https://www.prothomalony.com/

13814

new-york

নিউইয়র্ক

নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বার্ষিক বনভোজন

বর্ষণমুখর দিনে প্রাণবন্ত আয়োজন

প্রকাশ: ১৯ জুন ২০২৫ ০৬:২১

বৃষ্টিভেজা আবহাওয়ার মাঝেও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বার্ষিক বনভোজন। শনিবার (১৪ জুন) ব্রঙ্কসের গ্রিন আইল্যান্ড পার্কে আয়োজিত এ অনুষ্ঠানে নিউইয়র্ক ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে প্রবাসী সাংবাদিক, ব্যবসায়ী, শিল্পপতি, পেশাজীবী ও কমিউনিটি নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক অতিথির অংশগ্রহণে মুখর হয়ে ওঠে বনভোজনস্থল।

সকালে ঠান্ডা ও বৃষ্টির কারণে আবহাওয়া অনুকূলে না থাকলেও, দুপুরের পরই ক্লাব সদস্য ও আমন্ত্রিত অতিথিদের পদচারণায় প্রাণ ফিরে পায় পুরো আয়োজন। ক্লাব সভাপতি মনোয়ারুর ইসলাম ও সাধারণ সম্পাদক মমিন মজুমদার অতিথিদের শুভেচ্ছা জানান।

সকালের নাস্তার পর দুপুরে শুরু হয় মূল অনুষ্ঠান। প্রেসক্লাবের উপদেষ্টা আনোয়ার হোসাইন মঞ্জু বনভোজন উপলক্ষে প্রকাশিত ‘ভয়েস’ স্যুভেনির উন্মোচন করেন। এরপর একগুচ্ছ বেলুন উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ক্লাবের সাবেক সভাপতি ডা. ওয়াজেদ এ খান ও আবু তাহের।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের ও প্রবাসের বিভিন্ন পর্যায়ের গণমাধ্যম ব্যক্তিত্ব, সম্পাদক ও সাংবাদিকরা। উপস্থিতদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক ড. এসএম শামীম রেজা, নাজমুল আহসান, মোহাম্মদ সাঈদ, মঞ্জুরুল হক, শওকত ওসমান রচি, শামীম আহমেদ, বেলাল আহমেদ, হাকিকুল ইসলাম খোকন, মোহাম্মদ কাশেম, আবু বকর সিদ্দিক, সাখাওয়াত হোসেন সেলিমসহ আরও অনেকে।

ক্লাব কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন উপদেষ্টা ডা. চৌধুরী সারোয়ারুল হাসান, এবিএম সালেউদ্দিন, ইব্রাহীম চৌধুরী খোকন, ডা. ইমরান আনসারী, সুলতানা রহমান, জামিল আনসারী প্রমুখ। নবাগত সদস্যদের মধ্যেও বক্তব্য রাখেন ফাহমিদা লিনা, শেখ শফিকুর রহমান ও শরিফুল ইসলাম।


কমিউনিটির অতিথি বক্তাদের মধ্যে ছিলেন বাংলাদেশ সোসাইটির মহিউদ্দিন দেওয়ান, ফখরুল ইসলাম দেলোয়ার, আলহাজ সোলায়মান ভূঁইয়া, জয়নাল আবেদীন, রোকন হাকিম, সালেহ আহমেদ সাল, তোফায়েল চৌধুরী লিটন, নূরুল আজিম, মোহব্বত আকন্দ, ফারিহা আক্তারসহ আরও অনেকে।

দুপুরে পরিবেশিত হয় মতিন রেস্টুরেন্টের দেশীয় খাবারে মধ্যাহ্নভোজ। বিকেলে ছিলো প্রবাসী শিল্পীদের পরিবেশনায় সঙ্গীতানুষ্ঠান, যেখানে গান পরিবেশন করেন কৃষ্ণা তিথি, মরিয়ম মারিয়া ও নিপা জামান।
বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন চৌধুরী মোহাম্মদ কাজল। দিনব্যাপী এই আয়োজনে রাফেল ড্র এবং পুরস্কার বিতরণীর মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয়।

রাফেল ড্র-এর স্পন্সর ছিলেন এটর্নি মঈন চৌধুরী, গিয়াস আহমেদ, তোফায়েল চৌধুরী ও সালেহ আহমেদ সাল। ক্লাবের আয়োজনে বিশেষ ভূমিকা রাখেন যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন সরকার, রশীদ আহমদ, সৈয়দ ইলিয়াস খসরু, মাহাথীর ফারুকীসহ ক্লাবের অন্যান্য সদস্যরা।

বনভোজনটি ছিল শুধু একটি পারিবারিক আনন্দ আয়োজনই নয়, বরং নিউইয়র্কের প্রবাসী সাংবাদিকদের ঐক্য, সহযোগিতা ও সংস্কৃতির সম্মিলিত রূপ।

নিউইয়র্ক থেকে আরো পড়ুন