https://www.prothomalony.com/
18709
north-america
সুইমিংপুলে সদ্য পরিচিত হওয়া জলপরীদের বিদায় জানিয়ে স্নানের পোশাকের ওপর সাদা বাথরোবটি পরে রুমে ফিরলাম। বাথরুমে ঢুকে বেশ আরামদায়ক একটি শাওয়ার নিলাম। হাতে সময় খুব একটা নেই। বাইরে নেপলসের আকাশে আজ ঝকঝকে রোদ। ৮৫ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রার রৌদ্রোজ্জ্বল দিন। তাই হালকা, শর্টকাট ড্রেস পরে দ্রুত তৈরি হয়ে নিলাম। ভাইকিং ডেইলির ৪ আগস্টের শোর এক্সকারশন ফ্লায়ারটি ব্যাগে নিয়ে নিলাম। কারণ, এতে জাহাজের অবস্থান, আমেরিকান দূতাবাসের নম্বর, বিপদে পড়লে বা হারিয়ে গেলে কার সঙ্গে এবং কোথায় যোগাযোগ করতে হবে, সেসব তথ্য দেওয়া আছে। নিউইয়র্ক থেকে নিয়ে আসা কিছু ইউরোও সঙ্গে নিলাম, যাতে প্রয়োজনে ব্যবহার করা যায়। শোর এক্সকারশন ম্যানেজার নিজেও পায়ে হেঁটে তিন ঘণ্টার পম্পেই ট্যুরটি করার পরামর্শ দিয়েছেন।
বাবুল আগেই গোসল সেরে নামাজ পড়ে নিয়েছিল। সেও দ্রুত তৈরি হলো। আমাদের যেহেতু তিন ঘণ্টার ট্যুর, জাহাজে ফিরতে ফিরতে বিকেল চারটা বেজে যাবে। তাই ভাবলাম, দুপুরের খাবার খেয়েই বের হওয়া যুক্তিযুক্ত।
ওয়ার্ল্ড ক্যাফেতে ঢুকে যথারীতি হাত ধুয়ে একটি টেবিলে গিয়ে বসলাম। আজ রাজেশের দেখা মিলল। সে কাছে এসে হাসিমুখে সম্ভাষণ জানাল। জাহাজের জীবন কেমন কাটছে, জানতে চাইল। তাকে জানালাম, আমরা একটু পরেই ‘নেপলস অন ফুট’ ট্যুরে যাচ্ছি। সে সঙ্গে সঙ্গেই মনে করিয়ে দিল, আমাদের দুজনের স্টেটরুম কার্ড এবং ইয়ারপিস বা ভক্স সঙ্গে নিয়েছি কি না। আমরা লজ্জিত মুখে হাসলাম। জানা থাকলেও বিষয়টি ভুলে গেছি। শুধু একটি স্টেটরুম কার্ড নিয়ে খেতে চলে এসেছি। মনে করিয়ে দেওয়ার জন্য রাজেশকে ধন্যবাদ জানালাম।
রাজেশ বলল, ‘জাহাজ থেকে বাইরে গেলে স্টেটরুম কার্ডই এখন আপনাদের পরিচয়পত্র হিসেবে কাজ করবে। গাইড সঙ্গে থাকলে পাসপোর্ট বহন করার দরকার নেই। তবে আপনারা যদি নিজেরা একা ঘুরতে যান, তাহলে পাসপোর্ট এবং স্টেটরুম কার্ড দুটোই সঙ্গে রাখা জরুরি। এই স্টেটরুম কার্ড ছাড়া আপনারা জাহাজ থেকে বের হতে কিংবা জাহাজে ঢুকতে পারবেন না। সুতরাং কার্ডটি সাবধানে রাখবেন।’
রাজেশ এবার খাওয়া-দাওয়ার প্রসঙ্গে ফিরে এল। জানাল, ওয়ার্ল্ড ক্যাফেতে প্রতিদিনের মেনুর পাশাপাশি ওই দিনের বন্দরের স্থানীয় খাবারও যোগ করা হয়। এটিকে বলা হয় ডেস্টিনেশন মেনু। হাসিমুখে বলল, ‘আজকের বিশেষ মাছটা কিন্তু মনে করে খাবেন। এটা নেপলসের স্থানীয় মাছ। জেলেদের কাছ থেকে নেওয়া সদ্য ধরা মাছ। আমাদের দুপুর ও রাতের খাবারের মেনু প্রতিদিন একটু পরিবর্তন হয়। বন্দর অনুযায়ী স্থানীয় খাবার যোগ করা হয়। এটাই ভাইকিংয়ের নিয়ম। তবে খাবারের মূল কাঠামো একই থাকে। তাই প্রতিদিনের স্থানীয় খাবারটা চেখে দেখতে ভুলবেন না।’
আমরা রাজেশের পরামর্শ অনুযায়ী ডেস্টিনেশন মেনু দিয়েই দুপুরের খাবার শুরু করলাম। প্রথমেই প্লেটে নিলাম নেপলসের বিশেষ কায়দায় টমেটো ও অলিভ দিয়ে তৈরি গ্রিল করা সি বাস, যার ইতালীয় নাম ‘পেশে আল্লা আকুয়া পাৎজা’। সঙ্গে নিলাম মুচমুচে ভাজা ছোট মাছ। পারানজা স্টাইলে তৈরি এই খাবারের নাম ‘ফ্রিত্তো মিস্তো’। এর সঙ্গে নিলাম এক চামচ ধোঁয়া ওঠা সাদা ভাত আর কিছুটা কিনোয়া।
তারপর ফিরে এসে সেদিনের স্থানীয় আরও কিছু খাবার নিলাম, শুধু স্বাদ বোঝার জন্য। নেপলসে এসে নেপলসের আসল পাতলা পিৎজা, মার্গারিটা ‘পিৎজা নাপোলেতানা’র স্বাদ নেব না, তা কি হয়? খানিকটা টমেটো, মোজারেলা চিজ আর তুলসীপাতা দিয়ে তৈরি কাপ্রেজে সালাদ এবং পিৎজা নিয়ে টেবিলে ফিরে এলাম।
রাজেশ এসে জানতে চাইল, পানীয় কিছু লাগবে কি না। বিশেষ করে বাবুলের জন্য নন-অ্যালকোহলিক ওয়াইন চাই কি না। রাজেশ বাবুলের পছন্দের কথা মনে রাখায় সে খুব খুশি হলো। কিন্তু যেহেতু আমরা বাইরে হাঁটতে যাচ্ছি, তাই জানালাম, এ বেলায় নয়। তবে ডিনারে অবশ্যই পান করব।
রাজেশ আমাদের প্লেটের দিকে তাকিয়ে বলল, ‘বাহ্! আপনারা আজকে একদম স্থানীয় খাবারই খাচ্ছেন তাহলে?’ তারপর জানতে চাইল, ‘স্প্যাগেটি আল্লে ভোঙ্গোলে টেস্ট করেছেন?’
আমরা না-সূচক মাথা নাড়তেই সে বলল, ‘সামান্য একটু পরখ করে দেখুন। আমার মনে হয়, আপনাদের পছন্দ হবে।’ বলেই সে ফুড স্টেশনের দিকে চলে গেল। কিছুক্ষণ পর একটি প্লেটে খানিকটা পাস্তা নিয়ে ফিরে এসে বলল, ‘এটা নেপলসের সবচেয়ে বিখ্যাত পাস্তা। বানানো খুব সহজ, কিন্তু স্বাদটা আসে ভোঙ্গোলের নিজস্ব লবণাক্ত পানি থেকে। ট্রাই করে দেখুন প্লিজ।’
আমরা তার আন্তরিক আতিথেয়তায় মুগ্ধ হলাম। বাবুলের নতুন খাবারের প্রতি খুব একটা আগ্রহ নেই। সে পাস্তাও খুব একটা পছন্দ করে না। শামুক বা ঝিনুকজাতীয় খাবার খাওয়ার তো প্রশ্নই ওঠে না। আমি রাজেশকে বিষয়টি বুঝতে দিলাম না। কারণ, সে অনেক আগ্রহ নিয়ে নিজের হাতে খাবারটি টেবিল পর্যন্ত এনে দিয়েছে। আমি যেহেতু সর্বভুক প্রাণী, তাই পাস্তার প্লেটটি কাছে টেনে নিয়ে খেতে শুরু করলাম। কয়েক গ্রাস খাওয়ার পর বুঝলাম, সামুদ্রিক ঝিনুক বা ক্ল্যামগুলো আসলেই বেশ সুস্বাদু। দেখতে আমাদের দেশের ঝিনুকের মতোই, তবে নেপলসের ভোঙ্গোলে আকারে অনেক ছোট। স্বাদটাও বেশ মিষ্টি ও লবণাক্ত।
কথায় আছে না, শেষপাতে একটু মিষ্টি খাওয়া নাকি সুন্নত। তা ছাড়া সামনে এমন বাহারি মিষ্টান্ন সাজানো থাকলে একটুও না খেয়ে চলে যাব, এমন সাধ্য কার আছে? ডেজার্ট সেকশনে গিয়ে দাঁড়াতেই বিমানবন্দরে পরিচয় হওয়া রোজের সঙ্গে দেখা। তার এবং তার স্বামীর প্লেট দেখিয়ে সে বলল, ‘ওয়ার্ল্ড ক্যাফে শুধু নেপলসের দিনেই ডেজার্টের টেবিলে স্ফোলিয়াতেল্লা রাখে। এটা অন্যদিন পাবেন না। খুবই সুস্বাদু। মিস করবেন না।’
বিদায় জানিয়ে রোজ তাদের টেবিলের দিকে চলে যেতেই আমি একটি প্লেটে কয়েক পিস স্ফোলিয়াতেল্লা তুলে নিলাম। পাশে আরও অনেক ইতালীয় মিষ্টি থাকলেও ভয়ে সেগুলো উপেক্ষা করতে হলো। কারণ, যে হারে তিন বেলা খাচ্ছি, তাতে আমার বর্ডারলাইন নিশ্চয়ই পেরিয়ে গেছে। বাবুলের উচ্চ ডায়াবেটিস যে কোন পর্যায়ে পৌঁছেছে, তা আল্লাহই জানেন। বাবুল তো সুগার লেভেল পরীক্ষা করতেও ভয় পাচ্ছে।
তবে নেপলসের বিখ্যাত স্ফোলিয়াতেল্লা আসলেই মজাদার। বাইরে থেকে দেখতে অনেকটা ঝিনুকের খোলসের মতো। ওপরে একটার পর একটা পাতলা, খাস্তা ভাঁজ। হাতে নিলেই মচমচ করে ভেঙে যায়। ভেতরটা নরম। খাস্তা ভাঁজের মধ্যে থাকে মিষ্টি ক্রিম। ছানার মতো নরম রিকোটা চিজ, সুজি, চিনি, কমলালেবুর খোসার কুচি, সামান্য দারুচিনি আর ভ্যানিলার সুবাসে তৈরি এই পুর। স্বাদটা খুব বেশি মিষ্টি নয়। ওপরে চিনির গুঁড়ো ছড়ানো থাকে। বাইরেটা মুচমুচে, ভেতরটা নরম ও সুগন্ধি। নেপলসের লোকেরা সকালের কফির সঙ্গে গরম গরম স্ফোলিয়াতেল্লা খেতে খুব পছন্দ করে।
ভোজনপর্ব শেষ হতেই বাবুল রুমে গিয়ে ভাইকিংয়ের সরবরাহ করা আমাদের দুজনের ইয়ারপিস বা ভক্স নিয়ে এল। শরীর চাঙা রাখার জন্য দুজনেই কফি পান করে পদব্রজে ভ্রমণের জন্য পুরোপুরি প্রস্তুত হলাম। এরপর নিচের ডেক ‘এ’-তে গিয়ে হাজির হলাম।
লিফট থেকে ডেক ‘এ’-তে নামতেই দেখলাম, গ্যাংওয়ে অর্থাৎ জাহাজ থেকে ঘাটে নামার সিঁড়ির মুখে প্রথম দিনের মতোই একটি চেকপোস্ট ও রিসেপশন ডেস্ক বসানো হয়েছে। যারা বাইরে যাচ্ছেন, তাঁদের জন্য বালতিভর্তি ঠান্ডা পানি রাখা আছে, যাতে ঘোরাঘুরির সময় হাতের কাছেই পানি থাকে।
মনে হচ্ছে, নিরাপত্তার বিষয়ে ভাইকিং খুব কড়াকড়িভাবে নিয়ম পালন করে। আমি ও বাবুল রিসেপশন ডেস্কের সামনে যেতেই কর্তব্যরত কর্মকর্তা আমাদের স্টেটরুম কার্ড স্ক্যান করতে বললেন। এই কার্ড স্ক্যানের মাধ্যমে জাহাজ কর্তৃপক্ষ জানতে পারে, কোন কোন যাত্রী জাহাজের বাইরে যাচ্ছেন এবং কারা ফিরে এসেছেন বা এখনো ফেরেননি। সব যাত্রী ফিরে না আসা পর্যন্ত জাহাজ ছাড়বে না। তাই কার্ড স্ক্যান করাটা খুব জরুরি। কোনো যাত্রী হারিয়ে গেলে এই তালিকা দেখেই কর্তৃপক্ষ বুঝতে পারে, কারা এখনো বাইরে রয়েছেন।
সম্ভবত কার্ড স্ক্যান করার পাশাপাশি মনিটরে ছবিও যাচাই করা হয়। কারণ, ভুল করে বাবুলের কার্ড স্ক্যান করায় কর্মকর্তা হেসে জানালেন, ‘আপনি ভুল কার্ড স্ক্যান করেছেন। এটা আপনার হাসবেন্ডের কার্ড।’ আমি ভুল সংশোধন করে আবার নিজের কার্ড স্ক্যান করলাম। এরপর বাবুল তার কার্ড স্ক্যান করার পর কর্মকর্তা বললেন, ‘আপনারা সামনে এগিয়ে যান। আপনাদের গাইড সেখানে অপেক্ষা করছেন। এনজয় ইউর ট্রিপ!’
খানিকটা হেঁটে সামনের খোলা চত্বরে যেতেই দেখলাম, সেখানে কয়েকটি ট্যুর বাস দাঁড়িয়ে আছে। বাসগুলোর সামনে ভাইকিং লেখা পোস্টার এবং গ্রুপ নম্বর লাগানো রয়েছে। অন্যদিকে, ওয়াকিং গ্রুপের জন্য কয়েকজন গাইড হাতে ভাইকিং ও গ্রুপ নম্বর লেখা প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে আছেন। প্ল্যাকার্ডে ভাইকিংয়ের নাম ও গ্রুপ নম্বর এত পরিষ্কারভাবে লেখা যে ভুল করার বা হারিয়ে যাওয়ার ভয় নেই।
আমরা প্রথম দিন আমাদের স্টেটরুমে ঢুকেই ‘ট্যুর টিকিট’ লেখা একটি খাম পেয়েছিলাম। তাতে ইতালির মোট ছয়টি শহর ভ্রমণের জন্য ছয়টি ট্যুর টিকিট রাখা ছিল। প্রতিটি টিকিটেই শহরের নাম, সময়, গ্রুপ নম্বর, ভ্রমণের মাধ্যম এবং জাহাজের কোন ডেকে গিয়ে হাজির হতে হবে, তা লেখা ছিল।
ললিপপের মতো একটি স্টিকের মাথায় ভাইকিং লেখা এবং তার নিচে ৩২ নম্বর সংবলিত ছোট একটি প্ল্যাকার্ড হাতে একজন ইতালীয় নারীকে দেখলাম। তিনি হাসিমুখে গ্রুপের অন্য সদস্যদের সঙ্গে কথা বলছিলেন। ওই ৩২ নম্বরই আমাদের গ্রুপের পরিচয়। গ্রুপ লিডারকে খুঁজে পেতেই মনে একধরনের স্বস্তি ফিরে এল। আমরা তাঁর কাছে গিয়ে পরিচয় দিয়ে জানালাম, ‘আমরা দুজন আপনার গ্রুপের।’
আমাদের জাহাজে প্রায় ৯০০ জন যাত্রী রয়েছেন। প্রতিদিন সবাইকে একসঙ্গে নামানো বা ঘোরানো সম্ভব নয়। তাই সবাইকে ছোট ছোট দলে ভাগ করা হয়েছে। ২৫ থেকে ৩০ জন অতিথি নিয়ে একেকটি গ্রুপ গঠন করা হয়েছে। আমাদের যেহেতু ৩২ নম্বর গ্রুপ, তার মানে আমাদের আগে আরও ৩১টি গ্রুপ ছিল। আমাদের পরেও আরও গ্রুপ রয়েছে।
আমাদের সুন্দরী গাইডের গলায় ভাইকিংয়ের আইডি কার্ড ঝোলানো। তাতে তাঁর নাম লেখা—মিলানা। যেহেতু আজ বেশ কড়া রোদ উঠেছে, তাই ভাইকিং লেখা একটি লাল রঙের ছাতাও তাঁর হাতে শোভা পাচ্ছে। ভাবলাম, ভালোই হলো। দূর থেকে অনেক ভিড়ের মধ্যেও মিলানাকে চিনতে অসুবিধা হবে না। তাঁর লাল ছাতা ও প্ল্যাকার্ডই আমাদের পথ দেখাবে। বিদেশ-বিভুঁইয়ে এসে অন্তত হারিয়ে যাওয়ার ভয় নেই।
মিলানা আমার ট্যুর টিকিট পরীক্ষা করে নিজের ব্যাগে রেখে দিলেন। তারপর গ্রুপের দিকে তাকিয়ে সবার মাথা গুনলেন। সংখ্যা মিলে যাওয়ায় খুশি হয়ে সবার দিকে হাত নেড়ে বললেন, ‘হ্যালো, লেডিস অ্যান্ড জেন্টলমেন। শুভ দুপুর সবাইকে। নেপলসে স্বাগতম। আমার নাম মিলানা। আমি আপনাদের নেপলস অন ফুট ট্যুরের গাইড। আমরা ৩২ নম্বর গ্রুপ। আপনারা সবাই এবার খুব মনোযোগ দিয়ে আমার কথা শুনবেন, প্লিজ।’
তিনি আরও বললেন, ‘আমাদের ভ্রমণের সময়কাল তিন ঘণ্টা। আশা করি, আপনাদের সবার কাছেই একটি করে ভক্স রয়েছে। সেই ভক্সে একটি চ্যানেল নম্বর সেট করে দেওয়া আছে। আমি সেই একই চ্যানেলে কথা বলব। ফলে আপনারা আমার কাছ থেকে একটু দূরে থাকলেও আমার কথা পরিষ্কার শুনতে পাবেন।
‘দয়া করে আপনারা আপনাদের ভক্সের ছোট স্পিকারটি কানে লাগিয়ে নিন। রিসিভারটি গলায় ঝুলিয়ে কিংবা পকেটে, যেভাবে ভালো লাগে রাখতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন, আমার কাছে একটি মাইক্রোফোন আছে। আর আপনাদের কানে থাকবে ছোট যন্ত্রটি। আপনারা প্লিজ হাত তুলে জানাবেন, আমার কথা শুনতে পাচ্ছেন কি না। শুনতে না পেলেও জানাবেন।
‘এখানকার দর্শনীয় স্থানগুলো দেখতে হলে আমাদের বেশ খানিকটা হাঁটতে হবে। যেহেতু বাইরে বেশ গরম, তাই দুপুরবেলার এই হাঁটা ট্যুরে আপনাদের একটু কষ্ট হতে পারে। লেটস গো, এভরিওয়ান! ফলো মি, প্লিজ। অ্যান্ড এনজয় ইয়োরসেলভস!’
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন