https://www.prothomalony.com/

18727

north-america

উত্তর আমেরিকা

রংতুলিতে অভিবাসী জীবনের ছাপ, ব্রংকসে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ ম্যুরাল

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬ ০৭:৩৯

বৈচিত্র্যময় অভিবাসী জীবন যুক্তরাষ্ট্রের ঐতিহ্য ও অগ্রগতির সঙ্গে মিশে আছে আষ্টেপৃষ্ঠে। বিশ্বের নানা প্রান্ত থেকে আসা বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ নিজেদের সংস্কৃতি, ঐতিহ্য ও জীবনাচার নিয়ে সমৃদ্ধ করেছেন দেশটিকে। বক্তৃতা, গল্প-কবিতা, গান কিংবা শিল্পীর রংতুলিতে বারবার উঠে এসেছে এই বহুজাতিক সমাজের নানা চিত্র। এবার নিউইয়র্কের ব্রংকসে সুউচ্চ এক দেয়ালচিত্রে রংতুলির আঁচড়ে ফুটে উঠেছে অভিবাসী জীবনের সেই বৈচিত্র্য ও মেলবন্ধন।

ভিজ্যুয়াল আর্টিস্ট নেস্টর ওমর গার্সিয়া, যিনি আঙুরিয়া নামে পরিচিত, দীর্ঘ গবেষণা ও প্রস্তুতির পর এই ম্যুরালটি নির্মাণ করেছেন। নিউইয়র্ক সিটির সাউথ ব্রংকসের মেলরোজ এলাকায় পার্ক অ্যাভিনিউ ও ইস্ট ১৫৮তম স্ট্রিটের সংযোগস্থলে অবস্থিত নিউইয়র্ক সিটি হাউজিং অথরিটির ২৯ তলা বিশিষ্ট মরিসানিয়া এয়ার রাইটস (এমএআর) আবাসন কমপ্লেক্সের দেয়ালজুড়ে আঁকা হয়েছে ম্যুরালটি। ‘উন মার দে হেন্তে’ বা ‘ফ্রম এভরি শোর’ শিরোনামের ৩০৭ ফুট উচ্চতার এই শিল্পকর্মকে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ ম্যুরাল হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।

ম্যুরালটিতে মেলরোজ এলাকাকে একটি বিশাল জনসমুদ্রের সঙ্গে তুলনা করা হয়েছে। যেখানে পৃথিবীর নানা প্রান্ত থেকে আসা মানুষের জীবন, জাতিগত পরিচয় ও সাংস্কৃতিক ঐতিহ্য একাকার হয়েছে সমুদ্রের বিশালতার মতো। বহুজাতিক এই সমাজের বৈচিত্র্যকে তুলে ধরতেই স্প্যানিশ ও ইংরেজি ভাষায় ম্যুরালটির নাম রাখা হয়েছে ‘উন মার দে হেন্তে’ ও ‘ফ্রম এভরি শোর’।

ম্যুরালটির দিকে তাকালে সবার আগে চোখে পড়ে এক ডোমিনিকান নারীকে। একেবারে ওপরের দিকে চুলে রোলার বাঁধা অবস্থায় কাঁধে একটি শিশুকে নিয়ে দাঁড়িয়ে আছেন তিনি। পুরো দেয়ালজুড়ে ফুটিয়ে তোলা হয়েছে সাউথ ব্রংকসের সাধারণ মানুষের বৈচিত্র্যময় জীবন। কোথাও ইয়াংকার্সের জার্সি গায়ে হিজাব পরা এক মুসলিম তরুণী, কোথাও বিশেষ চাহিদাসম্পন্ন শিশু, আবার কোথাও ফায়ার হাইড্রেন্টের পানি নিয়ে খেলায় মেতে থাকা শিশুরা। আনন্দে লাফিয়ে ওঠা কিশোরীসহ নানা বয়সী ও জাতিগোষ্ঠীর মানুষের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে উঠেছে পুরো শিল্পকর্ম।

ম্যুরালটির নকশা তৈরির ক্ষেত্রে স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। অলাভজনক গণশিল্প সংস্থা আর্টব্রিজের সহযোগিতায় একাধিক কর্মশালার আয়োজন করা হয়। সেখানে স্থানীয় অধিবাসীদের মতামত, পছন্দ ও প্রত্যাশা শোনা হয়। তাঁদের পরামর্শ অনুযায়ী পোশাকের নকশা থেকে শুরু করে চুলের সাজ, জুতা ও অন্যান্য অনুষঙ্গ পর্যন্ত চূড়ান্ত শিল্পকর্মে স্থান পেয়েছে। নেস্টর ওমর গার্সিয়ার সঙ্গে আরও তিনজন শিল্পী ম্যুরালটি নির্মাণের কাজে যুক্ত ছিলেন।

মরিসানিয়া এয়ার রাইটস রেসিডেন্টস অ্যাসোসিয়েশন, পাবলিক হাউজিং কমিউনিটি ফান্ড এবং অলাভজনক গণশিল্প সংস্থা আর্টব্রিজের যৌথ উদ্যোগে ম্যুরালটি নির্মিত হয়েছে। পাবলিক হাউজিং কমিউনিটি ফান্ডের আর্থিক সহায়তা এবং এমএসি ভিভা গ্ল্যাম ফান্ডের ১ লাখ ৬৫ হাজার ডলার অনুদানে প্রকল্পটি বাস্তবায়িত হয়। পাঁচ মাসের প্রস্তুতি শেষে মাত্র ২১ দিনে ম্যুরালটির আঁকার কাজ সম্পন্ন করেন শিল্পীরা।

ডোমিনিকান রিপাবলিক ও ব্রংকস—দুই জায়গাতেই বেড়ে ওঠা শিল্পী গার্সিয়া পুরো প্রক্রিয়ায় স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণ ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি এ নিয়ে অত্যন্ত আনন্দিত। প্রতিবেশীরা আমাদের সাহায্য করেছেন। সবাই খুব আন্তরিক ছিলেন।’

তিনি আরও বলেন, ‘এমএআর-এর বাসিন্দারা আমাদের তাঁদের জীবনের গল্প শুনিয়েছেন। এই গল্পগুলোর মধ্যে ব্রংকসের প্রতিটি পরিবার নিজেদের খুঁজে পাবে। এখন পুরো ব্রংকস ওপরের দিকে তাকালেই নিজেদের দেখতে পাবে।’

আর্টব্রিজের প্রোগ্রাম ডিরেক্টর জন সুজা বলেন, স্থানীয় বাসিন্দারা কয়েকটি কর্মশালার মাধ্যমে ম্যুরালটির চূড়ান্ত নকশা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সবকিছু তাঁদের সঙ্গে আলোচনা করেই নির্ধারণ করা হয়েছে। চুলের ক্লিপ বা স্ক্রাঞ্চি থেকে শুরু করে টি-শার্ট ও জুতা—প্রতিটি বিষয়েই তাঁদের মতামত নেওয়া হয়েছে। তাঁর ভাষায়, এটি অতীত, বর্তমান ও ভবিষ্যতের এক মেলবন্ধন।

এমএআর রেসিডেন্টস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট তানিয়া পেডলার বলেন, কাজ শুরুর সময় তাঁদের লক্ষ্য ছিল ব্রংকসের সবচেয়ে উঁচু ম্যুরাল তৈরি করা। পরে তাঁরা জানতে পারেন, এটি নিউইয়র্ক সিটিরও সর্বোচ্চ ম্যুরাল হতে যাচ্ছে। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ ম্যুরাল নির্মাণের গৌরব অর্জন করেছেন তাঁরা।

ম্যুরালটির নকশায় স্থানীয় বাসিন্দাদের ব্যক্তিগত চাওয়া ও পরিচয়ের প্রতিফলনও রয়েছে। পেডলারের ভাষ্য অনুযায়ী, স্থানীয় এক মুসলিম কিশোরী তাঁকে জানিয়েছিল, সে এমন একজন নারীকে দেখতে চায়, যিনি তার মতোই হিজাব পরেন। চূড়ান্ত শিল্পকর্মে সেই প্রত্যাশার প্রতিফলন ঘটেছে। একইভাবে ম্যুরালের ওপরের অংশে ইয়ারমাফ বা কানের সুরক্ষাবেষ্টনী পরা একটি শিশুর ছবিও স্থান পেয়েছে, যা বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের প্রতি সম্মান ও অন্তর্ভুক্তির বার্তা বহন করে।

স্থানীয় বাসিন্দা ফার্নান্দো ওর্টিজ বলেন, এই ম্যুরালের মূল ভিত্তি ছিল বৈচিত্র্য ও অন্তর্ভুক্তি। তাঁরা চেয়েছিলেন নিজেদের সম্প্রদায়ের বহুমাত্রিক জীবনকে তুলে ধরতে এবং একই সঙ্গে নিশ্চিত করতে, যেন প্রতিটি মানুষ এই শিল্পকর্মে নিজের প্রতিনিধিত্ব খুঁজে পায়।

জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিল্পী ও স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে গত ২৬ অক্টোবর ম্যুরালটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ৩০৭ ফুট উচ্চতার এই শিল্পকর্ম দেখতে এখন নিউইয়র্কসহ বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা ব্রংকসে ছুটে আসছেন। সরেজমিনে দেখা যায়, অনেকে দলবেঁধে ম্যুরালের সামনে দাঁড়িয়ে ছবি তুলছেন। শুধু একটি দেয়ালচিত্র নয়, অভিবাসী মানুষের জীবন, সংগ্রাম, সংস্কৃতি ও আত্মপরিচয়ের সম্মিলিত প্রতিচ্ছবি হয়ে উঠেছে ‘উন মার দে হেন্তে’।
 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন