https://www.prothomalony.com/
13669
new-york
প্রকাশ: ০৫ জুন ২০২৫ ১৫:০৯
নিউইয়র্ক স্টেটজুড়ে মুসলিম কমিউনিটির অধিকার ও মর্যাদা সুরক্ষায় ৮ দফা দাবি উত্থাপন করেছে বাংলাদেশি আমেরিকান অ্যাডভোকেসি গ্রুপ। সম্প্রতি রাজ্যের রাজধানী আলবেনিতে অনুষ্ঠিত 'অ্যাডভোকেসি ডে' উপলক্ষে সংগঠনটির একটি প্রতিনিধি দল স্টেট সিনেটর ও অ্যাসেম্বলিম্যানদের সঙ্গে সাক্ষাৎ করে এসব দাবি জোরালোভাবে তুলে ধরে।
গত ২ জুন জ্যাকসন হাইটস শেফ মহাল রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনের আযোজন করা হয়। সংবাদ সম্মেলনে সংগঠনটি সভাপতি জয়নাল আবেদিন ও সাধারণ সম্পাদক সাহানা মাসুম এসব তথ্য জানান ।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, নিউইয়র্ক সিটির বাইরে ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিনে স্কুলে ছুটি ঘোষণার দাবিই ছিল এবার তাদের অন্যতম প্রধান এজেন্ডা। তারা বলেন, নিউইয়র্ক সিটিতে ঈদের ছুটি কার্যকর থাকলেও স্টেটজুড়ে এখনও এই ছুটি বাস্তবায়িত হয়নি। যা মুসলিম ছাত্রছাত্রী ও অভিভাবকদের প্রতি এক ধরনের বৈষম্য তৈরি করছে।
প্রতিনিধি দলটি আরও জানায়, মুসলিম শিক্ষার্থীদের কলেজ ও বিশ্ববিদ্যালয়ে নানা ধরনের হয়রানির মুখে পড়তে হচ্ছে। তাদের বাকস্বাধীনতা রক্ষায় প্রয়োজনীয় আইন প্রণয়নের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি মুসলিম নারীদের হিজাব পরার কারণে যেসব হয়রানির ঘটনা ঘটে, তা রোধে কঠোর আইন প্রয়োজন বলেও মত দেন নেতারা।
অভিবাসী সুরক্ষা নিয়েও উদ্বেগ প্রকাশ করে অ্যাডভোকেসি গ্রুপ। তারা বলেন, মুসলিম অভিবাসীদের গণহারে দেশে ফেরত পাঠানো বা নানা হয়রানিমূলক পদক্ষেপের বিরুদ্ধে আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে। একইসঙ্গে ব্যাংকিং সেবায় মুসলমানদের প্রতি যে বৈষম্য বা অসুবিধা তৈরি হয়, তা প্রতিরোধে 'ব্যাংকিং বিল অফ রাইটস' কার্যকর করার দাবি জানান তারা।
এছাড়া শিক্ষা ও বৈচিত্র্য সংক্রান্ত একটি নতুন আইন বাস্তবায়নের পাশাপাশি স্কুল ও কলেজে মুসলিম শিক্ষক ও স্টাফ নিয়োগেও সমতা ও অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
এই দাবিগুলোর পক্ষে জনমত গঠনে এবং মুসলিমদের সাংবিধানিক অধিকার আদায়ে বাংলাদেশি আমেরিকান অ্যাডভোকেসি গ্রুপ নিয়মিত কাজ করে যাচ্ছে বলে জানান সংগঠনের নেতারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সার্জেন্ট অ্যাট আর্মস দিলরুবা চৌধুরী, বোর্ড সদস্য সাবুল উদ্দিন ও সামিরা নাজনীন, ট্রেজারার ইঞ্জিনিয়ার রহিমসহ আরও অনেকে।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন