https://www.prothomalony.com/
18738
new-york
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬ ০১:২০
আমার নানা, মোহাম্মদ ইসহাক, ২০২৬ সালের ২১ নভেম্বর ৮৩ বছর বয়সে ইন্তেকাল করেছেন। তিনি দীর্ঘ ও পরিপূর্ণ একটি জীবন কাটিয়েছেন। আমার নানু, বেগম রওশনআরা, দুই বছর আগে সত্তরের কোঠায় ইন্তেকাল করেন। আমার নানা-নানু সত্যিই একটি অর্থবহ জীবন যাপন করেছেন।

বাংলাদেশ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আগে, সম্পূর্ণ ভিন্ন এক সময়ে, যখন এই ভূখণ্ড পূর্ব পাকিস্তান নামে পরিচিত ছিল, তখন তাঁদের বেড়ে ওঠা। দুজনেরই শৈশব কেটেছে চাঁদপুরের গ্রামে। আমার নানা মাত্র ১৫ বছর বয়সে পাকিস্তান বিমানবাহিনীতে যোগ দেন। সেখানে তিনি বেশ কয়েক বছর রেডিও কন্ট্রোলার হিসেবে কাজ করেন।
আমার নানা জীবনে অসাধারণ অনেক কিছু অর্জন করেছেন। তিনি লাহোর বিশ্ববিদ্যালয় থেকে দুটি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বাংলাদেশের স্বাধীনতার পর তিনি বাংলাদেশ পুলিশে কর্মকর্তা হিসেবে যোগ দেন। ডিস্ট্রিক্ট রিজার্ভ ইন্সপেক্টর (আরআই) হিসেবে কর্মজীবন শুরু করে একপর্যায়ে পদোন্নতি পেয়ে পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) পদে উন্নীত হন। সরকারি চাকরি থেকে পদত্যাগের পর তিনি বিক্রমপুর স্টিল মিলে যোগ দেন এবং পরে স্টিলশিল্পে নিজস্ব ব্যবসা শুরু করেন।
আমার নানুও ছিলেন অত্যন্ত বুদ্ধিমতী। তাঁরা দুজন ছিলেন অসাধারণ দুই মানুষ, যাঁরা সব সময় একসঙ্গে, একটি দল হিসেবে কাজ করেছেন। আমার নানা-নানু চাঁদপুরের গ্রাম থেকে তাঁদের পরিবারকে ঢাকায় নিয়ে আসেন। সারা জীবন তাঁরা নিজেদের অর্থ-সম্পদ ব্যবহার করে অনেক মানুষকে এগিয়ে যেতে সাহায্য করেছেন। আত্মীয়স্বজন, বন্ধু কিংবা অপরিচিত মানুষ—এ ক্ষেত্রে তাঁদের কাছে কোনো পার্থক্য ছিল না। তাঁরা ছিলেন এমন মানুষ, যাঁদের কাছে সাহায্যের জন্য গেলে কেউ কখনো খালি হাতে ফিরতেন না। তাঁরা ছিলেন দয়ালু, সাহসী ও নির্মল হৃদয়ের মানুষ।
যৌবনে তাঁরা আমার মা ভায়লা সালিনা এবং পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে বিভিন্ন দেশ ভ্রমণ করতে ভালোবাসতেন। ভালো খাবার তাঁদের দুজনেরই খুব পছন্দ ছিল। তাঁরা দুজনই ছিলেন অত্যন্ত ফ্যাশনসচেতন, আনন্দপ্রিয় এবং জীবনকে পরিপূর্ণভাবে উপভোগ করতে ভালোবাসতেন। তাঁরা দুজনই ছিলেন সত্যিকারের পথপ্রদর্শক ও অগ্রদূত।
১৯৯১ সালে আমার নানা যুক্তরাষ্ট্রে চলে আসেন। ১৯৯৬ সালে আমার মা ভায়লা সালিনা এবং আমি আমার নানা ও বাবা মোহাম্মদ চুন্নুর কাছে যুক্তরাষ্ট্রে আসি। এর কিছুদিন পর আমার নানুও আমাদের সঙ্গে যোগ দেন।
ততদিন পর্যন্ত আমার ভাই ও আমি নানা-নানুর কাছেই বড় হয়েছি। তাঁরা আমাদের এত স্বাধীনতা ও আনন্দ দিয়েছেন যে, তাঁদের কাছ থেকে পাওয়া ভালোবাসার জন্য আমি কতটা কৃতজ্ঞ, তা ভাষায় প্রকাশ করতে পারব না। আমাদের শিক্ষার বিষয়টিকে তাঁরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। আজ আমার ভাই একজন প্রকৌশলী এবং আমি স্বাস্থ্যসেবা খাতে একজন এপিডেমিওলজিস্ট। আমার বাবা-মা এবং বিশেষ করে নানা-নানুর কল্যাণে আমরা নিউইয়র্কে সর্বোত্তম শিক্ষা লাভের সুযোগ পেয়েছি।
আমি বারবার সেই অসংখ্য স্মৃতির কথা মনে করি—নানা-নানুর আমাদের লাইব্রেরিতে নিয়ে যাওয়া, স্কুল থেকে নিয়ে আসা, বাড়ির কাজে সাহায্য করা এবং স্কুল শেষে আমাদের দিয়ে বিভিন্ন ওয়ার্কবুকের অনুশীলন করানো। আমরা অতিরিক্ত ক্লান্ত বলে অভিযোগ করলেও তাঁরা আমাদের পড়াশোনা করানো বন্ধ করতেন না। তখন বুঝতে পারিনি, সারাদিন কাজ করার পর তাঁরাও কতটা ক্লান্ত থাকতেন। কিন্তু তাঁরা কখনো হাল ছাড়েননি।
সেই সময় আমরা বুঝতে পারিনি, আমাদের ভবিষ্যতের জন্য তাঁরা কতটা গভীরভাবে চিন্তা করতেন এবং কীভাবে আমাদের একটি উন্নত জীবনের জন্য প্রস্তুত করছিলেন। কিন্তু আজ সেই সময়ের কথা ভাবলে আমার চোখে পানি চলে আসে। আমাদের আজকের অবস্থানে পৌঁছে দিতে তাঁরা যে কতটা সময় ও শ্রম দিয়েছেন, বিশেষ করে আমেরিকায় আসার পর আমাদের জন্য যে ত্যাগ স্বীকার করেছেন, তা ভাবলে আবেগ ধরে রাখা কঠিন হয়ে পড়ে।
অন্যান্য অভিবাসী পরিবারের মতো যুক্তরাষ্ট্রে নিজেদের জীবন গড়ে তোলা এবং পরিবারকে বড় করতে গিয়ে তাঁদেরও অনেক সংগ্রাম করতে হয়েছে। আমাদের মানুষ করে তোলার জন্য তাঁরা তাঁদের সমস্ত সত্তা উজাড় করে দিয়েছেন। সেই পথচলায় আমাদের জীবনের অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছেন। ইনশাআল্লাহ, একদিন আমার ভাই ও আমিও সেই শিক্ষাগুলো পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারব।
তাঁরা আমাদের শিখিয়েছেন, সব সময় নিজের অধিকারের পক্ষে দাঁড়াতে হয়। শিখিয়েছেন, প্রত্যেক মানুষকেই নিজের পথ নিজেকে তৈরি করে নিতে হয় এবং সবকিছু করতে হয় মর্যাদা ও নৈতিকতা বজায় রেখে। তাঁরা সব সময় আমাদের শিখিয়েছেন, কখনো থেমে যাওয়া যাবে না, সব সময় বড় স্বপ্ন দেখতে হবে—ঠিক যেভাবে তাঁরা নিজেরা সারা জীবন বড় স্বপ্ন দেখে গেছেন।
আমার নানা-নানু হয়তো এই পৃথিবী ছেড়ে চলে গেছেন, কিন্তু তাঁরা রেখে গেছেন জ্ঞান, বিনয় ও নীতিবোধে সমৃদ্ধ এক উত্তরাধিকার। একজন মানুষ আরেকজন মানুষকে যে শ্রেষ্ঠ উপহার ও আশীর্বাদ দিতে পারেন, এটি তারই সর্বোত্তম উদাহরণ।
আমার নানা-নানু কখনো আমাদের কিংবা অন্য কারও জন্য বোঝা ছিলেন না; বরং আমরাই তাঁদের ওপর নির্ভরশীল ছিলাম। আমরা তাঁদের জন্য বোঝা হলেও তাঁরা কখনো আমাদের ছেড়ে দেননি, কখনো হাল ছাড়েননি।
আপনারা হয়তো শুনেছেন, গত কয়েক বছর ধরে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমরা তাঁদের যত্ন নিয়েছি। কিন্তু আমার নানা-নানুর জীবনের অসংখ্য অর্জন এবং আমাদের জন্য তাঁরা যা কিছু করেছেন, তার তুলনায় এটি তাঁদের জীবনের বিশাল গল্পের খুবই ছোট একটি অংশ মাত্র।
নানা-নানু আমাকে ও আমার ভাইকে অপরিসীম ভালোবাসায় আগলে রেখেছেন। জীবনে এমন ভালোবাসা পাওয়ার অভিজ্ঞতা হয়েছে বলে আমি সত্যিই কৃতজ্ঞ। এটি পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পর্কগুলোর একটি—এমন এক আত্মিক বন্ধন, যা এই পৃথিবীর সীমানাকেও অতিক্রম করে যায়।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন