https://www.prothomalony.com/
13494
new-york
প্রকাশ: ২২ মে ২০২৫ ০০:০৫
নিউইয়র্কে পারিবারিক গৃহহীনতা ও উচ্ছেদ প্রতিরোধ সহায়তা ভাউচারের (এফএইচইপিএস) আওতায় ভাড়ার অংশ ৩০ শতাংশ থেকে বাড়িয়ে ৪০ শতাংশ করার একটি প্রস্তাব উত্থাপন করেছে সিটি প্রশাসন। এই পরিবর্তনের ফলে ছয় বছর ধরে ভাউচার ব্যবহার করে যারা আয় করছে তাদের ওপর প্রভাব পড়বে। এমন পরিস্থিতিতে বাড়তি খরচের চিন্তায় কপালে চিন্তার ভাঁজ নিউইয়র্কের ভাড়াটিয়া ও বাড়িওয়ালাদের।
নগর কর্তৃপক্ষের দাবি, এটি একটি টেকসই আর্থিক কৌশল যার মাধ্যমে পরিবারগুলো ধীরে ধীরে ভাউচারের ওপর নির্ভরতা কমিয়ে স্বনির্ভর হতে পারবে। সরকারি হিসেবে দেখা গেছে, এই নিয়ম কার্যকর হলে প্রাথমিকভাবে প্রভাব পড়বে প্রায় ১৮শ পরিবারের ওপর।
তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে সম্মিলিতভাবে আওয়াজ তুলেছে ভাড়াটিয়া অধিকার সংগঠন, গৃহহীন সহায়তাকারী সংস্থা এবং এমনকি কিছু বাড়িওয়ালাদের প্রতিনিধিত্বকারী সংগঠনও। আশ্রয়দাতা প্রতিষ্ঠান উইন’র প্রধান ক্রিস্টিন কুইন আশঙ্কা প্রকাশ করে বলেন, এই পরিবর্তন বাস্তবায়িত হলে অনেক পরিবার ভাড়া দিতে ব্যর্থ হয়ে আবার আশ্রয়কেন্দ্রে ফিরে যেতে পারে।
অন্যদিকে ছোট ও মাঝারি আকারের বাড়িওয়ালারাও মনে করছেন, এই পরিবর্তনে তাদের নিয়মিত ভাড়ার নিশ্চয়তা ক্ষতিগ্রস্ত হতে পারে। অনেকেই বলেন, ভাউচার সুবিধাভোগী ভাড়াটিয়ারা তাদের জন্য নির্ভরযোগ্য আয়ের উৎস। ভাড়ার এই নতুন নিয়ম বাস্তবায়ন হলে বাড়িওয়ালারাও আর্থিক ঝুঁকিতে পড়বেন।
এই প্রস্তাবের ওপর জনমত সংগ্রহের উদ্দেশ্যে আগামী ৩০ মে একটি জনশুনানির আয়োজন করা হয়েছে। এর আগে, শহরের ব্যয় সংক্রান্ত প্রতিবেদন অনুযায়ী, এই ভাউচার কার্যক্রমে খরচ বেড়ে গেছে কয়েকগুণ। ২০২১ অর্থবছরে যেখানে ব্যয় ছিল ২৫৩ মিলিয়ন ডলার, ২০২৫ অর্থবছরে তা দাঁড়িয়েছে প্রায় ১.২৫ বিলিয়ন ডলারে।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন