https://www.prothomalony.com/

18722

opinion

অভিমত

অবাঞ্ছিত মৃত্যু আর কত?

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬ ০২:৫৯

লক্ষ্য করলে দেখা যায়, সড়ক দুর্ঘটনা বাংলাদেশের জ্বলন্ত সমস্যাগুলোর মধ্যে অন্যতম। এ কারণে পথচারী মানুষ, অন্যান্য প্রাণী কিংবা যানবাহনের কোনো নিরাপত্তা নেই। পরিসংখ্যান নিলে দেখা যাবে, বিগত দুই মাসে এ দেশের রাস্তায় বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় নারী-পুরুষ ও শিশুসহ অগণিত মানুষ প্রাণ হারিয়েছে এবং আহত হয়েছে অসংখ্য। এদের মধ্যে হয়তো অনেকেই বিকলাঙ্গ জীবনযাপন করছেন অথবা ভবিষ্যতে করবেন।

দুর্ঘটনাগুলোর প্রকৃতি বিশ্লেষণ করলে দেখা যায়, চালকের অনিয়ন্ত্রিত চালনা ও বেপরোয়া গতি অনেক মানুষকে জীবন বা অঙ্গহানির দিকে ঠেলে দিয়েছে। কখনো গাড়ি বা বাইক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় মুখ থুবড়ে পড়েছে অথবা খাদের নিচে তার স্থান হয়েছে। রাস্তার গাছ বা বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা মেরে ছোট গাড়ি বা বাইক উল্টে যাওয়াও এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার। দুই বাস, ট্রাক বা ট্যাক্সির একে অপরকে ওভারটেক করে পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার যে প্রবণতা বা উগ্র প্রতিযোগিতা, বেশির ভাগ ক্ষেত্রে তার ফলেই ঘটছে দুর্ঘটনা। আবার রাস্তার বাঁকে বাস, ট্রাক, সিএনজি, কার, মাইক্রোবাস বা বাইকের মুখোমুখি সংঘর্ষ তো অবিরাম ঘটছেই।

কয়েক বছর আগে রাজধানী ঢাকার অদূরে মানিকগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দেশের খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ, মুনিরসহ পাঁচজন নিহত হন। এর আগে নিউমার্কেট থেকে দুই সন্তানকে নিয়ে মোটরসাইকেলে ফিরছিলেন এক ভদ্রলোক। বিপরীত দিক থেকে মত্ত অবস্থায় বেপরোয়া গতিতে মাইক্রোবাস চালিয়ে এসে এক চালক তাঁকে ধাক্কা মারার ফলে শিশু দুটির পিতা ঘটনাস্থলেই নিহত হন। আরেকটি ঘটনায় ফুটপাত দিয়ে চলার সময় একজন অবসরপ্রাপ্ত শিক্ষক একটি মোটরগাড়ির চাকার নিচে পিষ্ট হয়ে সেখানেই মারা যান। মাত্র কয়েক দিন আগে দুজন সাংবাদিকও গাড়ির চাপায় পিষ্ট হয়ে প্রাণ হারান। এভাবে সারা দেশেই সড়ক দুর্ঘটনা ঘটছে হরহামেশা। প্রাণ হারাচ্ছেন শত শত মানুষ, বিকলাঙ্গ হচ্ছেন আরও বেশি।

অনেক খবরের কাগজ এবং বৈদ্যুতিক মাধ্যম এসব দুর্ঘটনার সংবাদ পরিবেশন করেছে এবং এ বিষয়ে তাদের মতামত ব্যক্ত করেছে। কিন্তু দুর্ঘটনায় মৃত্যুর পর মৃত্যুর মিছিল দেখে মানুষ এখন পাথরের মতো এমন নিষ্ঠুর হয়ে যাচ্ছেন যে, এসব দুর্ঘটনার খবরে তাঁদের কপালে বিন্দুমাত্র ভাঁজও পড়ে না।

দুর্ঘটনার জন্য আমরা অনেক সময় খারাপ রাস্তাকেই দায়ী করি। কিন্তু দেখা যায়, খারাপ রাস্তায় কখনো মারাত্মক দুর্ঘটনা তত বেশি ঘটে না। কারণ, সামনের রাস্তা খারাপ জানলে নিতান্ত অপটু চালকও অত্যন্ত হুঁশিয়ার হয়ে গাড়ি চালান। রাস্তা যখন মসৃণ এবং সেখানে যখন গর্ত, খানাখন্দ থাকে না, তখনই চালকের পা শক্ত হয়ে অ্যাক্সিলারেটরে চেপে বসে গাড়ির গতিকে অতিমাত্রায় বাড়িয়ে দেয়।

যেসব কারণে দুর্ঘটনা ঘটে, তাদের মধ্যে প্রধান হলো অনিয়ন্ত্রিত গতি, বেপরোয়া চালনা, বিকল ব্রেক, চালকের অন্যমনস্কতা, গাড়ি চালনার সময় মোবাইলে কথা বলা, হাসিঠাট্টায় ব্যস্ত থেকে গাড়ি চালনা, মদ খেয়ে উন্মত্ত অবস্থায় স্টিয়ারিং ঘোরানো এবং সর্বোপরি রাস্তায় গাড়ি চলাচলের নিয়মাবলি না জানা। ড্রাইভিং লাইসেন্স দেওয়ার ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যোগ্যতা বিচার না করেই অর্থ বা অন্য কারণে প্রভাবিত হয়ে লাইসেন্স দিয়ে থাকেন। এভাবে প্রশাসনিক দুর্নীতিও দুর্ঘটনার অন্যতম কারণ।

অনেক সময় দেখা যায়, চালক যখন সতর্ক হয়ে ধীরগতিতে গাড়ি চালান, তখন আরোহীরা তাঁকে ধমক দেন এবং গাড়ির গতি আরও বাড়ানোর জন্য উত্তেজিত করেন। যে চালক দ্রুতগতিতে গাড়ি চালান, তিনি আরোহীদের বাহবা পান বেশি। আবার অনেক সময় চালক বেপরোয়া গাড়ি চালালে অনেক যাত্রীই তাঁকে হুঁশিয়ার করে দেন। কিন্তু তিনি এসব কথায় পাত্তা না দিয়েই বেপরোয়া গাড়ি চালাতে থাকেন। ফলে ঘটে দুর্ঘটনা।

বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। আমাদের দেশের গণতন্ত্রের ধারক ও বাহকেরাই সবচেয়ে বেশি ট্রাফিক নিয়ম লঙ্ঘন করে থাকেন। আমাদের দেশে মন্ত্রী, প্রতিমন্ত্রীরা কনভয় নিয়ে যখন শোভাযাত্রা করেন, সব নিয়ম ভেঙে রাজপথে চলেন, তখন সে রাস্তায় জনসাধারণের পথচলা নিষিদ্ধ করে দেওয়া হয়। মাত্র কয়েক দিন আগে ঢাকার এক গুরুত্বপূর্ণ রাস্তায় কোনো এক মন্ত্রীর গাড়ি ট্রাফিক নিয়ম ভঙ্গ করে উল্টো দিকে যাওয়ার সময় পুলিশ গাড়িটি আটক করে, জরিমানা করে ও মামলা দায়ের করে। মাত্র কয়েক বছর আগে এক সড়ক দুর্ঘটনায় মারা যান সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান। এভাবে প্রতিদিন কত মানুষের মৃত্যু হচ্ছে, তার খবরই বা কয়জনে রাখে? গণতন্ত্রের নামে এই প্রহসনের ব্যাপারে কিন্তু কেউ মাথা ঘামান না।

জনসমাগম সহজে ঘটানোর জন্য রাস্তার মোড়ে বা হাটবাজার কিংবা ব্যস্ত জনবহুল এলাকায়ও মিটিং-মিছিল করে যানবাহন চলাচলে ব্যাঘাত ঘটানো হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদেরও যানবাহন চলাচলে ট্রাফিক নিয়ম মোটেই মেনে চলতে দেখা যায় না।

রাস্তায় গাড়ি চলাচলের সুনির্দিষ্ট নিয়মাবলি আছে। সেই নিয়মগুলোর রক্ষাকর্তারা, যেমন পরিবহন বিভাগের কর্মকর্তারা এবং পুলিশ বিভাগ যদি তাঁদের কর্তব্যে অবহেলা না করে থাকেন, তবে অধিকাংশ দুর্ঘটনাই হয়তো এড়ানো সম্ভব হতো। দুর্ঘটনাগ্রস্ত গাড়ির মালিক ও চালকের সেই দুর্ঘটনার জন্য দোষ ও দায়িত্ব কতখানি, পথচারী মানুষের সাক্ষ্য নিয়ে তা বিচার করে কর্তৃপক্ষ কিন্তু রাস্তাতেই দোষীর উপযুক্ত শাস্তি বিধান করতে পারে। অপরাধী বাস, ট্যাক্সি, অটো কিংবা মোটরসাইকেল চালক যদি ঘটনাস্থল থেকে পালিয়ে যান, তবে ধাবমান পুলিশ ভ্যান সঙ্গে সঙ্গে তাঁর পেছনে ছুটে তাঁকে ধরে আটক করতে পারে। অপরাধের মাত্রা অনুযায়ী শাস্তিস্বরূপ অর্থ জরিমানা, জেল কিংবা চালকের লাইসেন্স বাতিল করা যেতে পারে। গাড়ির নম্বর, মালিক ও চালকের নাম উল্লেখ করে খবরের কাগজে এবং সরকারি বিজ্ঞপ্তিতে এই শাস্তির কথা প্রচার করতে হবে।

কিন্তু যে দেশে প্রকাশ্য দিবালোকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক শ্রেণির সদস্যদের রাস্তায় গাড়ি থামিয়ে জানালায় হাত ঢুকিয়ে নির্লজ্জভাবে চালকের কাছ থেকে উৎকোচ গ্রহণ করে অপরাধীকে ছেড়ে দিতে দেখা যায়, সে দেশে এসব আশা করা যায় কি?

গাড়ির গতি নিয়ন্ত্রণের একটি উপায় হলো স্কুল কিংবা হাসপাতালের কাছে দুর্ঘটনাপ্রবণ জায়গায় গাড়ির গতি কমিয়ে আনা। কিন্তু আমাদের দেশে জাতীয় মহাসড়কগুলো নাকি স্পিডব্রেকারের আইনের আওতার বাইরে। সে ক্ষেত্রে রাস্তার উচ্চতা সামান্য কমানোর বদলে এসব জায়গায় অস্থায়ী ফলক-নির্দেশনামা বসিয়ে উদ্দেশ্য হাসিল করা যেতে পারে।

অনেক সময় রাস্তায় বিচরণকারী গরু-ছাগল-কুকুর ও বিড়ালও দুর্ঘটনা ঘটিয়ে থাকে। এসব ক্ষেত্রে চালকদের শাস্তি না দিয়ে ওই সব পশুর মালিকদের অর্থ জরিমানা করা উচিত। অনেক সময় আবার আমরা নিরাপত্তার সব আইন ভেঙে গ্রামের গরিব মানুষদের বাসের ছাদে বসে যাতায়াত করতে দেখি। এখানে দোষ যেমন সাধারণ মানুষদের, তেমনি অপরাধ বাসচালক ও কন্ডাক্টরেরও। সরকার কি আইন পাস করে এই বিপজ্জনক অভ্যাস বন্ধ করতে পারে না? জনসংখ্যার অত্যধিক বৃদ্ধি যদি এমন বিপদসংকুল ভ্রমণের কারণ হয়, তবে সরকারের উচিত রাস্তায় আরও অধিকসংখ্যক বাস নামিয়ে আগে থেকেই দুর্ঘটনার সম্ভাবনা রোধ করা।

পথ দুর্ঘটনার দায়িত্ব সরকার কোনো মতেই এড়াতে পারে না। জনগণ এবং বিশেষ করে বুদ্ধিজীবী সম্প্রদায়কে সতর্ক থাকতে হবে। দেখতে হবে, সরকার আইনের ফাঁকগুলো বন্ধ করে পথচারী মানুষ এবং যানবাহন চালকদের অক্ষরে অক্ষরে আইন মেনে চলতে বাধ্য করতে পারছে কি না। সরকারকে দেখতে হবে, সর্ষের মধ্যে যেন ভূত না থাকে। অত্যন্ত কঠোর হাতে আরটিএ কিংবা পুলিশ বিভাগে অবৈধ লেনদেন বন্ধ করতে হবে।

পাশ্চাত্য দেশে ‘ভাঙা কাচ তত্ত্ব’ নামে একটি যুক্তি আছে, যার অর্থ হলো, যে গাড়ির কাচ ভাঙা, সমাজবিরোধীরা সেই কাচ ভাঙা গাড়ির ওপরেই ক্রমাগত আঘাত হানে। আইনের শাসন নেই বলেই আমাদের দেশে এত বেশি পথ দুর্ঘটনা হয়। আমাদের শাসনযন্ত্রের এমন বিকলাঙ্গ অবস্থা যে অপরাধীরা জানে, তারা গুরুতর অপরাধ করলেও অর্থ কিংবা পেশিশক্তির কৌলীন্যে পার পেয়ে যায়। তাদের কোনো সাজা হয় না।

সরকারকে তাই প্রমাণ করতে হবে যে দেশে আইনের শাসন আছে এবং ধনবান বা ক্ষমতাশালী ব্যক্তিরাও যদি আইন ভঙ্গ করেন, তবে তাঁদের সাজা অনিবার্য। যে সরকার নিজের দেশে পথ দুর্ঘটনার সংখ্যা কমাতে পারে না, ঠুঁটো জগন্নাথের মতো শক্ত হয়ে গদি আঁকড়ে বসে থাকার কোনো যুক্তি নেই। এই সত্য আমাদের নেতাদের উপলব্ধি করতেই হবে এবং তা তাঁদের নিজেদের স্বার্থেই।

লেখক: সাংবাদিক ও কলামিস্ট।

অভিমত থেকে আরো পড়ুন