https://www.prothomalony.com/
13560
new-york
নিউইয়র্ক শহরের যানজট নিরসনমূলক টোল (কনজেশন প্রাইসিং) কার্যক্রম চালু রাখার পক্ষে যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালতে বড় ধরনের আইনি জয় অর্জন করেছে মহানগর পরিবহন কর্তৃপক্ষ (এমটিএ)। মঙ্গলবার (২৭ মে) ফেডারেল বিচারক লুইস লিমান এক আদেশে যুক্তরাষ্ট্রের পরিবহন বিভাগকে নিউইয়র্ক রাজ্যের জন্য বরাদ্দ করা ফেডারেল তহবিল আটকে দেওয়ার যেকোনো ধরনের পদক্ষেপ থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছেন।
এই আদেশ অনুযায়ী আগামী ৯ জুন পর্যন্ত একটি অস্থায়ী নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। যা এমটিএ এবং নিউইয়র্ক রাজ্যকে টোল কার্যক্রম চালু রাখতে সহায়তা করবে।
এমটিএ’র চেয়ারম্যান ও প্রধান নির্বাহী জান্নো লাইবার বলেন, এই আদেশ নিউইয়র্কবাসীর জন্য বড় সুখবর। যানজট নিরসনমূলক টোল চালু থাকায় আমরা গণপরিবহন ব্যবস্থার উন্নয়নে এগিয়ে যেতে পারছি। বিচারক স্পষ্টভাবে জানিয়েছেন, ফেডারেল সরকার কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারবে না যাতে রাজ্যকে বাধ্য করা হয় এই কর্মসূচি বন্ধ করতে।
এর আগে যুক্তরাষ্ট্রের পরিবহন সচিব শন ডাফি হুঁশিয়ারি দিয়েছিলেন, ২১ মে’র মধ্যে টোল কার্যক্রম বন্ধ না করলে নিউইয়র্কের জন্য বরাদ্দকৃত পরিবহন খাতের তহবিল আটকে দেওয়া হতে পারে।
নিউইয়র্ক রাজ্যের গভর্নর ক্যাথি হোচুল এই রায়কে ‘একটি বিশাল বিজয়’ হিসেবে আখ্যায়িত করে বলেন, নিউইয়র্ক তার নিজস্ব সড়ক ব্যবস্থাপনা ও যান চলাচলের সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ অধিকার রাখে। এই কর্মসূচি রাস্তায় যানজট হ্রাস, পরিষ্কার বাতাস নিশ্চিত করা এবং গণপরিবহন খাতে বিনিয়োগ করার জন্য সঠিক পথ।
তিনি আরও বলেন, টোল ক্যামেরাগুলো চালু রয়েছে এবং যানজট নিরসনমূলক টোল ব্যবস্থা চালু থাকবে। আদালতের আদেশ আমাদের অবস্থানকে আরও জোরালো করেছে।
উল্লেখ্য, গত ৫ জানুয়ারি থেকে কার্যকর হওয়া এই ব্যবস্থার আওতায়, ম্যানহাটনের ৬১তম সড়কের দক্ষিণে প্রবেশকারী যানবাহনের জন্য ন্যূনতম ৯ ডলার হারে টোল ধার্য করা হয়েছে।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন