https://www.prothomalony.com/

18734

north-america

উত্তর আমেরিকা

৯৭ হাজার মামলার চাপে মার্কিন বিচার বিভাগ, অন্য বিভাগের আইনজীবী যুক্ত করার নির্দেশ

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬ ০১:০৩

অভিবাসন আটক কেন্দ্রে থাকা বন্দিদের করা মামলার ঢেউ সামলাতে হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। পরিস্থিতি সামাল দিতে এখন অভিবাসন বিষয়ে কাজ করেন না, এমন আইনজীবীদেরও এসব মামলায় যুক্ত করার নির্দেশ দিয়েছেন অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ। মঙ্গলবার (২৪ নভেম্বর) সিবিএস নিউজ প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সংশ্লিষ্ট একটি অভ্যন্তরীণ মেমোতে বলা হয়েছে যে আটকাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে করা ‘হেবিয়াস কর্পাস’ বা বন্দি প্রত্যক্ষীকরণ পিটিশনগুলোর সংখ্যা অস্বাভাবিক হারে বেড়ে গেছে। ২০২৫ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৯৭ হাজারের বেশি বন্দি হেবিয়াস কর্পাস পিটিশন দাখিল করেছেন। শুধু ২০২৬ সালের অক্টোবর থেকে এখন পর্যন্তই নতুন পিটিশন এসেছে প্রায় ১০ হাজার। হেবিয়াস কর্পাস হলো এমন একটি আইনি প্রক্রিয়া, যার মাধ্যমে একজন বন্দি ফেডারেল বিচারকের কাছে জানতে চাইতে পারেন, তাকে আইনসম্মতভাবে আটকে রাখা হয়েছে কি না।

এত দিন এসব মামলা মূলত ইউএস অ্যাটর্নিদের কার্যালয়গুলো সামলাচ্ছিল। নতুন নির্দেশে অ্যান্টিট্রাস্ট, সিভিল, সিভিল রাইটস এবং এনভায়রনমেন্ট অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস বিভাগের আইনজীবীদের পাশাপাশি ইউএস ট্রাস্টি প্রোগ্রামের আইনজীবীদেরও এসব মামলায় সহায়তা করতে বলা হয়েছে। সিবিএস নিউজ জানিয়েছে, এসব বিভাগে মোট প্রায় দুই হাজার মামলা পরিচালনাকারী আইনজীবী রয়েছেন। তবে মেমোতে কতজন আইনজীবীকে আসলে যুক্ত করা হবে বা প্রত্যেকে কয়টি করে মামলা সামলাবেন, তা স্পষ্ট করা হয়নি।

মামলার এই চাপে ফেডারেল প্রসিকিউটরদের কার্যালয়গুলোও তীব্র চাপে পড়েছে। চলতি মাসের শুরুতে ওয়াশিংটনের ওয়েস্টার্ন ডিস্ট্রিক্টের ভারপ্রাপ্ত মার্কিন অ্যাটর্নি চার্লস নিল ফ্লয়েড আদালতকে জানান যে বিপুলসংখ্যক পিটিশনের কারণে তার দপ্তর অনেক অভিবাসন আটক চ্যালেঞ্জের বিপরীতে লড়বে না। এ ছাড়া আগের বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে যে পিটিশন বাড়ার পাশাপাশি বিভাগের অভিবাসন মামলা পরিচালনাকারী আইনজীবীর সংখ্যা প্রায় এক-চতুর্থাংশ কমে গেছে।

তিন পৃষ্ঠার একটি অভ্যন্তরীণ মেমোতে অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ লিখেছেন, বিভাগের অনেক মার্কিন অ্যাটর্নির কার্যালয় বিপুলসংখ্যক পিটিশনের ঢল এবং আদালতগুলোর নির্ধারিত অবাস্তব পদ্ধতিতে জর্জরিত হয়ে পড়েছে।

মেমোতে অনেক পিটিশনকে ভিত্তিহীন বলে দাবি করেছেন ব্ল্যাঞ্চ। মামলার সংখ্যা বেড়ে যাওয়ার জন্য তিনি আংশিকভাবে অভিবাসন আইনজীবীদের দায়ী করে লিখেছেন, জনগণের নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতিকে বাধাগ্রস্ত করতেই এই তৎপরতা চলছে।

অন্যদিকে সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, মামলা বেড়ে যাওয়ার পেছনে প্রশাসনের কঠোর নীতি ও অভিযানও রয়েছে। রেকর্ডসংখ্যক মানুষকে আইসিই আটক কেন্দ্রে রাখা হয়েছে এবং জামিনে মুক্তির সুযোগ সংকুচিত করা হয়েছে। ২০২৫ সালের জুলাই মাসে অবৈধভাবে প্রবেশ করা সব অভিবাসীকে জামিন ছাড়া বাধ্যতামূলক আটকে রাখার নীতি ঘোষণা করা হয়েছিল। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বেশিরভাগ আপিল আদালত সেই নীতি প্রত্যাখ্যান করেছে।

বাধ্যতামূলক আটক নীতি বৈধ কি না, তা পর্যালোচনা করতে গত অক্টোবর মাসে মার্কিন সুপ্রিম কোর্ট সম্মত হয়েছে। সুপ্রিম কোর্টের রায় প্রশাসনের বিপক্ষে গেলে পুরো মামলার চিত্রই বদলে যেতে পারে বলে মনে করা হচ্ছে। এর আগে হেবিয়াস কর্পাস স্থগিত করার প্রস্তাবও আলোচনায় এসেছিল; গত বছর হোয়াইট হাউসের চিফ অব স্টাফ স্টিফেন মিলার এ সম্ভাবনার কথা তুললেও প্রশাসন সে পথে এগোয়নি।

আপাতত পরিস্থিতি সামাল দিতে আরও বেশি আইনজীবী যুক্ত করার কৌশল নিয়েছে বিচার বিভাগ। ফলে যারা এত দিন সিভিল রাইটস বা অ্যান্টিট্রাস্টের মতো বিষয় সামলাতেন, তারাই এখন অভিবাসন আটক মামলার সামনের সারিতে যুক্ত হচ্ছেন।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন