https://www.prothomalony.com/

12253

search

অনুসন্ধান

আইস বাসায় আসলে বা গ্রেফতার করলে যা করবেন

প্রকাশ: ২৩ জানুয়ারী ২০২৫ ০৪:২৭

আইস (Immigration and Customs Enforcement বা ICE) হলো যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল সংস্থা, যা অভিবাসন ও শুল্ক-সংক্রান্ত আইন প্রয়োগে কাজ করে। আইস সাধারণত যুক্তরাষ্ট্রে অভিবাসন আইন, শুল্ক আইন এবং অন্যান্য ফেডারেল আইন বাস্তবায়নে নিয়োজিত থাকে এবং দেশীয় নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করে।

আইসের কর্মকর্তারা বাসায় আসলে বা গ্রেফতার করলে বিচলিত না হয়ে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ অনুসরণ করা উচিত। এ বিষয়ে নিউইয়র্ক সিটির মেয়র কার্যালয়ের অফিস অফ ইমিগ্র্যান্ট অ্যাফিয়ার্স থেকেও কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়া হয়েছে।  

দ্বিধা না করে নিজের অধিকার জানুন: আইস কর্মকর্তারা যদি বাসায় এসে আপনাকে গ্রেফতার করার চেষ্টা করেন, আপনি জানবেন যে, আপনার কিছু অধিকার রয়েছে। প্রথমত, আপনি আইন অনুযায়ী ওয়ারেন্ট ছাড়া কাউকেও নিজের বাসায় প্রবেশ করতে দিতে বাধ্য নন। এক্ষেত্রে আপনি দরজার আড়ালে থেকে তাদের পরিচয় নিশ্চিত হওয়ার জন্য আইডি কার্ড, ভিজিটিং কার্ড, ব্যাজ ইত্যাদি যাছাই করতে পারেন।

ওয়ারেন্ট চেক করুন: আইস কর্মকর্তারা যদি আপনার বাসায় আসেন, আপনি তাদের পরিচয় নিশ্চিত হওয়ার পর তাদের কাছ থেকে গ্রেফতারি বা সার্চ ওয়ারেন্ট আছে কিনা যাছাই করে দেখবেন। তাদের কাছে যদি ওয়ারেন্ট না থাকে, আপনি তাদের প্রবেশের অনুমতি দিতে বাধ্য নন। আর যদি ওয়ারেন্ট সাথে থাকে তাহলে দরজার নীচ দিয়ে দেখাতে বলুন।

কর্মক্ষেত্রে আসলে করণীয়: আইসের কর্মকর্তারা যদি আপনার কর্মক্ষেত্রে আসে তবে কর্মকর্তাদের আপনার নিয়োগকর্তার অনুমতি নিতে হবে। আপনার নিয়োগকর্তা তাদের পরিচয় যাছাই করতে পারবেন।

বিনা কারণে কিছু না বলে নীরব থাকা: আপনি নীরব থাকতে পারেন (আমেরিকার সংবিধান অনুযায়ী "নীরব" থাকার অধিকার রয়েছে), বিশেষত যদি আপনি মনে করেন আপনার বক্তব্য আপনার বিরুদ্ধে ব্যবহৃত হতে পারে।

আইনি সহায়তা নেওয়া: দ্রুত একজন অভিবাসন আইনজীবীর সঙ্গে যোগাযোগ করুন। আইস গ্রেফতার করার পর আপনার বৈধতার পরিস্থিতি এবং অন্যান্য আইনগত বিষয় স্পষ্ট করা গুরুত্বপূর্ণ।

পরিবার এবং বন্ধুদের জানিয়ে রাখুন: যদি গ্রেফতার হন, তা হলে আপনার পরিবারের সদস্য অথবা বন্ধুদের জানানো গুরুত্বপূর্ণ, যেন তারা আইনজীবী নিয়োগ করতে পারে এবং আপনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে।

গ্রেফতারের পর করণীয়: যদি গ্রেফতার হন, আইস আপনাকে হেফাজতে নেবে এবং আপনার বিচারের জন্য আদালতে হাজির করবে। যদি আপনি বিশ্বাস করেন যে আপনি ভুলভাবে গ্রেফতার হয়েছেন, আপনার আইনজীবী সে বিষয়ে পদক্ষেপ নিতে পারেন।

এছাড়াও অভিবাসন আইন সম্পর্কিত সর্বশেষ তথ্য জানার জন্য এবং সঠিক পদক্ষেপ নেয়ার জন্য একজন অভিজ্ঞ অভিবাসন আইনজীবীর সাহায্য নিতে পারেন।

অনুসন্ধান থেকে আরো পড়ুন