https://www.prothomalony.com/

18732

north-america

উত্তর আমেরিকা

ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে মামদানির পরামর্শ নিচ্ছেন এল-সাইয়েদ

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬ ০০:৫৯

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে সর্বজনীন স্বাস্থ্যসেবার প্রস্তাব তুলে ধরার প্রস্তুতি নিচ্ছেন মিশিগানের নির্বাচিত ডেমোক্র্যাট সিনেটর আবদুল এল-সাইয়েদ। তাঁর প্রস্তাবের নাম ‘ট্রাম্পকেয়ার’। এ নিয়ে নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচিত জোহরান মামদানির পরামর্শও নিচ্ছেন তিনি।

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ধাক্কার পর ট্রাম্প স্বাস্থ্যসেবা ও অভিবাসনসহ কয়েকটি গুরুত্বপূর্ণ নীতিতে অবস্থান বদলাতে পারেন—এমন জল্পনার মধ্যেই এল-সাইয়েদের এই উদ্যোগ সামনে এসেছে। পলিটিকোর প্লেবুককে এল-সাইয়েদ জানিয়েছেন, মামদানির সঙ্গে এ বিষয়ে তাঁর মতবিনিময় চলছে। ট্রাম্পের সঙ্গে মামদানির সাম্প্রতিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককেও তিনি গুরুত্ব দিচ্ছেন। এল-সাইয়েদের ভাষায়, প্রেসিডেন্টও বোঝেন, স্বাস্থ্যসেবায় কিছু একটা করা প্রয়োজন।

ট্রাম্পের ব্যক্তিগত ভাবমূর্তিকে কাজে লাগিয়ে প্রস্তাবটি এগিয়ে নেওয়াই এল-সাইয়েদের কৌশল। এমনকি প্রেসিডেন্টের নাম খোদাই করা সোনালি স্বাস্থ্যবিমা কার্ডের ধারণাও দিয়েছেন তিনি। প্রস্তাবটির মূল লক্ষ্য হলো মেডিকেইডে কাটছাঁট বাতিল, মেডিকেয়ারের যোগ্যতার বয়স কমানো এবং শিশুদের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। পাশাপাশি দাঁত, চোখ ও শ্রবণসেবাকেও এর আওতায় আনার কথা বলা হয়েছে। এল-সাইয়েদ চান, স্বাস্থ্যসেবা সবার জন্য নিশ্চিত হোক—আলাদা আবেদন বা নিবন্ধনের প্রয়োজন ছাড়াই।

গত সপ্তাহান্তে ট্রাম্প তাঁর ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে এল-সাইয়েদের প্রস্তাব শেয়ার করেন। পরে নিউইয়র্ক পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে তাঁর প্রশংসাও করেন। ট্রাম্প তাঁকে ‘চালাক মানুষ’ বলে উল্লেখ করে দুই পক্ষের মধ্যে সমঝোতার আশাবাদ জানিয়েছেন। ট্রাম্পের মতো একজন রিপাবলিকান প্রেসিডেন্টের কাছ থেকে সর্বজনীন স্বাস্থ্যসেবার মতো উদারপন্থী প্রস্তাবের প্রতি আগ্রহ রাজনৈতিক মহলে নতুন প্রশ্ন তৈরি করেছে। মধ্যবর্তী নির্বাচনের ধাক্কা কি তাঁকে নিজের অভ্যন্তরীণ নীতি নতুন করে সাজাতে বাধ্য করছে?

অভিবাসন নীতিতেও ট্রাম্পের অবস্থান কিছুটা নমনীয় হতে পারে—এমন জল্পনা রয়েছে। এমনকি সম্ভাব্য সাধারণ ক্ষমার কথাও আলোচনায় এসেছে। তবে স্বাস্থ্যসেবায় সর্বজনীন সুবিধা কিংবা ব্যাপক অভিবাসী সাধারণ ক্ষমার বিষয়ে ট্রাম্প এখনো আনুষ্ঠানিক সমর্থন জানাননি। প্রশ্ন থেকেই যাচ্ছে—এল-সাইয়েদের ‘ট্রাম্পকেয়ার’ কি সত্যিই মার্কিন স্বাস্থ্যনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করবে, নাকি নির্বাচনী ধাক্কা সামাল দিতে ট্রাম্পের রাজনৈতিক কৌশলেরই আরেকটি নাম? 
 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন