https://www.prothomalony.com/

8359

entertainment

বিনোদন

'হুব্বা' ২ ফেব্রুয়ারি শুক্রবার নিউ ইয়র্কে মুক্তি পাচ্ছেঃ জামাইকা মাল্টিপ্লেক্সে প্রিমিয়ার

প্রকাশ: ০১ ফেব্রুয়ারী ২০২৪ ১১:৩২

হুব্বা ছবির মাধ্যমে আবারও দেখার সুযোগ হবে একজন মোশাররফ করিম কতটা শক্তিশালী অভিনেতা। একটি অঞ্চলের আঞ্চলিক ভাষাকে সহজেই আয়ত্ত করে এ ছবিতে অভিনয় করেছেন নিজেকে উজাড় করে। হুব্বা সিনেমায় তাঁর অভিনয় দুই বাংলায় ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। অনেকেই বলছেন এটি মোশাররফ করিম এর এখন অবধি  শ্রেষ্ঠ কাজ। আমেরিকা এবং কানাডায় প্রবাসী বাঙালিরা এই ছবিতে তাঁর অভিনয় দেখতে পাবেন বড় পর্দায় বায়স্কোপ ফিল্মস এর পরিবেশনায়। আসছে শুক্রবার থেকে শুরু করে বিভিন্ন ধাপে আমেরিকার ৩০টি শহরে মুক্তি পাচ্ছে 'হুব্বা'।

২ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যা সাতটায় জামাইকা মাল্টিপ্ল্যাক্সে 'হুব্বা' সিনেমার প্রিমিয়ার অনুষ্ঠিত হবে। শুক্রবারে নিউইয়র্কে প্রদর্শনী শুরু করে ক্রমান্বয়ে লস আঞ্জেলেস, নিউ জার্সি, বোস্টন, ভার্জিনিয়া, সান ফ্রান্সিস্কো, ডালাস, ওয়েস্ট পাম বীচ, আটলান্টা সহ আমেরিকার প্রায় ৩০টি শহরে মুক্তি পাচ্ছে বায়স্কোপ ফিল্মস এর পরিবেশনায়। 

৩১ জানুয়ারি বুধবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে পরিবেশক সংস্থা বায়স্কোপ ফিল্মসের কর্ণধার রাজ হামিদ এসব কথা বলেছেন। উত্তর আমেরিকায় বাংলা ছবি পরিবেশনায় পথিকৃৎ বায়স্কোপ ফিল্মস এ পর্যন্ত ৪০টি সিনেমা আমেরিকা ও কানাডায় প্রদর্শনী করেছে। বায়স্কোপ ফিল্মস এর কর্ণধারদ্বয় রাজ হামিদ এবং নওশাবা রশিদ সিনেমাপ্রেমী হিসেবে বাংলা সিনেমার এ পরিবেশনাকে ব্যবসা হিসেবেই দেখেন না। সংবাদ সম্মেলনে রাজ হামিদ বাংলা সিনেমার আমেরিকায় পরিবেশনা নিয়ে বিপত্তির কথাও জানালেন। উপমহাদেশের ছবি পরিবেশনায় দক্ষিণ ভারতীয়দের সাথে প্রতিযোগিতায় নামতে হচ্ছে তাদের, ক্রমশ দর্শক সৃষ্টি হওয়ার কারণে বাংলা সিনেমার এ পরিবেশনাকে কঠিন করে তুলার চেষ্টা করছে দক্ষিণ ভারতীয় সিনেমা পরিবেশকরা। রাজ হামিদ বলেন, মুজিব সিনেমা উত্তর আমেরিকায় পরিবেশনা করা হলেও কেউ জানতেও পারেনি। পরিবেশকদের উদাসীনতার কারণে প্রচুর দর্শক থাকলেও সিনেমাটি দেখা থেকে প্রবাসীরা বঞ্চিত হয়েছেন বলে তিনি উল্লেখ করেন।

রাজ হামিদ জানান, 'হুব্বা' হবে যুক্তরাষ্ট্রে মুক্তিপ্রাপ্ত অভিনেতা মোশাররফ করিম এর সর্বপ্রথম ছবি। কোলকাতার সন্নিকটস্থ হুগলীর মাফিয়া ডন খ্যাত সন্ত্রাসী হুব্বা শ্যামল এর জীবনের উপর নির্মিত এই ছবি ইতিমধ্যে ঢাকা এবং কোলকাতায় দর্শক মহলে ব্যাপক সাড়া জাগিয়েছে বলে তিনি উল্লেখ করেন।



রাজ হামিদ সংবাদ সম্মেলনে জানান, ছবির পরিচালক এবং বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু বলেন, 'হুব্বা' ছবিটির স্ক্রিপ্ট মোশাররফ করিমকে মাথায় রেখেই করা হয়েছে। মোশাররফ করিম একজন সূক্ষ্ম, ডেলিকেট, ভারসাটাইল এক্টর। তিনি শুধু বাংলাদেশ বা ভারতকে প্রতিনিধিত্ব করেন না, তাঁর অভিনয় শৈলী গোটা দক্ষিণ পূর্ব এশিয়ার একটা বড় সিগনেচার। সকল দর্শককে হলে গিয়ে ছবিটি দেখবার আহ্বান জানিয়ে ব্রাত্য বসু বলেন, এটা বড় পর্দার ছবি – আপনারা বাংলা ছবির পাশেই থাকুন।
রাজ হামিদ জানান তাদের ফিল্ম প্রতিষ্ঠানের আগামী দু’টা ছবিতেই আছেন এপার বাংলার দুই শক্তিমান অভিনেতা। 'পদাতিক' এ কিংবদন্তী পরিচালক মৃণাল সেন এর ভুমিকায় চঞ্চল চৌধুরী এবং তার পরের ছবিতে বাংলাদেশের টিভি পর্দার জনপ্রিয় অভিনেতা অপূর্ব  আসছেন 'চালচিত্র' ছবিতে।

উল্লেখ্য, 'হুব্বা' ছবিতে আরও অভিনয় করেছেন শক্তিমান অভিনেতা ইন্দ্রনীল সেন গুপ্ত, লোকনাথ দে, তানিশা ইসলাম, মিউজিক দিয়েছেন প্রাবুদ্ধ ব্যানার্জি, ক্যামেরায় সৌমিক হালদার।

সংবাদ সম্মেলনে নিউইয়র্কের বাংলা সংবাদমাধ্যমের উল্লেখযোগ্য লেখক সাংবাদিক উপস্থিত ছিলেন।  
 

বিনোদন থেকে আরো পড়ুন