https://www.prothomalony.com/
18733
north-america
কুয়েতে নিযুক্ত বাংলাদেশ মিলিটারি কন্টিনজেন্টসের (বিএমসি) উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) কুয়েতের সুবহান সেনানিবাসের বিএমসি সদর দপ্তর প্রাঙ্গণে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কুয়েত সশস্ত্র বাহিনী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (এমওআই) ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, কুয়েতে নিযুক্ত বিভিন্ন দেশের প্রতিরক্ষা অ্যাটাশে, বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাবৃন্দ এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বিএমসি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল আজিম। তিনি তার বক্তব্যে মহান মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবসের গৌরবোজ্জ্বল ইতিহাস ও তাৎপর্য তুলে ধরেন। পাশাপাশি কুয়েত পুনর্গঠন ও নিরাপত্তায় বাংলাদেশি সেনাসদস্যদের দীর্ঘদিনের অবদান এবং দুই ভ্রাতৃপ্রতিম দেশের সশস্ত্র বাহিনীর মধ্যকার সুদৃঢ় সম্পর্কের কথা উল্লেখ করেন।

অনুষ্ঠানে কুয়েত সশস্ত্র বাহিনীর মোবিলাইজেশন ডাইরেক্টরেটের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সোলায়মান খালেদ ১৯৯১ সাল থেকে অদ্যাবধি কুয়েতের প্রতিরক্ষা ও পুনর্গঠনে বাংলাদেশি সেনাসদস্যদের অবদান ও আত্মত্যাগের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। আগামী দিনেও দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যকার এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
দিবসটি উপলক্ষে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর গৌরবময় ইতিহাস এবং কুয়েতে বিএমসির বিভিন্ন অপারেশনাল কর্মকাণ্ডের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এ ছাড়া ১৯৭১ সালে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর জন্মলগ্ন থেকে শুরু করে ১৯৯১ সাল থেকে কুয়েতে বিএমসির ধারাবাহিক কার্যক্রমের ওপর একটি বিশেষ আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রামাণ্যচিত্র ও স্থিরচিত্র প্রদর্শনী আমন্ত্রিত অতিথিদের বিশেষভাবে আকৃষ্ট করে।
আয়োজনটিকে স্মরণীয় করে রাখতে অনুষ্ঠানে ‘বিএমসি ম্যাগাজিন ২০২৬’-এর মোড়ক উন্মোচন করা হয়। সশস্ত্র বাহিনীর ঐক্য, পেশাদারি ও জাতির প্রতি নিঃস্বার্থ সেবার প্রত্যয় পুনর্ব্যক্ত করার মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন