনের সতর্কতা নিচ্ছি। রাজনীতিতে হিংসা ও ঘৃণার কোনো স্থান নেই।

ডেমোক্র্যাটিক দলের প্রাইমারি নির্বাচন অনুষ্ঠিত হবে ২৪ জুন। যেখানে মামদানি নিউইয়র্কের সাবেক গভর্নর এন্ড্রু কুমো এবং সিটি কম্পট্রোলার ব্রাড ল্যান্ডারের মুখোমুখি হচ্ছেন। ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থীই মূলত শেষ নির্বাচনে জয়ী হন বলে ধরে নেওয়া হয়।

ইতোমধ্যে জনমত জরিপে মামদানি ও কুমোর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত মিলেছে। হুমকির ঘটনার পর মামদানি আবেগপ্রবণ কণ্ঠে বলেন, আমি ইহুদি বিদ্বেষ ও হিংসার রাজনীতি প্রত্যাখ্যান করি। আমার পরিবার ও আমার নিরাপত্তা নিয়ে এমন হুমকি শুধু আমার নয়, গোটা সম্প্রদায়ের ওপর আঘাত।

 

 

নিউইয়র্ক থেকে আরো পড়ুন