https://www.prothomalony.com/

18676

new-york

নিউইয়র্ক

বাফেলোতে বাংলাদেশি রিয়েল এস্টেট এজেন্টের সাফল্য, ৪ বছরে ৭০০ বাড়ি কেনাবেচায় সহযোগিতা

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬ ০৭:১৮

নিউইয়র্কের বাফেলোতে আবাসন খাতে সাফল্যের দৃষ্টান্ত গড়েছেন বাংলাদেশি রিয়েল এস্টেট এজেন্ট নাজমুল হোসেন। মাত্র চার বছরে বাফেলো ও আশপাশের এলাকায় ৭০০টির বেশি বাড়ি কেনাবেচায় ব্যক্তিগতভাবে সহযোগিতা করেছেন তিনি।

হান্ট রিয়েল এস্টেট ইআরএ’র সঙ্গে যুক্ত নাজমুল বর্তমানে নাজমুল রিয়েল এস্টেট টিমের নেতৃত্ব দিচ্ছেন। তবে ৭০০টির বেশি বাড়ি কেনাবেচায় সহযোগিতার এই অর্জন তার ব্যক্তিগত পেশাগত সাফল্য।

নাজমুল বলেন, সততা, গ্রাহকের আস্থা এবং সন্তুষ্টিকে অগ্রাধিকার দেওয়াই তার সাফল্যের মূল ভিত্তি। বাড়ি কেনা বা বিক্রি একটি পরিবারের জীবনের গুরুত্বপূর্ণ আর্থিক সিদ্ধান্ত। তাই শুধু চুক্তি সম্পন্ন করাই নয়, বাড়ির সুবিধা-অসুবিধা সম্পর্কে স্বচ্ছ ধারণা দিয়ে গ্রাহককে সঠিক সিদ্ধান্ত নিতে সহযোগিতা করেন তিনি।

বিশেষ করে নতুন অভিবাসী ও প্রথমবার বাড়ি কিনতে আগ্রহী বাংলাদেশিদের প্রয়োজনীয় কাগজপত্র, অর্থায়ন, বাজারদর এবং কেনাবেচার বিভিন্ন ধাপ বুঝতে সহায়তা করেন নাজমুল। তার লক্ষ্য, প্রবাসীরা যেন যথাযথ তথ্য ও দিকনির্দেশনা নিয়ে বাড়ি কেনার সিদ্ধান্ত নিতে পারেন।

নিজের কাজ তুলে ধরতে সামাজিক যোগাযোগমাধ্যমেও সক্রিয় তিনি। নাজমুল বলেন, কেনাবেচা সম্পন্ন হওয়া বাড়ির ঠিকানা, ছবি ও ভিডিও নিয়মিত ফেসবুকে প্রকাশ করেন। এসব পোস্টের মাধ্যমে সম্ভাব্য ক্রেতা ও বিক্রেতারা তাঁর কাজ, সেবার ধরন এবং সংশ্লিষ্ট বাড়ির বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা পান।

এই অর্জনের জন্য গ্রাহকদের আস্থা ও সহযোগিতার প্রতি কৃতজ্ঞ নাজমুল। তার কাছে প্রতিটি সফল লেনদেন শুধু একটি বাড়ি কেনাবেচা নয়—এর সঙ্গে জড়িয়ে আছে একটি পরিবারের স্বপ্ন, পরিশ্রম ও ভবিষ্যতের পরিকল্পনা। সেই বিশ্বাসের মর্যাদা রেখেই বাফেলো ও ওয়েস্টার্ন নিউইয়র্কে মানুষের বাড়ি কেনাবেচার যাত্রায় পাশে থাকতে চান তিনি।

নিউইয়র্ক থেকে আরো পড়ুন