https://www.prothomalony.com/

18739

new-york

নিউইয়র্ক

চতুর্থ রনকনকোমা ক্রিকেট লিগ ২০২৬

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬ ০১:২৬

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রবাসী ক্রীড়াঙ্গনে উৎসবের আমেজ ছড়িয়ে সফলভাবে সম্পন্ন হলো ‘চতুর্থ রনকনকোমা ক্রিকেট লিগ ২০২৬’। রনকনকোমা স্পোর্টস ক্লাবের আয়োজনে ৩১ অক্টোবর ও ১ নভেম্বর লং আইল্যান্ডের কোরামের ডায়মন্ড ইন দ্য পাইনস মাঠে অনুষ্ঠিত হয় দুই দিনব্যাপী এই দিবারাত্রির ক্রিকেট টুর্নামেন্ট।


 
নিউইয়র্ক, কানেকটিকাট ও নিউজার্সির ১২টি দল এবারের আসরে অংশ নেয়। বাংলাদেশি, ভারতীয়, পাকিস্তানি, শ্রীলঙ্কান ও ক্যারিবীয় ক্রিকেটারদের উপস্থিতিতে আয়োজনটি ভিন্ন দেশ ও সংস্কৃতির মানুষের মিলনমেলায় পরিণত হয়। অংশগ্রহণকারী দলগুলো ছিল ব্রঙ্কস কিং ক্লাব, বিগ ওয়ান, ব্রাটলা, লায়ন্স ক্রিকেট ক্লাব, রনকনকোমা ক্রিকেট ক্লাব, পাক আমেরিকা, হ্যাপি ক্রিকেট ক্লাব, নর্থ শোর ক্রিকেট ক্লাব, এসএমএস, এইচ টাউন বয়েজ, ফিয়ার্স ওয়ারিয়র্স ও ওয়েস্টচেস্টার ক্রিকেট ক্লাব।



 
প্রথম দিনের গ্রুপ পর্ব শেষে দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হয় সেমিফাইনাল ও ফাইনাল। দুই দিনব্যাপী এই দিবারাত্রির প্রতিযোগিতায় ব্রাটলাকে ৯ উইকেটে হারিয়ে শিরোপা জিতে নেয় বাংলাদেশি ক্রিকেটারদের দল লায়ন্স ক্রিকেট ক্লাব। রানার্সআপ হয় ব্রাটলা। প্রবাসের মাটিতে বাংলাদেশি ক্রিকেটারদের এই সাফল্য বিশেষ গৌরবের। এবারের আসরে ব্যক্তিগত নৈপুণ্যে নজর কেড়েছেন ব্রঙ্কস কিং ক্লাবের দুলাল হোসেন। সেরা বোলারের পাশাপাশি টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কারও ওঠে তাঁর হাতে। সেরা ব্যাটার নির্বাচিত হন লায়ন্স ক্রিকেট ক্লাবের গুলজার আহমেদ।


 
একযোগে তিনটি মাঠে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় অংশ নেন দুই শতাধিক ক্রিকেটার। আয়োজনের নেপথ্যে ছিলেন আয়োজক কমিটির সদস্য, আম্পায়ার, স্বেচ্ছাসেবক ও পৃষ্ঠপোষকসহ প্রায় ৫০ জন। তাঁদের শ্রম ও আন্তরিকতায় দুই দিনের এই আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।
 
টুর্নামেন্ট আয়োজক কমিটির প্রধান নাঈম কোরেশী বলেন, “এত বড় একটি টুর্নামেন্ট আয়োজনের সুযোগ পেয়ে আমরা গর্বিত। সবার অক্লান্ত পরিশ্রম, মূল্যবান সময় ও আন্তরিক প্রচেষ্টায় টুর্নামেন্টটি অত্যন্ত সুশৃঙ্খল ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। আয়োজনের সফলতা দেখে মনে হয়েছে, আমাদের সম্মিলিত পরিশ্রম সার্থক হয়েছে।”
 
প্রবাসের কর্মব্যস্ত জীবনে খেলাধুলাকে ঘিরে এমন সমাগমের তাৎপর্য অনেক। ভাষা, সংস্কৃতি ও জাতীয়তার ভিন্নতা থাকলেও ক্রিকেটের প্রতি ভালোবাসা সবাইকে এক মাঠে নিয়ে এসেছে।
 
দীর্ঘদিন ধরে লং আইল্যান্ডে খেলাধুলার প্রসারে কাজ করে আসছে রনকনকোমা স্পোর্টস ক্লাব। চতুর্থবারের মতো আয়োজিত এই ক্রিকেট লিগ সেই ধারাবাহিকতারই অংশ। জয়-পরাজয়ের হিসাব ছাপিয়ে এবারের আসরের বড় প্রাপ্তি ছিল বিভিন্ন দেশের প্রবাসীদের মধ্যে গড়ে ওঠা বন্ধুত্ব ও সম্প্রীতি। 

নিউইয়র্ক থেকে আরো পড়ুন