https://www.prothomalony.com/

12643

new-york

নিউইয়র্ক

নিউইয়র্কে জমজমাট হয়ে উঠেছে ইফতারি বাজার

প্রকাশ: ০৪ মার্চ ২০২৫ ২৩:৪৪

নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটিতে রমজানের আমেজ ছড়িয়ে পড়েছে, আর এরই সঙ্গে জমজমাট হয়ে উঠেছে ইফতারি বাজার। কর্মব্যস্ত প্রবাসী বাংলাদেশিরা বাসায় ইফতার প্রস্তুত করার সময় না পেয়ে ইফতারি বাজারের দিকেই ঝুঁকছেন। জ্যামাইকা, জ্যাকসন হাইটস, এস্টোরিয়া, ব্রুকলিন, ব্রঙ্কস, ওজোন পার্কসহ বাংলাদেশী এলাকার রেস্টুরেন্টগুলোতে বিকেল চারটার পর থেকেই ভিড় বাড়তে থাকে ক্রেতাদের। বাঙালী মুসলিম অধ্যুষিত এসব এলাকাগুলোতে ইফতারীর তালিকায় শীর্ষে রয়েছে খেজুর, জিলাপী, ছোলা-বুট, বেগুনী আর বাংলাদেশী মুড়ি। এছাড়াও বিভিন্ন হোটেল-রেস্তোরা ১০ থেকে ১২ আইটেমের ইফতারী বক্স বিক্রি করছে, যা ক্রেতাদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

জ্যামাইকার সাগর, তাজমহল রেস্টুরেন্ট এন্ড ব্যাঙ্কুয়েট হল, ঘরোয়া, ধাঁনসিড়ি, ঢাকা সুইটস, জ্যাকসন হাইটসের প্রিমিয়াম, নবান্ন, হাটবাজার, ব্রুকলীনের ঘরোয়া, স্বদেশ, ব্রঙ্কসের খলিল বিরিয়ানী, নিরব, প্রভৃতি রেস্টুরেন্টে ইফতারী আইটেমের বহুল সমাবেশ লক্ষ্য করা যাচ্ছে। এসব রেস্টুরেন্টে ইফতারির স্টলে পিয়াজু, বেগুনি, চপ, হালিম, কাবাব, জিলাপি, আর নানা রকম মিষ্টান্নের পসরা যেন এক টুকরো বাংলাদেশকেই মনে করিয়ে দেয়। এছাড়াও নানা স্বাদের বিরিয়ানি, শাহী টুকরা, রোজা স্পেশাল গ্রিলড চিকেন, ফালুদা, ও দই চিড়ার মতো খাবার নিয়ে তারা ইফতার আয়োজনে নতুন মাত্রা যোগ করেছে। অনেক রেস্টুরেন্ট ইফতার বাফের ব্যবস্থাও রেখেছে, যেখানে ক্রেতারা পছন্দমতো খাবার নিয়ে ইফতার করতে পারছেন।

তবে ইফতারি কেনাকাটার চেয়ে এই বাজারগুলো হয়ে উঠেছে এক সামাজিক মিলনমেলা। বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন একসঙ্গে মিলিত হয়ে গল্প আড্ডায় কাটান সময়, ভাগাভাগি করেন নিজেদের ইফতার। বিশেষ করে জ্যাকসন হাইটসে বাংলাদেশি দোকান ও খাবারের স্টলগুলোর সামনে বসে রোজাদারদের আড্ডা ও হাস্যরসের দৃশ্য রমজানের সৌন্দর্যকে আরও প্রাণবন্ত করে তুলেছে।

স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, এবছর ইফতারি বাজারে ক্রেতাদের সাড়া বেশ ভালো। নতুন নতুন খাবারের আইটেম যুক্ত হওয়ায় আগ্রহ বেড়েছে সবার। অনেক দোকান এবার বিশেষ ডিসকাউন্টও দিচ্ছে, যাতে কম দামে সবাই ইফতার কিনতে পারেন।

বাংলাদেশি কমিউনিটির এই ইফতারি বাজার শুধু খাবার কেনার জায়গা নয়, বরং এটি হয়ে উঠেছে এক প্রাণবন্ত সংস্কৃতি, যেখানে প্রবাসেও দেশীয় ঐতিহ্যের ছোঁয়া পাওয়া যায়।

নিউইয়র্ক থেকে আরো পড়ুন