https://www.prothomalony.com/
12657
new-york
প্রকাশ: ০৫ মার্চ ২০২৫ ২৩:২০
বাংলাদেশ সোসাইটির উদ্যোগে নিউইয়র্কে বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরার লক্ষ্যে দুটি বড় অনুষ্ঠান আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছে। গ্রেসি ম্যানসনে বাংলাদেশ হেরিটেজ ডে এবং জ্যাকসন হাইটসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ডে প্যারেড।
গত ২ মার্চ (রোববার) বাংলাদেশ সোসাইটির নিজস্ব কার্যালয়ে কার্যকরী কমিটির মাসিক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম এবং সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন মোহাম্মদ আলী। সভায় সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সহ-সভাপতি কামরুজ্জামান কামরুল, সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম ভূঁইয়া, কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম ভূঁইয়া (রুমি), সাংগঠনিক সম্পাদক ডিউক খান, সাংস্কৃতিক সম্পাদক অনিক রাজসহ অন্যান্য কার্যকরী সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামসের বাসভবন গ্রেসি ম্যানসনে এ বছরও বাংলাদেশ হেরিটেজ ডে উদযাপন করা হবে এবং এই অনুষ্ঠানে বাংলাদেশ সোসাইটিকে হোস্ট কমিটি হিসেবে মনোনীত করেছে মেয়র অফিস। উপস্থিত সকলে এই আয়োজনে সক্রিয়ভাবে অংশগ্রহণের ব্যাপারে একমত প্রকাশ করেন।
এছাড়া আগামী ১৩ এপ্রিল, রোববার জ্যাকসন হাইটসে প্রথমবারের মতো বাংলাদেশ ডে প্যারেড আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশ সোসাইটির ব্যানারে অনুষ্ঠিতব্য এই প্যারেডের প্রধান সহযোগী সংগঠন হিসেবে থাকছে হিউম্যানিটি ইমপ্লয়ারমেন্ট রাইটস ফাউন্ডেশন। এই আয়োজনকে সফল করতে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন আঞ্চলিক, সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া ও পেশাজীবী সংগঠনগুলোর সঙ্গে একযোগে কাজ করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
সভায় সদ্য সমাপ্ত একুশে ফেব্রুয়ারির অনুষ্ঠান এবং আগামী ৯ এপ্রিল পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা, ইফতার ও দোয়া মাহফিল, ব্রন্স বরোতে ১৮ মার্চ এবং ব্রুকলিন বরোতে ২০ ও ২১ মার্চ অনুষ্ঠিতব্য ইফতার মাহফিল নিয়েও আলোচনা হয়। এসব অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়।
সভা শেষে বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে সবার সহযোগিতা কামনা করা হয় এবং ভবিষ্যতে কোনো রাজনৈতিক বক্তব্য বা রাজনৈতিক ব্যানার নিয়ে সোসাইটির আয়োজনে অংশগ্রহণ না করার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন