https://www.prothomalony.com/
9070
new-york
নিউইয়র্কে অভিবাসীদের ক্যাশসহ ডেবিট কার্ড দেওয়ার পরিকল্পনা করেছে সিটি প্রশাসন। আশ্রয়প্রার্থীরা যাতে খাদ্য ও শিশুদের প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করতে পারে, সেজন্য এ প্রিপেইড ডেবিট কার্ড দেওয়ার পরিকল্পনা।
২৫ মার্চ সোমবার এই পরিকল্পনার পাইলট প্রোগ্রাম শুরু হয়েছে। যদিও বিরোধীরা এর কট্টর সমালোচনা করেছেন।
সিটি প্রশাসন সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে রুজভেল্ট হোটেলে ক্যাশসহ আটটি মাস্টারকার্ড হস্তান্তর করা হয়েছে। আগামী সপ্তাহের মধ্যে ১১৫ টি পরিবার এই কার্ড হাতে পাবে। আনুমানিক সাড়ে ৪০০ অভিবাসী পরিবারকে খাদ্য সহায়তার অংশ হিসেবে এই পরিকল্পনা নিয়েছে কর্তৃপক্ষ।
প্রশাসন জানিয়েছে, চারজনের পরিবার যাদের পাঁচ বছরের কম বয়সী দুইটি বাচ্চা রয়েছে তারা প্রতি সপ্তাহে ৩৫০ ডলার করে পাবেন। পাইলট প্রকল্পটি আগামী ৬ সপ্তাহ চলবে। পরে সব বিষয় পর্যালোচনা করে এই প্রকল্প নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে প্রশাসন।
ডেপুটি মেয়র এ্যানি উইলিয়ামস জানান, সিটির মাইগ্রেন্ট ফান্ডের অপচয় কমাতে এই পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এই কার্ড দিয়ে মুদি দোকান থেকে খাদ্যদ্রবাদি কেনা যাবে। কেউ যদি জুতা কিনতে যান, তাহলে কার্ড রিজেক্টড হবে। এছাড়া কার্ডের অপব্যবহার করা হলে কার্ড ফেরত নেওয়া হবে।
ডেপুটি মেয়র আরও বলেন, এই প্রকল্প সফল হলে প্রতিমাসে সিটির বাজেট থেকে ৬ লাখ ডলার সাশ্রয় হবে।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন