https://www.prothomalony.com/
13579
new-york
প্রকাশ: ২৯ মে ২০২৫ ০০:২৮
নিউইয়র্ক সিটি মেয়র পদে প্রার্থী ও রাজ্যের সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমো নির্বাচিত হলে শহরের সর্বনিম্ন মজুরি প্রতি ঘণ্টায় ২০ ডলারে উন্নীত করার প্রতিশ্রুতি দিয়েছেন। বুধবার (২৮ মে) ডিস্ট্রিক্ট কাউন্সিল অব কার্পেন্টার্সের সদর দপ্তরে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে তিনি এই ঘোষণা দেন।
শ্রমজীবী মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার বাস্তবতা তুলে ধরে কুমো বলেন, নিউইয়র্ক সিটি এখন আর সাধারণ মানুষের জন্য বসবাসযোগ্য নয়। গত পাঁচ বছরে এই শহর ছেড়ে চলে গেছেন প্রায় পাঁচ লাখ মানুষ। কারণ তারা এখানে টিকে থাকতে পারছেন না। এটা অন্যায়। মজুরি বৃদ্ধিই হবে নগরবাসীর ক্রয়ক্ষমতা ও মর্যাদার পুনর্দাবি।
এই প্রতিশ্রুতি ছাড়াও কুমোর বক্তব্যে উঠে আসে আরও কিছু গুরুত্বপূর্ণ নীতির কথা। তিনি জানান, নিউইয়র্ক সিটিকে বসবাসযোগ্য করে তুলতে আগামী দশ বছরে ৫ লক্ষ সাশ্রয়ী আবাসন নির্মাণ করা হবে। পাশাপাশি থাকবে বিনামূল্যে প্রাথমিক শিশু যত্ন, পরিবহন ব্যয়ে সহায়তা এবং ট্যাক্স হ্রাসের উদ্যোগ।
কুমো বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন অর্থনৈতিক বিলের কড়া সমালোচনা করেন, যেখানে মেডিকেইড ও ফুড স্ট্যাম্প প্রোগ্রামে বাজেট কাটছাঁটের কথা বলা হয়েছে। তার ভাষায়, ওয়াশিংটন শ্রমজীবীদের পাশে নেই, তাই আমাদেরই নিজেদের রক্ষা করতে হবে।
সমাবেশে ইউনিয়নজোটের উপস্থিতি ছিল লক্ষণীয়। ইউনাইটেড ফুড অ্যান্ড কমার্শিয়াল ওয়ার্কার্স ইউনিয়ন , রিটেইল, হোলসেল অ্যান্ড ডিপার্টমেন্ট স্টোর ইউনিয়ন, এবং অ্যামালগামেটেড ট্রানজিট ইউনিয়নের নেতৃবৃন্দ কুমোর প্রতি আনুষ্ঠানিক সমর্থন জানান।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন