https://www.prothomalony.com/

18741

north-america

উত্তর আমেরিকা

ব্ল্যাক ফ্রাইডেতে অনলাইনে রেকর্ড কেনাকাটা, বিক্রির শীর্ষে গেম কনসোল আর এয়ারপডস

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬ ০৩:২৮

যুক্তরাষ্ট্রে এবারের ব্ল্যাক ফ্রাইডেতে অনলাইনে রেকর্ড পরিমাণ কেনাকাটা করেছেন ক্রেতারা। অ্যাডোবি অ্যানালিটিকসের তথ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত অনলাইন ব্যয় দাঁড়িয়েছে ৯৭০ কোটি ডলারে। যা গত বছরের একই সময়ের চেয়ে ১২ দশমিক ৮ শতাংশ বেশি। দিনশেষে মোট অনলাইন বিক্রি ১ হাজার ৩০০ কোটি ডলার ছাড়িয়ে যাবে বলে প্রত্যাশা করা হচ্ছে — সেপ্টেম্বরে দেওয়া অ্যাডোবির নিজের পূর্বাভাসকেও (১ হাজার ২৯০ কোটি ডলার) ছাড়িয়ে যাওয়ার ইঙ্গিত মিলেছে। মূল্যস্ফীতি আর জ্বালানির বাড়তি দাম সত্ত্বেও ছাড়ের টানে ক্রেতাদের উৎসাহে ভাটাপড়েনি।

বিক্রির শীর্ষে ছিল গেমিং। অ্যাডোবির সেরা বিক্রিত পণ্যের তালিকা ও বড় খুচরা বিক্রেতাদের বিক্রির চিত্র অনুযায়ী, সবচেয়ে বেশি চাহিদা ছিল নিন্টেন্ডো সুইচ ২-এর — এবারই প্রথম উল্লেখযোগ্য ছাড় পেয়ে মারিও কার্ট ওয়ার্ল্ড বান্ডলটি ওয়ালমার্টে বিক্রি হয়েছে ৪৯৯ ডলারে। পাশাপাশি প্লেস্টেশন ৫ ও পিএস৫ প্রো, এক্সবক্স সিরিজ এক্স এবং বছরের সবচেয়ে আলোচিত দুই গেম — গ্র্যান্ড থেফট অটো ৬ ও কল অব ডিউটি: মডার্ন ওয়ারফেয়ার ৪ — ছিল ক্রেতাদের তালিকার ওপরে।

গ্যাজেটে দিনের সবচেয়ে আলোচিত নাম অ্যাপলের এয়ারপডস প্রো ৩। ২৪৯ ডলারের এই ইয়ারবাডস বিক্রি হয়েছে মাত্র ১৪৯ ডলারে, যা ছিল এবারের ব্ল্যাক ফ্রাইডের অন্যতম সেরা ডিল। ফোনের বাজারে চাহিদা ছিল আইফোন ১৮ প্রো, গুগল পিক্সেল ১১, স্যামসাং গ্যালাক্সি এস২৬ আলট্রা ও ভাঁজ করা ফোন গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এর। টিভিতেও বড় ছাড় মিলেছে — হিসেন্সের ৯৮ ইঞ্চি টিভি নেমে এসেছিল ৭৯৯ ডলারে, এলজির ওএলইডি মডেলেও ছিল বড় মূল্যছাড়।

এবারের নতুন গ্যাজেটগুলোর মধ্যে আলাদা করে নজর কেড়েছে কয়েকটি পণ্য। আঙুলে পরার স্মার্ট রিং 'ওরা রিং ৫', মেটার দ্বিতীয় প্রজন্মের কৃত্রিম বুদ্ধিমত্তার চশমা রে-ব্যান মেটা (জেন ২) এবং অ্যাপলের নতুন বাজেট ল্যাপটপ ম্যাকবুক নিও — তিনটিই এবারের নতুন সংযোজন হিসেবে ক্রেতাদের আগ্রহের কেন্দ্রে ছিল। মাত্র ১৯ ডলারে অ্যামাজনের ফায়ার টিভি স্টিক ৪কে এবং সনির নয়েজ-ক্যানসেলিং হেডফোনও বিক্রি হয়েছে প্রচুর।

সেলসফোর্সের আলাদা হিসাবে, দিনের প্রথমার্ধেই যুক্তরাষ্ট্রে অনলাইন বিক্রি হয়েছে ৫৯০ কোটি ডলার এবং সারা বিশ্বে ৩ হাজার ৭০ কোটি ডলার।
প্রতিষ্ঠানটির প্রত্যাশা, পুরো দিনে যুক্তরাষ্ট্রের অনলাইন বিক্রি পৌঁছাতে পারে ১ হাজার ৮৭০ কোটি ডলারে।

কেনাকাটার এই ধারা চলবে সোমবারের সাইবার মানডে পর্যন্ত। অ্যাডোবির হিসাবে, থ্যাংকসগিভিং থেকে সাইবার মানডে — এই পাঁচ দিনে অনলাইন ব্যয় হতে পারে ৪ হাজার ৭৫০ কোটি ডলার। সাইবার মানডেতেই খরচ হবে প্রায় ১ হাজার ৫১০ কোটি ডলার, যা হবে মৌসুমের সবচেয়ে বড় অনলাইন কেনাকাটার দিন।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন