https://www.prothomalony.com/

11478

new-york

নিউইয়র্ক

নিউইয়র্কে ট্রাম্পের ‘গণ নির্বাসন’ নীতির প্রতিবাদ

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪ ০০:২৪

যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে জন্মগ্রহণ করলে স্বয়ংক্রিয়ভাবে দেশটির নাগরিকত্বপ্রাপ্তির যে আইন বা বিধি এতদিন প্রচলিত ছিল তা বাতিলের ঘোষণার প্রতিবাদ জানিয়েছেন শতাধিক অভিবাসী ও তাদের সমর্থকরা। গত বৃহস্পতিবার রাতে নিউইয়র্কের ফোলি স্কোয়ারে আয়োজিত এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে এ প্রতিবাদ জানানো হয়। নিউইয়র্ক ইমিগ্রেশন কোয়ালিশনের উদ্যোগে এই সমাবেশ আয়োজিত হয়।

সমাবেশে অংশগ্রহণকারীরা ‘ঘৃণা নয়, ভয় নয়, অভিবাসীরা এখানে স্বাগত’ এমন স্লোগান দেন এবং ঐক্য ও সহমর্মিতার বার্তা ছড়িয়ে দেন। এ সময় বক্তারা ট্রাম্পের পূর্ববর্তী নীতিগুলোর বিরুদ্ধে তাদের উদ্বেগ প্রকাশ করেন। বিশেষ করে ২০১৭ সালের মুসলিম নিষেধাজ্ঞা এবং অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের সম্ভাবনা। যা নিউইয়র্কের লক্ষাধিক অভিবাসীর জীবনে চরম প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জানা গেছে, নিউইয়র্ক সিটি সম্প্রতি অভিবাসী পরিবারগুলোর জন্য প্রিপেইড ডেবিট কার্ডের মাধ্যমে প্রতি সপ্তাহে ৩৫০ ডলার সহায়তা প্রদানকারী একটি পাইলট প্রকল্প বন্ধ করেছে। মেয়র এরিক অ্যাডামস জানান, শহরের সম্পদ ও বাজেটে চাপ পড়ছে এবং নিউইয়র্কবাসীদের চাহিদা পূরণে বাড়তি অর্থের প্রয়োজন দেখা দিয়েছে।

মেয়র অফিসের অভিবাসন বিষয়ক কমিশনার ম্যানুয়েল ক্যাস্ট্রো অভিবাসীদের আশ্বস্ত করে বলেন, নিজেদের আত্মগোপন করার প্রয়োজন নেই। অভিবাসীরা শহরের জরুরি সেবাগুলো ব্যবহারে স্বাধীন।

মহিলা ক্ষমতায়ন কোয়ালিশন অফ এনওয়াইসির সোমিয়া এল-রোউমেইম বলেন, আমরা ট্রাম্পের বহিষ্কারের এজেন্ডা বাস্তবায়িত হতে দেব না। আমরা আমাদের সম্প্রদায়ের পাশে থাকব এবং এ ধরনের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াব।

সমাবেশে অংশগ্রহণকারীরা ট্রাম্পের পরিকল্পিত নীতির বিরুদ্ধে তাদের অটল অবস্থান প্রকাশ করেন এবং সকল অভিবাসী সম্প্রদায়কে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।


প্রসঙ্গত, সমপ্রতি ডোনাল্ড ট্রাম্প এবং যুক্তরাষ্ট্রের পরবর্তী ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের প্রচারাভিযান সংক্রান্ত দাপ্তরিক সাইটে এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে জন্ম নেওয়া কোনো শিশুর স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব প্রাপ্তির জন্য ওই শিশুর পিতা কিংবা মাতা—যে কোনো এক জনের নাগরিক হওয়া বা যুক্তরাষ্ট্রে বৈধভাবে বসবাসের অনুমোদন থাকা জরুরি। অবিলম্বের দেশের কেন্দ্রীয় সংস্থাগুলোকে এই নির্দেশনা পাঠানো হবে।

আগামী ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প এবং জে ডি ভ্যান্স। ওই দিন থেকেই এই নির্দেশনা কার্যকর হবে বলে জানানো হয়েছে প্রতিবেদনে।

মার্কিন নাগরিকত্ব-গ্রিনকার্ড অর্জনের একটি সহজ এবং জনপ্রিয় পথ মার্কিন ভূখণ্ডে সন্তান জন্মদান। কারণ যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী কোনো শিশু ভূমিষ্ঠ হওয়া মাত্র তাকে যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে গণ্য করা হয় এবং ওই শিশুর বয়স ১৮ পার হওয়ার আগ পর্যন্ত তাকে বড় করা এবং দেখাশোনা করার জন্য তার পিতা-মাতাকে বৈধভাবে বসবাসের অনুমতি দেওয়া হয়। আর একবার বৈধ বসবাসের অনুমতি পেলে নাগরিকত্ব ও গ্রিনকার্ড প্রাপ্তির পথও অনেক সহজ হয়। ফলে ট্রাম্পের এই নির্দেশনা যুক্তরাষ্ট্রে বসবাসকারী বৈধ কাগজপত্র ও নথিবিহীন অভিবাসীদের জন্য একটি বড় ধাক্কা।

নিউইয়র্ক থেকে আরো পড়ুন