https://www.prothomalony.com/
13744
new-york
নিউইয়র্কের সানাই পার্টি হলে ১১ জুন অনুষ্ঠিত হলো বায়োস্কপ ফিল্মস পরিবেশিত ‘তান্ডব’ চলচ্চিত্রের প্রেসমিট। এবারের ঈদে মুক্তি পাওয়া এ ছবিটি বায়োস্কপ ফিল্মসের ৫০তম পরিবেশনা হওয়ায় বিশেষ গুরুত্বের সঙ্গে উদযাপন করে প্রতিষ্ঠানটি।
প্রেসমিটে যুক্তরাষ্ট্রে ছবির পরিবেশনার সঙ্গে সংশ্লিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের উপস্থিতিতে কেক কেটে এ সাফল্য উদযাপন করেন বায়োস্কপ টিম। অনুষ্ঠানে বায়োস্কপ ফিল্মসের কর্ণধার রুবনা রশীদ খান বলেন, ৫০তম পরিবেশনা আমাদের জন্য একটি বড় অর্জন। এই যাত্রায় শাকিব খানের মতো সুপারস্টারের চলচ্চিত্র থাকায় আমরা সম্মানিত বোধ করছি।
এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোলাহলের কর্ণধার তানভীর তারেক, মডেল ও অভিনেত্রী মিলা হোসেন, নির্মাতা পিয়াল হোসেন এবং ইউটিউবার এফএ ফারজানা আকতার। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক শামীম আল হাসান।
প্রসঙ্গত, রায়হান রাফি পরিচালিত ‘তান্ডব’ ছবিটি ১৩ জুন থেকে নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, শিকাগো, বস্টন, টরন্টো, রোম, স্টকহোমসহ ইউরোপ, আমেরিকা ও কানাডার ৬০টিরও বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।
এই ছবিতে শাকিব খানের পাশাপাশি রয়েছেন জয়া আহসান, আফজাল হোসেন, সিয়াম আহমেদ, সাবিলা নূরসহ একঝাঁক তারকা। ছবির কাহিনি নির্মিত হয়েছে একটি টিভি চ্যানেলে হামলার ঘটনা ঘিরে। চিত্রনাট্যে ছিলেন আদনান আদিব খান ও পরিচালক রায়হান রাফি নিজেই।
চিত্রপ্রেমীদের জন্য এটি শুধু একটি ছবি নয়, বরং দেশের চলচ্চিত্রের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। বায়োস্কপ ফিল্মসের ৫০তম পরিবেশনা হিসেবে ‘তান্ডব’ তাই ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন