https://www.prothomalony.com/

11245

new-york

নিউইয়র্ক

নিউইয়র্ক সিটির নতুন স্কুল চ্যান্সেলর হলেন মেলিসা অ্যাভিলেস-রামোস

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৪ ০৮:২৮

নিউইয়র্ক সিটির নতুন স্কুল চ্যান্সেলর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মেলিসা অ্যাভিলেস-রামোস। এর আগে, তিনি ডেপুটি চ্যান্সেলর হিসেবে কাজ করছিলেন। ১৬ অক্টোবর, বুধবার দেশের বৃহত্তম পাবলিক স্কুল সিস্টেমের প্রথম লাতিনা চ্যান্সেলর হিসেবে এই পদে আসীন হলেন তিনি।

জানা গেছে, ডেভিড ব্যাঙ্কসের আকস্মিক অবসরের পর এই পরিবর্তন এসেছে। প্রশাসনিক চাপ ও রাজনৈতিক কারণে মেয়র এরিক অ্যাডামসের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে অ্যাডামস-ই ব্যাঙ্কসকে পদত্যাগ করতে বাধ্য করেছেন।

অ্যাভিলেস-রামোস নিউইয়র্ক সিটির ব্রঙ্কস পাড়ার সাউন্ডভিউতে জন্মগ্রহণ করেন। তিনি পুয়ের্তো রিকান একক মায়ের কন্যা এবং তার পরিবারের প্রথম সদস্য।

নতুন চ্যান্সেলর হিসেবে দায়িত্ব গ্রহণের সময় অ্যাভিলেস-রামোস বলেন, আমি বিশ্বাস করি আমাদের কাজের মাধ্যমে স্থিতিশীলতা বজায় রাখতে হবে। আমার নেতৃত্বে, আমরা প্রতিবন্ধী ও বহুভাষিক শিক্ষার্থীদের জন্য সমর্থন বাড়াতে, সাক্ষরতা এবং গণিতের দক্ষতার হার উন্নত করতে হবে। সেই সাথে নিরাপদ স্কুল পরিবেশ তৈরি করতে সকলকে একযোগে কাজ করতে হবে।

অ্যাভিলেস-রামোস এর আগে একজন শিক্ষক, সহকারী অধ্যক্ষ, অধ্যক্ষ এবং ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট হিসেবে কাজ করেছেন। তিনি 'প্রজেক্ট ওপেন আর্মস' নামক একটি প্রকল্পে লিড দিয়েছেন। যা আশ্রয়প্রার্থী অভিবাসী পরিবারগুলোর জন্য সহায়তা প্রদান করে। এই প্রকল্পের মাধ্যমে তিনি কমিউনিটিভিত্তিক কার্যক্রম পরিচালনা করেন এবং শিক্ষার্থীদের ও তাদের পরিবারের জন্য সুযোগ সৃষ্টি করেন।

২০০৭ সালে ট্রুম্যান হাই স্কুলে ইংরেজি শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন অ্যাভিলেস-রামোস। পরে তিনি শুইলারভিল প্রিপারেটরি হাই স্কুলের অধ্যক্ষ হন। যেখানে তিনি স্নাতকের হার ২৩ শতাংশ থেকে ৬৮ শতাংশে উন্নীত করেন। তার নেতৃত্বে ৬৮ শতাংশ ইংরেজি ভাষা শিক্ষার্থী কলেজের জন্য প্রস্তুত হিসেবে গণ্য হয়।

অ্যাভিলেস-রামোস ফোর্ডহ্যাম ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর অফ আর্টস ডিগ্রি এবং সিটি ইউনিভার্সিটি অব নিউ ইয়র্ক থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। তিনি একজন কন্যার মা এবং তার শিক্ষাগত ও প্রশাসনিক অভিজ্ঞতা নিউইয়র্ক সিটির স্কুল সিস্টেমের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। তার অভিজ্ঞতা এবং কর্মক্ষমতা শহরের শিক্ষাব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
 

নিউইয়র্ক থেকে আরো পড়ুন