https://www.prothomalony.com/
6954
entertainment
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৩ ০৮:৩২
সাড়া জাগানো বাংলা সিনেমা '১৯৭১ঃ সেই সব দিন' নিউইয়র্কে মুক্তি পাচ্ছে। ২৭ অক্টোবর শুক্রবার পরিচালক হৃদি হক এর নির্মাণের এ ছবিটি মুক্তি পাচ্ছে জ্যামাইকা মাল্টিপ্লেক্স থিয়েটারে। বিভিন্ন শহর, ইউনিভার্সিটি ক্যাম্পাসে ছবিটি প্রদর্শনী নিয়ে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে উত্তর আমেরিকায় এর পরিবেশক বায়স্কোপ ফিল্ম। আমেরিকার প্রতিটি শহরে ছবিটি প্রদর্শনীর উদ্বোধন করবেন একজন বীর মুক্তিযোদ্ধা বা ৭১ সালে স্বজন হারানো কোন বীরের উত্তরসূরি।
পরিবেশক সূত্রে জানা গেছে যেসব শহরে বাংলা স্কুল রয়েছে, সেখানের বাংলা স্কুলের শিক্ষার্থীদের সিনেমাটি দেখানোর সুযোগ করে দেয়া হচ্ছে। এখন পর্যন্ত আমেরিকার বিভিন্ন শহরের নয়টি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছবিটি প্রদর্শনীর আয়োজন সম্পন্ন করা হয়েছে। বায়স্কোপ ফিল্মের হামিদ রাজ জানিয়েছেন, '১৯৭১ঃ সেই সব দিন' এর প্রদর্শনী উপলক্ষ্যে পরিচালক এবং শিল্পীরা আমেরিকায় আসছেন। নিউইয়র্ক সহ অন্যান্য শহরেও তারা ছবিটি প্রদর্শনীর সময় উপস্থিত থাকবেন।
বায়স্কোপ ফিল্মের নাওশাবা রুবনা রশিদ জানান, সিনেমাটিতে ১৯৭১ সালের দিনগুলোকে জীবন্ত করে তুলেছেন হৃদি হক তাঁর নির্মাণে এবং দক্ষ অভিনয় শিল্পীদের সমন্বয়ে। ফেরদৌস আহমেদ, সাজু খাদেম, তারীন জাহান, লিটু আনাম, আনিসুর রহমান মিলন, সজল নূর , সানজিদা প্রিতী, রাওনাক হাসান, মৌসুমী হামিদ, নাজিয়া হক অর্শাসহ শক্তিমান অভিনেতা মামুনুর রশিদ, আবুল হায়াত,জয়ন্ত চট্টোপাধ্যায় এবং গীতশ্রী চৌধুরী প্রমুখকে দেখতে পাওয়া যাবে সিনেমাটিতে। লিটু আনাম এর আর্ট ডিরেকশেনে '১৯৭১ঃ সেই সব দিন' ছবিটিকে অনেক উঁচু স্তরে নিয়ে গেছে। প্রতিটি ফ্রেমে '৭১ এর সেই সময়ের প্রতিচ্ছবি উঠে এসেছে।
হৃদি হক এর পরিচালনায় "১৯৭১ঃ সেই সব দিন" ছবিটির মুক্তি উপলক্ষ্যে পরিচালক স্বয়ং অভিনেতা/অভিনেত্রীদের নিয়ে নিউ ইয়র্কে আসছেন। জ্যামাইকা মাল্টিপ্লেক্স সিনেমায় শুক্রবার তারা অনেকেই থাকবেন দর্শকদের সাথে। এরপর তারা ভার্জিনিয়া, লস আঞ্জেলেস, নিউ জার্সি এবং সান ফ্রান্সিস্কো, ডালাস, পোর্টল্যান্ড, ফিনিক্স, রিনো- নেভাডা, উয়েস্ট পাম বিচ সহ বেশ কিছু শহরের প্রদর্শিনিতে উপস্থিত থাকার কথা রয়েছে।
হামিদ রাজ বলেছেন, বায়স্কোপ ফিল্মস সাড়া জাগানো বাংলা সিনেমা '১৯৭১ঃ সেই সব দিন' আমেরিকায় পরিবেশন করতে পেরে অত্যন্ত আমরা আনন্দিত। দায়িত্ব নিয়ে আমরা আমেরিকার আনাচে-কানাচে এই ছবিটা নিয়ে যেতে চাই। প্রতিটি শহরে এই চলচ্চিত্রটি উদ্বোধন করবেন একজন মুক্তিযোদ্ধা বা ১৯৭১ এর সেই উত্তাল দিন গুলোতে স্বজন-হারানো কোন বীরের উত্তরসূরি । তিনি আরও জানান, ছবিটি আমরা বিভিন্ন স্টেটের বাংলা স্কুলগুলোর শিক্ষার্থীদের এবং এখানকার কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দেখানোর বিশেষ ব্যবস্থা করেছি।
এরমধ্যেই জ্যামাইকা মাল্টিপ্লেক্স এ সিনেমাটি দেখার আগাম টিকিট অনলাইনে পাওয়া যাচ্ছে। পরিবার এবং বন্ধু-বান্ধবসহ ছবিটি হলে গিয়ে দেখার জন্য বায়স্কোপ ফিল্মের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। আমেরিকার বিভিন্ন শহরে ছবিটির প্রদর্শনীর আয়োজন করতে ইচ্ছুকদের বায়স্কোপ ফিল্মের সাথে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
বিনোদন থেকে আরো পড়ুন