https://www.prothomalony.com/

13501

new-york

নিউইয়র্ক

নিউইয়র্ক গভর্নর নির্বাচনে হোকুল বনাম স্টেফানিক?

প্রকাশ: ২২ মে ২০২৫ ০০:৩৪

২০২৬ সালের নিউইয়র্ক গভর্নর নির্বাচনে ডেমোক্র্যাট গভর্নর ক্যাথি হোকুল ও রিপাবলিকান কংগ্রেসওম্যান এলিস স্টেফানিক মুখোমুখি হতে পারেন —এমন ইঙ্গিত দিয়েছে সিয়েনা কলেজ পরিচালিত নতুন জনমত জরিপ।

সিয়েনার সর্বশেষ জরিপ অনুযায়ী, গভর্নর হোকুল ডেমোক্র্যাটিক প্রাইমারিতে যথেষ্ট এগিয়ে রয়েছেন। রিচি টরেস ও লেফটেন্যান্ট গভর্নর আন্তোনিও ডেলগাডোর মতো সম্ভাব্য প্রার্থীদের বিপরীতে হোকুলের অবস্থান অনেকটাই দৃঢ়। যদিও তার জনপ্রিয়তা এখনো মিশ্র। জরিপে দেখা গেছে ৪৪ শতাংশ ভোটার তার প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করেন এবং ৪৬  শতাংশ নেতিবাচক।

তবে কাজের পারফরম্যান্সে কিছুটা উন্নতি দেখা গেছে। এখন ৫০  শতাংশ ভোটার মনে করেন তিনি ভালো কাজ করছেন। যা গত মাসের তুলনায় সামান্য বৃদ্ধি। বিশেষ করে বাজেটে পাস হওয়া সাবস্ক্রিপশন বাতিল সহজীকরণ, সার্বজনীন স্কুল মিল, এবং বিদ্যালয়ে মোবাইল ফোন নিষিদ্ধের মতো বিষয়গুলো জনসমর্থন বাড়িয়েছে।

অন্যদিকে, হাডসন ভ্যালির কংগ্রেসওম্যান এলিস স্টেফানিকও রিপাবলিকান প্রাইমারিতে প্রথমবার অন্তর্ভুক্ত হয়েই এগিয়ে আছেন। ৩৫  শতাংশ রিপাবলিকান ভোটার তাকে সমর্থন করছেন। যা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাইক ললারের চেয়ে ১৩  শতাংশ বেশি।

স্টেফানিকের কিছু সামাজিক ইস্যুতে শক্ত অবস্থানও জনমতের একটি অংশের সঙ্গে সঙ্গতিপূর্ণ। ৪৬  শতাংশ ভোটার চান ট্রান্সজেন্ডার মেয়েরা স্কুলের মেয়েদের দলে খেলতে না পারে। অভিবাসন ইস্যুতে ৪৫  শতাংশ ভোটার ট্রাম্প প্রশাসনের অবৈধ অভিবাসী বিতাড়ন নীতিকে সমর্থন করেছেন।

তবে জরিপে এখনো হোকুল বনাম স্টেফানিক সরাসরি মুখোমুখি লড়াই নিয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, যদি উভয়েই মনোনয়ন নিশ্চিত করতে পারেন তাহলে ২০২৬ সালের নির্বাচন হতে পারে একটি গভীর মতাদর্শিক সংঘর্ষের মঞ্চ। যেখানে উদারনীতি ও রক্ষণশীলতার ভবিষ্যৎ নিয়ে রায় দেবে নিউইয়র্কবাসী।
 

নিউইয়র্ক থেকে আরো পড়ুন