https://www.prothomalony.com/

18743

opinion

অভিমত

যেখানে দুপুরগুলো সোনার মতো

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬ ০৩:৩৮

নেপলসের রাজাদের রাজপ্রাসাদ পালাজ্জো রিয়ালে’র সামনে লেখক

আমরা আমাদের তরুনী গাইড মিলানা’র পেছন পেছন হাঁটতে শুরু করলাম। মিলানা চলতে চলতে অজস্র কথা বলছিল। পথে দু’একটা ছবি তুলতে গিয়ে দেখলাম, মিলানা বহুদূর চলে গেছে।প্রায় ছুটে তাকে ধরতে হয়েছে। এদিকে বাবুলের দিকেও খেয়াল রাখতে হচ্ছে, যাতে সে আবার দলছুট না হয়ে যায়।সম্ভবত  যান্ত্রিক ত্রুটির জন্য আমার কানে মিলানার সব কথা পৌঁছাচ্ছিল না। মাঝেমধ্যে হারিয়ে যাচ্ছিল। এভাবেই খানিকটা ছুটতে ছুটতে একরকম হাফিয়ে উঠলাম। 

পথে যেতে যেতে বিভিন্ন দেয়াল কিংবা অট্টালিকায় ম্যারাডোনা এবং লাস্যময়ী সোফিয়া লোরেনের প্রতিকৃতি যেনো মনে করিয়ে দিচ্ছিল, কিংবদন্তী শিল্পীরা আজীবন মানুষের হৃদয়েবেঁচে থাকেন। দেশ, কালের সীমানা ছাড়িয়ে তাদের জয়যাত্রা অব্যাহত থাকে। 

মনে হচ্ছিল নেপলস মানেই ফুটবল যাদুকর ম্যারাডোনার দেশ। আসলে ম্যারাডোনা মানেম্যারাডোনাই। আজও এক এবং অদ্বিতীয়। আর্জেন্টিনায় জন্ম হলেও নেপলস এর তিনিবড়পুত্র। নেপলসে তিনি ঘরের ছেলে। 

আবার নেপলস মানে সোফিয়া লোরেন। যদিও সোফিয়া’র জন্ম রোমে।কিন্তু সবাই তাকে নেপলসের মেয়ে বলেই জানে। সোফিয়া লোরেন নেপলস লাগোয়া পোজ্জুওলি গ্রামে তার নানাবাড়িতে বড় হয়েছেন। তিনি তার বিভিন্ন সাক্ষাতকারে  বলেছেন, - "আমি জন্মেছি রোমে, কিন্তু আমার হৃদয় নেপলসের।" দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তাদের পরিবার নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।চরম দারিদ্র তাদের ক্ষতবিক্ষত করেছিল।

স্কুল জীবনেই আমার ইংরেজি তথা হলিউড মুভি দেখার হাতেখরি হয়েছিল।হাতেখরির ছবিটি ছিল সোফিয়া লোরেন অভিনীত সানফ্লাওয়ার। তারপর তার অভিনীত অনেক চলচিত্র দেখেছি। নেপলস নিয়ে তার বিখ্যাত সিনেমা - ম্যারিজ ইতালিয়ান স্টাইল এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত ‘টু ওমেন’ ছবিটি ইতালীয় চলচ্চিত্রের ইতিহাসে মাইলফলকে পরিণত হয়েছিল। যুদ্ধবিধ্বস্ত রোমে নিজের কন্যাকে রক্ষা করতে তৎপর মায়ের চরিত্রটির সাথে তাঁর বাস্তব জীবনের কিছু সাদৃশ্য রয়েছে বলে শিল্পী নিজেও বলেছেন।

দুপুরের চড়া রোদে একপ্রকার ছুটতে ছুটতে আমরা লাংগোমারে সমুদ্রের পাড়ে এসে দাঁড়ালাম।যদিও জাহাজ থেকে  খুব দূরে নয়। পনেরো কুড়ি মিনিটের হাঁটা পথ। সমুদ্রতীরে একটা শান্ত, সুন্দর জায়গায় এসে গাইড মিলানা’র অশ্বগতি রহিত হল। সে শান্ত হয়ে একটা দেয়ালে হেলানদিয়ে দাঁড়ালো। আমরা পরিব্রাজকরাও যেনো একটু শান্তি পেলাম। 

ভাইকিং সি’র ভ্রমণকারীদের অধিকাংশই মধ্যবয়স পার করা। কাজ থেকে অবসরপ্রাপ্ত। সুতরাংকোনো পদযাত্রা দৌড়ে রূপ নিলে তাদের পক্ষে তাল সামলানো মুশকিল। দেখলাম বাবুলের মতো অনেকেই  হাফাচ্ছেন। সাদা চামড়ার মানুষগুলোর মুখ ঘর্মাক্ত এবং রক্তবর্ণ ধারণ করেছে। 

মিলানা আঙ্গুল তুলে আমাদের সবার দৃষ্টি সমুদ্রের অপর পাড়ে দন্ডায়মান পাহাড়ের দিকে নির্দেশ করে দেখাল। বললো, ‘ঐযে পেছনে যেই পাহাড়টা দেখা যাচ্ছে, ওটা ভিসুভিয়াস আগ্নেয়গিরি।ভিসুভিয়াস পর্বতের পাদদেশে যে শহরটি দূর থেকে দেখা যায়। ওটা পম্পেই। সৌন্দর্য আর ধ্বংসের শহর।৭৯ খ্রিস্টাব্দে যখন ভিসুভিয়াস আগ্নেয়গিরি ফেটে গিয়েছিল, তখন পম্পেই শহরটা ২০ ফুট ছাইয়ের নিচে চাপা পড়ে গিয়েছিল।শত বছর পরে মাটি খুঁড়তে গিয়ে এই শহরের দেখা মেলে। মানুষ তখন জানতে পারে পম্পেই শহর আর শহরের মানুষের জীবনযাপনের চিত্রটা কেমন ছিল।

গোসলখানা, মন্দির, অ্যাম্ফিথিয়েটার, বড়লোকদের বড় বড় বাড়ি আর সাধারণ শ্রমিকদের ছোটছোট ঘরের অবিকল ছাপ ছাইয়ের গাদায় চাপা পড়েছিল বহুকাল। ভয়ঙ্কর হলেও এই  ভিসুভিয়াসই নেপলসকে আরও সুন্দর করে তুলেছে। ভাইকিং সি আজ সারাদিন নেপলসে থাকবে। এখান থেকে পম্পেই, আমালফি কোস্ট, ক্যাপ্রি দ্বীপ, সোরেন্টো - সব জায়গায় ঘুরে দেখা যেতে পারে। 

আমি ভালো করে শুনবো বলে মিলানার পাশেই দাঁড়িয়েছিলাম। জানতে চাইলাম, ‘মিলানা, পম্পেই নগর ধ্বংস হয়ে যাওয়ার পর যে নতুন নগর গড়ে উঠেছে সেটাও কি পম্পেই নামকরন করা হয়েছে?’

‘হ্যাঁ, পম্পেই নামটা এখনো আছে! তবে এখন পম্পেই নামে মুলত দুটা নগর। এটা একটু বুঝিয়ে বলি:

প্রাচীন পম্পেই - যেটা ধ্বংস হয়েছিলো তার অবস্থান একেবারে ভিসুভিয়াসের পায়ের কাছে।এটাকে এখন বলে Pompeii Archaeological Park। খোলা আকাশের নিচে এটা এখন এটা উন্মুক্ত জাদুঘরের মতো। এখানে এখন কোনো জনবসতি নেই। লোকজন এখানে শুধু ঘুরতে আসে।

ঠিক তার পাশেই নতুন শহর গড়ে উঠেছে, নতুন পম্পেই নামে। এখানে এখন প্রায় ২৫,০০০মানুষের বসবাস। দোকান, স্কুল, রেস্টুরেন্ট, ট্রেন স্টেশন সব আছে। আর এখানে একটা খুব বিখ্যাত চার্চ আছে - Shrine of Our Lady of the Rosary।আপনারা চাইলে ট্রেনে মাত্র ৩০মিনিটেই এই নতুন পম্পেই শহর এবং প্রাচীন পম্পেইটা দেখে আসতে পারেন।।

আমরা এখানে ঘন্টা দুয়েক থাকবো। রাজার প্রাসাদ, আর পিয়াজ্জা দেল প্লেবিশিতো ঘুরে দেখবো। আপনারা এখন কিছুক্ষণ নিজের ইচ্ছেমতো আশপাশে ঘোরাঘুরি করে ছবি তুলতে পারেন। তারপর একঘন্টা পরে ঠিক এখানে আমার সাথে এসে মিলিত হবেন।’

সে আমাদের মিটিং পয়েন্ট এবং টাইম জানিয়ে দিয়ে একটা গাছের ছায়ায় গিয়ে বসে পড়লো। আমি এবং বাবলুও এদিক-ওদিক কিছুক্ষণ ঘোরাঘুরি করে, ছবি তুলতে লাগলাম।

আমি পোশাক পরে তৈরি হতে হতে নেপলস সম্পর্কে একটা ডকুমেন্টারি দেখছিলাম। দক্ষিণ ইতালির, প্রায় ১০ লক্ষ বাসিন্দার নেপলস কাম্পানিয়া অঞ্চলের রাজধানী। ভূমধ্যসাগরীয় অঞ্চলের প্রাচীনতম এই শহরটির ইতিহাসে পৌরাণিক কাহিনি ও ঐতিহাসিক বাস্তবতা মিশে আছে। কিংবদন্তি অনুসারে, নেপলস ‘পার্থেনোপীয় শহর’ নামেও পরিচিত।

বাবুলকে বললাম, সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে পেছনে এই ঘুমন্ত আগ্নেয়গিরিকে নিয়ে আমার কয়েকটা ছবি তুলে দিতে। কে বিশ্বাস করবে যে পম্পেই নামক এক জীবন্ত শহরকে ধ্বংস করে দিয়ে এই ভিসুভিয়াস এখন কি নিশ্চিন্তে শান্ত হয়ে ঘুমিয়ে রয়েছে। প্রার্থনা করি, ওর এই ঘুম যেনো অনন্ত হয়! একই জায়গায় দাঁড়িয়ে গাদা খানেক ছবি আমি তুলতে পছন্দ করি না। তবুও বাধ্য হয়েই তুলতে হচ্ছে। কারন আমার ফটোগ্রাফার এতই নিপুন ছবি তোলে যে, ছবিতে অন্যকিছু থাকলেও মাঝেমধ্যেই আমার হাত, পা, মাথার হদীস পাই না।

অনেক লোকজনকে দেখলাম লাংগোমারে - মানে নেপলসের বিখ্যাত সমুদ্র পাড়ের রাস্তা ধরে হাঁটছে বা জগিং করছে। আমিও চারিদিকে ইতিউতি তাকিয়ে, হাঁটাহাঁটি করে জায়গাটির  মানচিত্রটা বুঝতে চেষ্টা করলাম। একদম সাগরের পাড়ে নিচু দেয়ালঘেরা যে জায়গায় আমরা ছবি তুলছিলাম, এটা হল রয়্যাল প্যালেসের পেছনের দিক।এখানে একটা ছোট বাগানমত রয়েছে। এটা রয়্যাল প্যালেসেরই বাগান। ওই বাগানের মাঝখানে ডানহাতখানা বলিষ্ঠ ভঙ্গীতে উপরে  তুলে দন্ডায়মান একটা মূর্তি দেখে সামনে এগিয়ে গেলাম। রোমান সাম্রাজ্যের প্রথম সম্রাট অগাস্টাস স্বয়ং সেখানে দাঁড়িয়ে আছেন। তার সাথে একটু কুশল-বিনিময় না করলে কী হয়? 

সম্রাট অগাস্টাসকে নাকি ইচ্ছে করেই সাগরের দিকে মুখ করে দাঁড় করানো হয়েছে।সেইসময় নেপলস ছিলো রোমান সাম্রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্দর। সাগর থেকে জাহাজে করে যারা নেপলসে ঢুকতো, তারা যাতে প্রথমেই অগাস্টাসকে দেখতে পান তাই এই ব্যাবস্থা।অগাস্টাসের সাথে ফটোসেশন শেষ করে আমরা হাঁটতে হাঁটতে গোলাকার মতো খোলা চত্তরের দিকে এগিয়ে গেলাম। সামনেই পালাজ্জো রিয়ালে মানে রাজার প্রাসাদ। এটা ছিল নেপলসের রাজাদের আবাসিক ভবন। 

১৬০০ সালে শুরু হওয়া এই রাজপ্রাসাদের নির্মান কাজ ১৮০০ সালের দিকে পূর্ণতা পায়।অথাৎ আজকের এই সম্পূর্ণ  রূপ পেতে প্রায় ২০০ বছর লেগেছিল।এর মাঝে নতুন রাজা এসেছেন। পুরোনো রাজা চলে গেছেন।  জেনারেশনের পর জেনারেশন পার হয়েছে। শুরুটা  হয়েছিল স্পেনের রাজা তৃতীয় ফিলিপের জন্য। তখন নেপলস ছিলো স্পেনের অধীনে। কিন্তু রাজা ফিলিপসের আর নেপলস আসা হয়নি।  বোরবন রাজারা নেপলসে আসার পর এই প্যালেসটা তাদের আবাসনে পরিনত হয়। বোরবন রাজা তৃতীয় চার্লস প্রাসাদের আরো সম্প্রসারন করেন। তিনি সিঁড়ি, বলরুম, থিয়েটার সব নতুন করে বানান।তার ছেলে ফার্দিনান্দো প্রথম এসে সামনের পিয়াজ্জা দেল প্লেবিশিতো এবং চার্চটা বানান।

বিশাল রাজপ্রাসাদের মাঝখানে বড় গেটটার ঠিক উপরে ইতালি এবং ইউরোপিয়ান ইউনিয়নের পতাকা যেখানে বাতাসে উড়ছে, এখানেই ছিল রাজাদের কোট অফ আর্মস। এই বারান্দা থেকে রাজারা জনগণের সাথে দেখা দিতেন। ভেতরে গেলে এখনো রাজার সিংহাসনের ঘর, বলরুম, লাইব্রেরি সব দেখা যায়।

আজ নেপলসের দুপুর যেনো সোনার মতো ঝলমল করছে। সেই সোনা গলা রোদ্রে প্রাসাদের কারুকাজগুলো চকমকি পাথরের মতো চমকাচ্ছিল।বেশীক্ষণ চোখ রাখা যায় না।  দূর থেকে রাজপ্রাসাদের অপরূপ কারুকাজের  কিছু ছবি তোলার কসরত করছিলাম, হঠাৎ আমার চোখ গেলো নিচের দিকে। প্যালেসের নিচের তলায় লম্বা করে অনেকগুলো খিলান বা আর্চ আছে।আর প্রত্যেকটা খিলানের মাঝখানে দেয়ালের ভেতরে, একটার পর একটা খোপ কাটা কুলুঙ্গি। হঠাৎ করেই চোখে পড়ল প্রত্যেকটা খোপে একজন করে রাজা পাথর হয়ে দাঁড়িয়ে আছেন। না নড়ছেন, না কথা বলছেন। তারা যেনো তাকিয়ে আছেন আমার দিকে।

আমি মোহগ্রস্থের মতোই সেদিকে এগিয়ে গেলাম। উঁচু বেদীর উপর দাঁড়িয়ে থাকা রাজার চোখে চোখ  রেখে তাকে দেখতে লাগলাম। পাথরের রাজার পায়ের কাছে হাত রাখতেই, তাতে যেনো প্রাণ সন্চারিত হল। তিনি জেগে উঠলেন। অকস্মাত চারিদিকের দৃশ্যপট যেনো বদলে গেলো। একটা উষ্ণ হাওয়া বয়ে গেলো আমার গা ঘেঁষে। একে একে প্রতিটি কুলুঙ্গিতেই প্রাণের স্পন্দন তৈরি হল। 

আমার হাত তখনও রাজা রজারের পায়ের কাছে। তিনি বললেন, "আমি রজার। ফ্রান্স থেকে ঘোড়ায় চড়ে এসেছিলাম। তখন এখানে কোনো রাজ্যই ছিলো না। আমিই প্রথম নেপলস আরসিসিলিকে এক করে রাজ্য বানিয়েছিলাম।"

তার পাশের রাজা ঘার কাত করে আমার দিকে তাকিয়ে হাসলেন। "আমি ফ্রেডেরিক। সবাই আমাকে বলে পৃথিবীর বিস্ময়। আমি ছয়টা ভাষা জানতাম। তুমি যে শহরে হাঁটছো, এখানে আমিই প্রথম বিশ্ববিদ্যালয় বানিয়েছিলাম।"

আমি তৃতীয় রাজার দিকে এগোলাম। রাজা গম্ভীর মুখে বললেন, "আমি চার্লস। ফ্রান্স থেকে এসেছিলাম। কিন্তু আমার কঠোর শাসন জনগণ পছন্দ করেনি। তাই আমাকে চলে যেতে হয়েছিল।“

চতুর্থ রাজা তখন রাজকীয় ভঙ্গিতে বললেন, "আমি আলফোনসো। স্পেন থেকে আমিই এইশহরে রেনেসাঁস নিয়ে এসেছিলাম। বন্দরের কাছে যে সুন্দর সাদা গেটটা দেখেছো, ওটা আমারই বানানো।"

পঞ্চম রাজার মাথায় মুকুটটা সবচেয়ে বড়। তিনি বললেন, "আমি চার্লস পঞ্চম। আমার রাজ্যেসূর্য কখনো ডুবতো না। স্পেন, জার্মানি, আমেরিকা, সবই আমার ছিলো। নেপলস ছিলো আমার সাম্রাজ্যের একটা ছোট শহর মাত্র।"

ষষ্ঠ রাজা তখন ঝুঁকে এলেন। মায়াময় চোখ।  "আমি চার্লস তৃতীয়। নেপলসের মানুষ আমাকে খুব বেশি ভালোবেসেছিল।  আমি এই প্যালেসটাকে সাজিয়েছিলাম।"

সপ্তম রাজা একটু স্টাইল করে দাঁড়িয়ে ছিলেন। তিনি বললেন, "আমি মুরাত।জানতো,  আমার নিজস্ব স্টাইল এবং রঙিন পোশাকের প্রতি দুর্বলতা তখন মানুষের গল্পের বিষয় হয়েছিল।  রাজার ছেলে রাজা হয়। কিন্তু আমি সাধারণ সৈনিক থেকে নিজের গুণে রাজা হয়েছিলাম। বাই দ্য ওয়ে, সম্পর্কে আমি নেপোলিয়ন বোনাপার্টের শ্যালক।”

আর সবার শেষে অষ্টম রাজা। তিনি শান্ত গলায় বললেন, "আমি ভিক্টর ইমানুয়েল। ইতালির এই বাতাসও জানে, এই আমার হাত দিয়েই ইতালি এক হয়েছিলো। তুমি যে স্কয়ারে দাঁড়িয়ে আছো, এখানেই মানুষ ভোট দিয়ে বলেছিলো, আমরা ইতালির সাথে থাকতে চাই।"

আটজন রাজা। আটশো বছরের ইতিহাস। মহাকাল যেনো এখানে এসে ঘুমিয়ে পড়েছেন।  একসময় এদের জীবনকে ঘিরে আবর্তিত হয়েছে কতশত ঘটনা, যুদ্ধ, প্রেম এবং রহস্য—কালের অমোঘ নিয়মে আজ তারা সবাই একই দেয়ালে পাথরের মত  শান্তভাবে পাশাপাশি  দাঁড়িয়েআছেন। 

আর আমি, বাংলাদেশের একমেয়ে, ঘোরগ্রস্থের মতো সেই ইতিহাসের মুখোমুখি দাঁড়িয়ে আছি! আমি কি ভুল করে মহাকালের ঘুম ভাঙ্গিয়েছি? কিংবা রাজাদের সোনার কাঠি রূপার কাঠিতে অজান্তেই আমার হাত পড়েছে? 

অভিমত থেকে আরো পড়ুন