https://www.prothomalony.com/

12454

new-york

নিউইয়র্ক

নিউইয়র্কের বাজেটে বড় কাটছাঁটের শঙ্কা, কম্পট্রোলারের উদ্বেগ

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারী ২০২৫ ০৬:২৭

নিউইয়র্ক স্টেটের কম্পট্রোলার টম ডিনাপোলি সম্প্রতি গভর্নর কাথি হোকুলের বাজেট পরিকল্পনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি সতর্ক করেছেন, ফেডারেল সরকারের পক্ষ থেকে রাজ্যের বাজেটে বড় কাটছাঁট হতে পারে, যা রাজ্য অর্থনীতির উপর গুরুতর প্রভাব ফেলবে।

ডিনাপোলি বিশেষভাবে ৩ বিলিয়নর ডলার অতিরিক্ত বাজেট ফান্ডের ব্যাপারে মন্তব্য করেছেন। তিনি বলেন, এত বিশাল পরিমাণ অর্থ ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর সঠিক ব্যবহার নিয়ে রাজ্য সংসদকে সিদ্ধান্ত নিতে হবে। ঋণ পরিশোধ বা অন্যান্য প্রয়োজনীয় প্রোগ্রামগুলোর জন্যও এই অর্থ ব্যবহৃত হতে পারে।

ফেডারেল সহায়তার ব্যাপারে ডিনাপোলি আরও বলেন, নিউইয়র্ক রাজ্যের বাজেটের ৪০ শতাংশ ফেডারেল তহবিলের ওপর নির্ভরশীল। যদি ফেডারেল তহবিল কমে যায়, তা হলে রাজ্যের স্বাস্থ্য সেবা, মেডিকেড, পাবলিক ট্রান্সপোর্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ প্রোগ্রামগুলোতে গুরুতর প্রভাব পড়বে। এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ প্যানডেমিক-কালীন সহায়তা এখন প্রায় শেষ হয়ে গেছে।

এছাড়া, ডিনাপোলি রাজ্য বাজেটের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাব নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, বর্তমানে রাজ্য বাজেটের ব্যয় অত্যন্ত দ্রুত বৃদ্ধি পাচ্ছে, কিন্তু রাজস্ব সেই অনুযায়ী বাড়ছে না। এই ব্যবধান বাড়তে থাকলে পরবর্তী বছরে একটি বড় বাজেট ঘাটতি তৈরি হতে পারে। আমাদের অবশ্যই টেকসই আর্থিক নীতির দিকে মনোযোগ দিতে হবে।

কম্পট্রোলার আরও উল্লেখ করেন, রাজ্যকে দীর্ঘমেয়াদী দৃষ্টিকোণ থেকে পরিকল্পনা করতে হবে। যাতে ভবিষ্যতের সংকট থেকে বাঁচা যায়। বর্তমান অবস্থায়, রাজ্য সরকারকে শুধু এখনকার পরিস্থিতি নিয়ে নয়, বরং ভবিষ্যতের জন্যও স্থিতিশীল বাজেট পরিকল্পনা তৈরি করতে হবে—যোগ করেন ডিনাপোলি।

এমন পরিস্থিতিতে, রাজ্য সরকারকে আরও বিচক্ষণতা ও সুনির্দিষ্ট আর্থিক পরিকল্পনা গ্রহণের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন কম্পট্রোলার টম ডিনাপোলি।
 

নিউইয়র্ক থেকে আরো পড়ুন