https://www.prothomalony.com/
13762
new-york
প্রকাশ: ১৬ জুন ২০২৫ ০০:০৩
নিউইয়র্কের বাঙালি অভিবাসী ভোটাররা জোহরান মামদানিকে এক নম্বর অবস্থানে রাখতে দৃঢ় প্রতিজ্ঞ। সিটি মেয়র প্রাইমারি নির্বাচনের আগে বাঙালি ভাড়াটিয়ারা একজোট হচ্ছেন মামদানির পক্ষে।
মামদানির এই জনপ্রিয়তার পেছনে আছে কয়েক মাসের ঘাম ঝরানো কাজ।’ড্রাম বিটস’ ও ’ক্যাভ ভয়েস' এর নেতৃত্বে এস্টোরিয়া, উডসাইড, সানিসাইড, জ্যামাইকা সহ শ্রমজীবী এবং অভিবাসী অধ্যুষিত এলাকাগুলিতে বাঙালি ভোটারদের সংগঠিত করা হয়েছে। এখন, মামদানির প্রতি সমর্থনে এশীয় অভিবাসীরা শহরের সকল গোষ্ঠীর মধ্যে এগিয়ে।
ক্যাভ ভয়েস'এর চ্যাপ্টার এস্টোরিয়া ভাড়াটিয়া ইউনিয়নের প্রধান সংগঠক ফারিহা আক্তার বলেন, “অ্যাস্টোরিয়া থেকে উডসাইড পর্যন্ত বাঙালি শ্রমজীবী ভাড়াটিয়ারা মামদানির পাশে। শিক্ষার্থী, অভিভাবক, ডেলিভারি কর্মী, অবসরপ্রাপ্ত ট্যাক্সি চালক—সবার লড়াই একটাই—ভাড়া নিয়ন্ত্রণ।”
ক্যাভ ভয়েস বলছে, রিয়েল এস্টেট বিলিয়নিয়াররা অ্যান্ড্রু কুওমোকে ব্যবহার করে ভাড়া বাড়ানোর ও অভিবাসীদের উচ্ছেদ করার চক্রান্ত করছে। মামদানিকে নির্বাচিত করা মানে—একটা এমন সিটি হল গড়া, যেখানে শ্রমজীবী এবং অভিবাসীদের কণ্ঠস্বর গুরুত্ব পাবে।
মামদানির প্রধান নির্বাচনী অঙ্গীকার—চার বছরের জন্য ভাড়া ফ্রিজ—অ্যাস্টোরিয়া এবং কুইন্সের শ্রমজীবী ভোটারদের কাছে সবচেয়ে বড় কারণ হয়ে উঠেছে। এই এলাকাগুলিতে ভাড়ার বাজার লাগামছাড়া—মাঝারি ইউনিটের ভাড়া গড়ে ৩,৪০০ ডলার ছুঁয়েছে। অথচ, ভাড়া-স্থিতিশীল বাসিন্দারা গত তিন বছর ধরে টানা ভাড়া বৃদ্ধির শিকার। নিউইয়র্ক সিটিতে ইতিমধ্যে ১৩,০০০ এর বেশি মানুষ ভাড়া ফ্রিজের দাবিতে স্বাক্ষর করেছেন। সাম্প্রতিক জরিপ বলছে, শহরের ৭৮ শতাংশ ভোটার ভাড়া ফ্রিজ চান।
বর্তমানে মামদানি রিয়েল এস্টেটপন্থী এবং ইসরায়েলপন্থী প্রার্থী অ্যান্ড্রু কুওমোর থেকে চার পয়েন্টে এগিয়ে। কুওমোই একমাত্র ডেমোক্রেট প্রার্থী যিনি ভাড়া ফ্রিজের পক্ষে নন। ক্যাভ ভয়েস বাঙালি ভোটারদের পরামর্শ দিয়েছে—কুওমোকে ভোটের র্যাঙ্কিং-এ না রাখার জন্য। উদ্দেশ্য—শহরের রাজনীতি থেকে রিয়েল এস্টেট কোটিপতি এবং এআইপ্যাকের মতো ইহুদি জাতীয়তাবাদী লবির প্রভাব কমানো।
ক্যাভ ভয়েস, ড্রাম বিটস এবং নিউইয়র্ক কমিউনিটিজ ফর চেঞ্জ —মামদানির প্রচারণার প্রথম দিকের সমর্থক। এরা ভাড়াটিয়াদের নেতৃত্বে প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া চালিয়েছে।
ক্যাভ ভয়েস' দীর্ঘদিন ধরে নিউ ইয়র্কের ভূমি লোভী ডেভেলপারদের বিরুদ্ধে লড়াই করছে। ২০১৯ সালে তারা অ্যামাজন HQ2-কে কুইন্স থেকে তাড়িয়েছিল। ২০২২ সালে মাল্টি-বিলিয়ন ডলারের Innovation QNS প্রকল্পে তারা সাফল্য পেয়েছে—প্রকল্পের ৪০ শতাংশ ইউনিট “সাশ্রয়ী” করতে বাধ্য করা হয়েছে। এবারের লড়াই মামদানির মাধ্যমে শহরজুড়ে ভাড়া ফ্রিজ নিশ্চিত করার—যা নিউ ইয়র্কের ভাড়াটিয়া আন্দোলনের এক নতুন অধ্যায়।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন