https://www.prothomalony.com/
18684
new-york
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬ ০১:৪৮
নিউইয়র্কে আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিক, মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাঁর জন্ম ও মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালন, ১৭ নভেম্বরকে জাতীয় দিবস ঘোষণা এবং জাতীয়ভাবে মওলানা ভাসানী পদক প্রবর্তনসহ আট দফা দাবি জানিয়েছে মওলানা আবদুল হামিদ খান ভাসানী ফাউন্ডেশন ইউএসএ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের সানাই রেস্টুরেন্টের পার্টি হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও সাবেক তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি।

অনুষ্ঠানে জহির উদ্দিন স্বপন বলেন, ‘মওলানা ভাসানী এখন আর রাজনীতিক নন, তিনি একটি আদর্শে পরিণত হয়েছেন।’ তাঁর আদর্শ বাস্তবায়নে অতীতের মতো বর্তমান বিএনপি সরকারও কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি। স্বপন বলেন, উত্তরসূরি হিসেবে মওলানা ভাসানীর ধানের শীষের আদর্শ বহন করে চলেছে বিএনপি।
ফাউন্ডেশনের সভাপতি আলী ইমাম শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টি (কাজী জাফর)-এর কেন্দ্রীয় মহাসচিব কাজী মোহাম্মদ নাহিদ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন ইমাম কাজী কাইয়্যুম।
ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন সাগর আট দফা দাবি সংবলিত স্মারকলিপি পাঠ করেন। পরে দাবিগুলো প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে তুলে ধরার অনুরোধ জানিয়ে স্মারকলিপির একটি কপি জহির উদ্দিন স্বপন এমপির হাতে হস্তান্তর করা হয়। এ সময় তিনি ফাউন্ডেশনের ওয়েবসাইটের বিভিন্ন দিকও তুলে ধরেন। অনুষ্ঠানে ওয়েবসাইটটির উদ্বোধন করেন জহির উদ্দিন স্বপন।
মওলানা ভাসানীর স্মৃতিচারণ করে আলোচনায় অংশ নেন প্রবীণ সাংবাদিক ও লেখক মনজুর আহমদ, ফাউন্ডেশনের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক মঈনুদ্দীন নাসের, জ্যেষ্ঠ সাংবাদিক তাসের মাহমুদ, সাংবাদিক ও লেখক সাঈদ তারেক, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাবেক এপিএস আজিজুর রহমান, রাজনীতিক গিয়াস আহমেদ, ফাউন্ডেশনের সহসভাপতি মোস্তফা করিম ফরিদ এবং নতুন প্রজন্মের প্রতিনিধি সাইফান নিহান।
বক্তারা বলেন, মওলানা ভাসানী কখনো ক্ষমতার রাজনীতি করেননি। ক্ষমতায় না থেকেও তিনি দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করেছেন। শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমানসহ স্বাধীন বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক নেতা তাঁকে শ্রদ্ধা ও সম্মান করতেন। বাংলাদেশের বর্তমান আর্থসামাজিক ও রাজনৈতিক বাস্তবতায় তাঁর মতো আদর্শবাদী নেতার প্রয়োজনীয়তা আরও বেশি। তাঁর স্মৃতিচিহ্ন সংরক্ষণ এবং জীবন ও রাজনৈতিক দর্শন নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্যও তাঁরা সরকারের প্রতি আহ্বান জানান।
জহির উদ্দিন স্বপন বলেন, মওলানা ভাসানী এমন একজন নেতা, যাঁর আদর্শ সব রাজনৈতিক দল ও নেতার জন্য অনুসরণীয় হতে পারে। তিনি ছিলেন স্বাধীন বাংলাদেশের রাজনৈতিক নেতাদের নেতা ও অভিভাবক। ভাসানীর রাজনৈতিক দর্শনের অনুসারী ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তাঁদের উত্তরসূরি হিসেবে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানও সেই আদর্শ সমুন্নত রেখে চলেছেন বলে মন্তব্য করেন তিনি।
ফাউন্ডেশনের কর্মকাণ্ডের প্রশংসা করে স্বপন বলেন, মওলানা ভাসানীকে নিয়ে আরও গবেষণা প্রয়োজন। বিশেষ করে তাঁর বুদ্ধিবৃত্তিক রাজনৈতিক চিন্তা, দর্শন ও আদর্শ নিয়ে গবেষণার মাধ্যমে তাঁকে জানতে হবে এবং নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।
সভায় ফাউন্ডেশনের সভাপতি আলী ইমাম শিকদার জহির উদ্দিন স্বপনকে সংগঠনের উপদেষ্টামণ্ডলীতে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেন। প্রস্তাবের জবাবে আলী ইমামকে নিজের নেতা হিসেবে উল্লেখ করে তা সাদরে গ্রহণ করেন স্বপন। ছাত্রজীবনে আলী ইমামসহ আরও কয়েকজন তাঁদের নেতা ছিলেন বলেও স্মৃতিচারণ করেন তিনি।
ফাউন্ডেশনের স্মারকলিপিতে উত্থাপিত আট দফা দাবির মধ্যে রয়েছে ১৭ নভেম্বরকে জাতীয় দিবস ঘোষণা, স্বাধীনতার অন্যতম স্বপ্নদ্রষ্টা হিসেবে মওলানা ভাসানীকে রাষ্ট্রীয় স্বীকৃতি, দেশের গুরুত্বপূর্ণ জাতীয় স্থাপনা তাঁর নামে নামকরণ, আন্তর্জাতিক মানের মওলানা ভাসানী গবেষণা ও স্মৃতি কেন্দ্র প্রতিষ্ঠা, জাতীয় পাঠ্যক্রমে তাঁর জীবন ও দর্শন অন্তর্ভুক্তি, রাষ্ট্রীয়ভাবে তাঁর জন্ম ও মৃত্যুবার্ষিকী পালন, আন্তর্জাতিক পর্যায়ে তাঁর জীবন ও কর্মের স্বীকৃতি ও প্রচার এবং জাতীয়ভাবে মওলানা ভাসানী পদক প্রবর্তন।
অনুষ্ঠানে মওলানা ভাসানীকে নিয়ে প্রয়াত আতিকুর রহমান সালুর লেখা কবিতা আবৃত্তি করেন আয়োজক কমিটির আহ্বায়ক এম এ সাদেক। অনুষ্ঠান পরিচালনা করেন আয়োজক কমিটির সদস্যসচিব এস এম ফেরদৌস।
এ ছাড়া অনুষ্ঠানে সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, সাপ্তাহিক জন্মভূমি সম্পাদক রতন তালুকদার, আন্তর্জাতিক ফারাক্কা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন খান, এটিএন বাংলা ইউএসএর পরিচালক ফখরুল আলম, সাপ্তাহিক দেশ সম্পাদক মিজানুর রহমান, সাপ্তাহিক হককথা সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ, বাংলাদেশ সোসাইটির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম হাওলাদার, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, রাজনীতিক জসিম ভূঁইয়া, ফাউন্ডেশনের উপদেষ্টা এবিএম ওসমান গনি, আবু তালেব চৌধুরী চান্দু, শেখ সিরাজুল ইসলাম, সহসভাপতি কাজী আযম ও হাবিবুর রহমান সেলিম রেজা এবং সাপ্তাহিক প্রথম আলোর নির্বাহী সম্পাদক মঞ্জুরুল হকসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন