https://www.prothomalony.com/

18737

north-america

উত্তর আমেরিকা

ছুটির আনন্দ নিয়ে ফেরার পথে সাগরে হারাল ছয়টি প্রাণ: মিসিসিপির উপকূলে বিমান বিধ্বস্ত, নিহত একই পরিবারের ৬ সদস্য

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬ ০১:১৫

ছুটির ক্যালেন্ডারে থ্যাংকসগিভিং তখন দুয়ারে। লুইজিয়ানায় মাছ ধরার একটি আনন্দময় ভ্রমণ শেষে ফ্লোরিডার ফোর্ট মায়ার্সের বাড়ির দিকে ফিরছিল একটি পরিবার। বাড়িতে তাদের অপেক্ষায় ছিলেন বাকি স্বজনেরা। কিন্তু সেই বাড়ি ফেরা আর হলো না। মঙ্গলবার বিকেলে মিসিসিপির উপকূলের কাছে সাগরে আছড়ে পড়ে তাঁদের ছোট বিমান, প্রাণ হারান একই পরিবারের ছয়জন।

বিমানটি চালাচ্ছিলেন ৫০ বছর বয়সী ব্রেন্ট স্টোকস, যিনি নিজের পরিবারকে নিয়ে ফিরছিলেন। সঙ্গে ছিলেন তাঁর ১৬ বছর বয়সী ছেলে হান্টার স্টোকস, বোন আর্লিন নক্স (৪৩), ভগ্নিপতি মাইকেল নক্স (৪৩) এবং তাঁদের দুই ছেলে, ১২ বছর বয়সী চার্লস হোল্ডেন নক্স ও ১০ বছর বয়সী ট্রুয়েট নক্স। একটি পরিবারের দুই প্রজন্ম, তিনজন প্রাপ্তবয়স্ক আর তিনটি কিশোর-শিশু, এক ভ্রমণেই সবাই হারিয়ে গেলেন।

নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার বিকেলে নিউ অরলিন্সের একটি বিমানবন্দর থেকে ওড়ার সময় পাইলট কোনো সমস্যার কথা জানিয়েছেন বলে মনে হয় না। লাইভএটিসি ডটনেট ওয়েবসাইটে পাওয়া বিমান-নিয়ন্ত্রণ কক্ষের রেকর্ডিংয়েও যাত্রাপথে কোনো বিপদসংকেত বা "ডিসট্রেস কল" পাওয়া যায়নি।

তবে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার ঠিক আগে গাল্ফপোর্ট–বিলোক্সি আন্তর্জাতিক বিমানবন্দরের একজন বিমান নিয়ন্ত্রক পাইলটকে সতর্ক করেছিলেন যে এলাকায় বৃষ্টিপাত ও প্রতিকূল আবহাওয়া রয়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) তথ্য অনুযায়ী, বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে বিমানটির সঙ্গে যোগাযোগ হারিয়ে যায়। এফএএ জানিয়েছে, উড্ডয়নের প্রায় ৩০ মিনিট পর একইঞ্জিনের সেসনা বিমানটি হঠাৎ মিনিটে প্রায় ১০ হাজার ফুট হারে নিচে নামতে শুরু করে।

এরপর শুরু হয় অপেক্ষার সময়। মিসিসিপির হর্ন আইল্যান্ডের কাছে যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ডের উদ্ধারকারী দল ঘণ্টার পর ঘণ্টা সাগরে খোঁজ চালায়। কোস্ট গার্ডের মুখপাত্র জুয়ান রস জানান, প্রথমে তারা কেবল তিনটি লাইফ জ্যাকেট, একটি লাইফ র‍্যাফট আর পানিতে ভাসমান বিমানের ককপিট অংশ খুঁজে পান। রাত প্রায় সাড়ে ১১টায় বিধ্বস্ত সেসনা ২১০-এর ভেতর থেকেই ছয়জন নিহতের সবার মরদেহ উদ্ধার করা হয়।

ব্রেন্ট স্টোকস ছিলেন ফোর্ট মায়ার্সভিত্তিক একটি মেরিন কন্ট্রাক্টিং কোম্পানির প্রেসিডেন্ট। কোম্পানির ওয়েবসাইটে তাঁকে "অনুরাগী মৎস্যশিকারি ও আজীবন নৌযাত্রী" বলে বর্ণনা করা হয়েছে। আর্লিন ও মাইকেল নক্স ২০১২ সালে প্রতিষ্ঠা করেছিলেন ফোর্ট মায়ার্সভিত্তিক আইটি কোম্পানি নক্স টেকনোলজিস, যেটি তাঁরা একসঙ্গে চালিয়ে আসছিলেন।

কিশোর হান্টার স্টোকস ছিলেন ফোর্ট মায়ার্স হাই স্কুলের টার্নিং পয়েন্ট ইউএসএ (টিপিইউএসএ) ক্লাবের সভাপতি। এই রক্ষণশীল তরুণ সংগঠনটি এক্স-এ দেওয়া বিবৃতিতে জানিয়েছে, তারা "মর্মাহত"। হান্টারকে তারা বর্ণনা করেছে "একজন তরুণ দেশপ্রেমিক, যে নিজের উদাহরণ দিয়ে নেতৃত্ব দিত" বলে।

বুধবার স্টোকস ও নক্স পরিবার যৌথ বিবৃতিতে বলেছে, "তাঁরা তাঁদের প্রিয় কাজ করতে করতেই চলে গেছেন: একটি মনোরম ছুটির মৌসুমের শুরু উদ্‌যাপন করেছেন মাছ ধরার ভ্রমণে একসঙ্গে, তারপর বাকি পরিবারের কাছে ফিরে আসার কথা ছিল। শোকের মাঝেও আমরা এটাকেই আঁকড়ে ধরে আছি, আর আঁকড়ে ধরে আছি তাঁদের দেওয়া ভালোবাসাকে এবং আজ আমাদের ঘিরে থাকা ভালোবাসাকে। আমরা তাঁদের সবসময় আমাদের সঙ্গে বয়ে নিয়ে চলব।"

দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে তদন্ত করছে যুক্তরাষ্ট্রের জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড (এনটিএসবি), তাদের সহায়তা করছে এফএএ। কেন বিমানটি এমন আকস্মিকভাবে নিচে নেমে এল, তার উত্তর আপাতত অজানা।

এবারের থ্যাংকসগিভিংয়ের টেবিলে পরিবারের ছয়টি আসন ফাঁকা থেকে গেলো ! 
 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন