https://www.prothomalony.com/

13561

new-york

নিউইয়র্ক

নিউইয়র্কে বাড়িভাড়া বৃদ্ধির হার কমলো, স্বস্তি ভাড়াটিয়াদের

প্রকাশ: ২৮ মে ২০২৫ ০১:২৮

নিউইয়র্ক সিটির রেন্ট গাইডলাইনস বোর্ড এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে দুই বছরের মেয়াদি ভাড়াবাড়ির চুক্তিতে ভাড়া বৃদ্ধির হার কমিয়ে এনেছে। মঙ্গলবার (২৭ মে) সকালে অনুষ্ঠিত পুনঃভোটে বোর্ড ৩ দশমিক ৭৫ শতাংশ থেকে ৭ দশমিক ৭৫ শতাংশ পর্যন্ত ভাড়া বৃদ্ধির প্রস্তাব অনুমোদন করে। এর আগে প্রস্তাবিত সীমা ছিল ৪ দশমিক ৭৫ শতাংশ থেকে ৭ দশমিক ৭৫ শতাংশ। এক বছরের চুক্তির ক্ষেত্রে আগের মতোই ১ দশমিক ৭৫ শতাংশ থেকে ৪ দশমিক ৭৫ শতাংশ ভাড়া বৃদ্ধির সীমা বহাল রাখা হয়েছে।

এই সিদ্ধান্ত এসেছে শহরজুড়ে ভাড়াটিয়াদের তীব্র প্রতিবাদ এবং মেয়র এরিক অ্যাডামসের সমালোচনার পর। মেয়র বলেন, ৭ দশমিক ৭৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব ছিল অত্যধিক এবং ভারসাম্যপূর্ণ সমাধান খুঁজে বের করাটা জরুরি। যাতে ছোট বাড়িওয়ালারা ক্ষতিগ্রস্ত না হয় এবং ভাড়াটিয়ারাও আর্থিক চাপে না পড়েন।

ভাড়াটিয়া সংগঠনগুলো বলছে, বর্তমান আর্থিক বাস্তবতায় ভাড়া বৃদ্ধির কোনো যৌক্তিকতা নেই। হাউজিং কনজারভেশন কো-অর্ডিনেটরস-এর পরিচালক চার্লি ডুলিক জানান, বাড়িওয়ালাদের লাভ বেড়েছে ১২ শতাংশ। কিন্তু ভাড়াটিয়ারা স্থবির আয়ে জীবন চালাচ্ছেন।

অন্যদিকে ছোট বাড়িওয়ালারা বলছেন, তারা বড় ডেভেলপার নন, বরং কর, ইউটিলিটি বিল ও রক্ষণাবেক্ষণ খরচে হিমশিম খাচ্ছেন। ম্যানহাটনের এক বাড়িওয়ালা জানান, প্রতিবছরই লোকসান দিতে হচ্ছে শুধু খরচ সামলাতেই।

ভাড়াটিয়া অধিকারকর্মী অ্যান পেরিম্যান বলেন, এই ধরনের বড় অঙ্কের ভাড়া বৃদ্ধির ফলে স্থায়ীভাবে বসবাস করাও কঠিন হয়ে পড়ছে। তিনি জানান, দীর্ঘ ৫০ বছর ধরে একই অ্যাপার্টমেন্টে বসবাস করলেও জীবনযাত্রার ব্যয় মেটাতে এখন তাকে বাড়ির একটি কক্ষ ভাড়া দিতে হচ্ছে।

প্রসঙ্গত, চূড়ান্ত সিদ্ধান্ত আগামী ২৭ জুনে বোর্ডের সভায় নেওয়া হবে। এর আগে শহরের বিভিন্ন স্থানে গণশুনানি চলবে, যেখানে ভাড়াটিয়া ও বাড়িওয়ালারা তাদের মতামত জানাতে পারবেন।

নিউইয়র্ক থেকে আরো পড়ুন