https://www.prothomalony.com/
12453
new-york
নিউইয়র্কের গণপরিবহন কর্তৃপক্ষ (এমটিএ) সাবওয়েতে ভাড়া ফাঁকি রোধে নতুন উদ্যোগ গ্রহণ করেছে। সম্প্রতি ব্রুকলিন ব্রিজ-সিটি হল স্টেশনের টার্নস্টাইলে অর্ধচন্দ্রাকৃতির ধাতব বাধা স্থাপন করা হয়েছে, যা যাত্রীদের বিনা টিকিটে প্রবেশ প্রতিরোধে সহায়ক হবে। এটি এমটিএর নতুন উদ্যোগের অংশ, যা ‘সাবওয়ে স্পাইকস’ ইনস্টলেশনের কয়েক সপ্তাহ পর বাস্তবায়িত হয়েছে।
এমটিএ জানিয়েছে, জানুয়ারি মাসে লেক্সিংটন অ্যাভিনিউর ৫৯ স্ট্রিট স্টেশনে ‘সাবওয়ে স্পাইকস’ স্থাপন করা হয়েছিল। যা সাবওয়ে যাত্রীদের হাতের রেলিং ধরে লাফিয়ে প্রবেশ রোধ করে। ২০২৩ সালে, এমটিএ কিছু স্টেশনে বৈদ্যুতিক দরজা স্থাপন করেছিল, কিন্তু টিকটকের একটি ভিডিওতে তা খোলার উপায় প্রকাশ পাওয়ায় এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছিল।
নতুন পদক্ষেপের অংশ হিসেবে রাজ্য গভর্নর ক্যাথি হোচুল ঘোষণা করেছেন, ১০০টি অতিরিক্ত স্টেশনে নতুন বাধা স্থাপন করা হবে এবং প্রতিটি স্টেশনে উজ্জ্বল এলইডি লাইট সংযোজন করা হবে। তিনি বলেন, ‘ভাড়া ফাঁকি দেওয়া ব্যক্তিদের প্রতিরোধে আধুনিক গেট স্থাপন করা হবে।’
এছাড়াও, ট্রেন ও প্ল্যাটফর্মে পুলিশ মোতায়েন বাড়ানো হবে এবং ২০২৫ সালের মধ্যে ২০টি স্টেশনে আধুনিক ভাড়া গেট বসানো হবে। এই সংখ্যা ২০২৬ সালের মধ্যে আরও ২০টি স্টেশন পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
এমটিএর তথ্য অনুযায়ী, গত ছয় মাসে তাদের পদক্ষেপের ফলে ভাড়া ফাঁকি ২৬ শতাংশ কমেছে। ২০২৪ সালে পুলিশ ১,৪৩,০০০ এর বেশি ‘সার্ভিস চুরি’ সংক্রান্ত সমন ইস্যু করেছে। এমটিএ তাদের পাঁচ বছরের নতুন মূলধনী পরিকল্পনার জন্য ৬৮.৪ বিলিয়ন ডলার তহবিলের আবেদন করেছে।
এমটিএ চেয়ারম্যান জান্নো লিবার বলেন, ‘আমরা জননিরাপত্তা এবং ভাড়া ফাঁকি রোধে বাস্তবসম্মত অগ্রগতি করছি, তবে আরও অনেক কিছু করার বাকি রয়েছে।’ এমটিএ নতুন প্রযুক্তি ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে, তবে এগুলোর কার্যকারিতা কেমন হবে, তা সময়ই বলে দেবে।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন