https://www.prothomalony.com/

12298

new-york

নিউইয়র্ক

নিউইয়র্কে বাংলা পত্রিকা ও টাইম টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

প্রকাশ: ২৯ জানুয়ারী ২০২৫ ০২:৫৮

নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক বাংলা পত্রিকা ২৮ বছর পূর্তি এবং টাইম টেলিভিশনের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হয়েছে। উত্তর আমেরিকার জনপ্রিয় এই মিডিয়া প্রতিষ্ঠানগুলোর বর্ষপূর্তী উপলক্ষে এস্টোরিয়া ওয়ার্ল্ড ম্যানোরে দু’দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ইউএস কংগ্রেস সদস্য, নিউইয়র্ক ষ্টেট সিনেটর, অ্যাসেম্বলীম্যান, সিটি কাউন্সিল সদস্যসহ বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনেরা অংশ নেন।

প্রথম দিন টাইম টেলিভিশন ও বাংলা পত্রিকার দর্শক ও পাঠকদের জন্য উৎসর্গ করা হয়। দিনব্যাপী নানা আনুষ্ঠানিকতার মধ্যে ছিল জাতীয় সংগীত পরিবেশনা, থিম সং ও ডকুমেন্টারি উপস্থাপন, কেক কাটা, শুভেচ্ছা বক্তব্য, সম্মাননা প্রদান, সঙ্গীতানুষ্ঠান ও নৈশভোজ। অনুষ্ঠানে টাইম টেলিভিশন-এর সিইও আবু তাহের, ফ্লোরিডার কুইক মানি সার্ভিসেস ইনক’র প্রেসিডেন্ট মোহাম্মদ মনির হোসেন এবং বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ দীনাজ খান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ইউএস কংগ্রেসওম্যান গ্রেস মেং বাংলা পত্রিকার সম্পাদক ও টাইম টেলিভিশনের সিইও আবু তাহেরকে সম্মাননা প্রদান করেন। পরে ‘টাইম এক্সক্লুসিভ’ অনুষ্ঠানটি বিশেষভাবে সম্প্রচারিত হয়, যেখানে আমন্ত্রিত অতিথিরা তাদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন।

দ্বিতীয় দিনে ছয় শতাধিক আসন বিশিষ্ট ভেন্যু পূর্ণ হয়ে যায়। এদিন রেড রিবন কেটে বর্ষপূর্তীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যবসায়ী মনির হোসেন। যুক্তরাষ্ট্রের আলোচিত কংগ্রেস সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিও কর্টেজ, ষ্টেট সিনেটর জন সি লু, লুইস সেপুলভেদা ও জেসিকা রামোস, ষ্টেট অ্যাসেম্বীম্যান জোহরান মামদানী এবং আরও অনেক বিশিষ্ট ব্যক্তি বক্তব্য রাখেন।

বাংলা পত্রিকা ও টাইম টেলিভিশনের কমিউনিটির প্রতি অবদান তুলে ধরে বক্তারা ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে এই প্রতিষ্ঠানগুলোর পাশে থাকার আশ্বাস দেন। অনুষ্ঠানের শেষ অংশে মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠান পরিবেশন করেন কণ্ঠশিল্পী লায়লা ও রেশমী মির্জা। দু’দিনের অনুষ্ঠানটি উপস্থাপনা করেন শারমিন সিরাজ সোনিয়া।

নিউইয়র্ক থেকে আরো পড়ুন