https://www.prothomalony.com/
13496
new-york
প্রকাশ: ২২ মে ২০২৫ ০০:১৮
নিউইয়র্কের সাবেক গভর্নর ও বর্তমান সিটি মেয়র পদের ডেমোক্র্যাট প্রার্থী অ্যান্ড্রু কুমোর বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরু করেছে মার্কিন বিচার মন্ত্রণালয়। অভিযোগ উঠেছে, কোভিড-১৯ মোকাবেলায় নিজের প্রশাসনের ভূমিকা নিয়ে কংগ্রেসে তিনি মিথ্যা তথ্য উপস্থাপন করেছেন।
জানা গেছে, এই তদন্ত শুরু হয় কংগ্রেসের রিপাবলিকান সদস্যদের এক রেফারেলের প্রেক্ষিতে। তারা দাবি করেন, কুমো ২০২০ সালের একটি রাজ্য স্বাস্থ্য প্রতিবেদনের তথ্য গোপন করেছিলেন। যেখানে নার্সিং হোমে কোভিড-১৯-এ মৃত্যুর প্রকৃত সংখ্যা উল্লেখ করা হয়নি। পরবর্তীতে নিউইয়র্ক অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমসের তদন্তে দেখা যায়, রাজ্যের স্বাস্থ্য বিভাগ প্রায় ৫০ শতাংশ মৃত্যুর তথ্য গোপন করেছিল। মৃত্যুর এই সংখ্যা কম দেখাতে নার্সিং হোম থেকে হাসপাতালে নেওয়া রোগীদের মৃত্যুকে তালিকা থেকে বাদ দেওয়া হয়।
বিচার মন্ত্রণালয়ের মুখপাত্র বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য না করলেও তদন্তের তথ্য ফাঁস হয়েছে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে। অপরদিকে, কুমোর মুখপাত্র রিচ আজ্জোপারদি অভিযোগ অস্বীকার করে বলেছেন, আমরা এখনো পর্যন্ত কোনো তদন্ত সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানি না। এই মুহূর্তে এমন খবর প্রকাশ পাওয়া রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত—এটা ‘ল’ফেয়ার’ এবং নির্বাচনী হস্তক্ষেপ ছাড়া কিছু নয়।
তিনি আরও বলেন, গভর্নর কুমো চার বছর আগের ঘটনার বিষয়ে স্মৃতির আলোকে সত্যবাদিতার সঙ্গে কংগ্রেসে সাক্ষ্য দিয়েছেন। তিনি কমিটির যেকোনো অনুসন্ধানের প্রতি সহযোগিতার মনোভাবও দেখিয়েছেন।
অন্যদিকে এই তদন্ত শুরু হয়েছে এমন এক সময়ে যখন বিচার মন্ত্রণালয় আরেক প্রার্থী, বর্তমান মেয়র এরিক অ্যাডামসের বিরুদ্ধে দুর্নীতির মামলা বন্ধ করে দিয়েছে। সেই সিদ্ধান্তকে ঘিরেও ম্যানহাটনের ফেডারেল প্রসিকিউটরদের মধ্যে বিরোধ দেখা দেয়। অ্যাডামস এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।
অ্যান্ড্রু কুমো ২০২১ সালে যৌন হয়রানির অভিযোগের মুখে গভর্নরের পদ থেকে পদত্যাগ করেন। যদিও তিনি সেই অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন, তবে রাজনৈতিক পুনরাবির্ভাবের চেষ্টায় বর্তমানে নিউইয়র্ক সিটি মেয়র নির্বাচনে ফের মাঠে নেমেছেন।
নতুন এই তদন্ত নিউইয়র্কের রাজনীতিকে নতুন মোড়ে নিয়ে গেছে। বিচার মন্ত্রণালয় বলছে, তারা কোনো রাজনৈতিক প্রভাবের বাইরে থেকে তথ্য ও প্রমাণের ভিত্তিতে তদন্ত চালিয়ে যাচ্ছে। যাতে আইনের চোখে সবার জন্য সমান বিচার নিশ্চিত হয়।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন