https://www.prothomalony.com/

18682

bangladesh

বাংলাদেশ

শেখ হাসিনার দেশে ফেরার অধিকার নিশ্চিতে জাতিসংঘের হস্তক্ষেপ চাইল আরআরএজি

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬ ০১:৪৩

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ দেশে ফিরে আসার অধিকার নিশ্চিত করতে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেছে ভারতের মানবাধিকারবিষয়ক গবেষণা ও অ্যাডভোকেসি সংস্থা রাইটস অ্যান্ড রিস্কস অ্যানালাইসিস গ্রুপ (আরআরএজি)। সংস্থাটি এ বিষয়ে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক এবং জাতিসংঘের সংশ্লিষ্ট বিশেষ প্রতিবেদকদের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমসের ৯ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনের বরাত দিয়ে বাংলাদেশ আমেরিকা প্রেস এজেন্সি (বাপা) এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে ভারতে অবস্থানরত শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসার জন্য নতুন পাসপোর্টের আবেদন করেছিলেন। তবে গত ৫ নভেম্বর বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানান, শেখ হাসিনাকে নতুন সাধারণ পাসপোর্ট কিংবা দেশে ফেরার জন্য ট্রাভেল পাস দেওয়া হবে না। বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে দিল্লি থেকে দেশে ফিরিয়ে আনতে হবে বলে তিনি উল্লেখ করেন।

আইনি ও সাংবিধানিক যুক্তি

রাইটস অ্যান্ড রিস্কস অ্যানালাইসিস গ্রুপের পরিচালক সুহাস চাকমা বলেন, নিজ দেশে ফিরে আসার অধিকার একটি মৌলিক মানবাধিকার, যা আন্তর্জাতিক মানবাধিকার আইন ও বাংলাদেশের সংবিধানেও স্বীকৃত। তিনি জাতিসংঘের সর্বজনীন মানবাধিকার ঘোষণার ১৩(২) অনুচ্ছেদ এবং নাগরিক ও রাজনৈতিক অধিকারবিষয়ক আন্তর্জাতিক চুক্তির (আইসিসিপিআর) ১২(৪) অনুচ্ছেদের উল্লেখ করে বলেন, এসব বিধানে প্রত্যেক ব্যক্তির নিজ দেশে ফিরে আসার অধিকার স্বীকৃত।

বাংলাদেশের সংবিধানের প্রসঙ্গ টেনে সুহাস চাকমা বলেন, সংবিধানের ৩৬ অনুচ্ছেদে প্রত্যেক নাগরিকের বাংলাদেশ ত্যাগ এবং পুনরায় দেশে প্রবেশের অধিকার নিশ্চিত করা হয়েছে। এ ছাড়া ৩১ অনুচ্ছেদে নাগরিকদের আইনের সমান আশ্রয় ও সুরক্ষার কথা বলা হয়েছে। ২০২১ সালের ২৭ সেপ্টেম্বর বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একটি রায়ের উদ্ধৃতি দিয়ে তিনি দাবি করেন, নাগরিকের চলাচলের স্বাধীনতার ওপর বিধিনিষেধ আরোপ করতে হলে তার সুনির্দিষ্ট আইনগত ভিত্তি থাকতে হবে এবং তা জনস্বার্থে যুক্তিসংগত হতে হবে। আইনি ভিত্তি ছাড়া নির্বাহী আদেশে এ ধরনের অধিকার সীমিত করা অসাংবিধানিক হতে পারে বলেও তিনি মন্তব্য করেন।

প্রত্যর্পণ চুক্তি ও ভ্রমণ নথি প্রসঙ্গ

২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে যান। পরবর্তী সময়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং বর্তমান সরকারও ভারতকে তাঁর প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে।

এ বিষয়ে সুহাস চাকমার দাবি, বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তিতে এমন কোনো বিধান নেই, যার মাধ্যমে প্রত্যর্পণের অনুরোধের মুখে থাকা কোনো ব্যক্তিকে পাসপোর্ট বা ভ্রমণ নথি দেওয়া থেকে বঞ্চিত করা যায়। তিনি চুক্তির ২০ অনুচ্ছেদ ও আইসিসিপিআরের ১২(৪) অনুচ্ছেদের প্রসঙ্গও তুলে ধরেন। আরআরএজির মতে, কোনো নাগরিক নিজ দেশে ফিরতে চাইলে তার জাতীয়তা যাচাই করে পাসপোর্ট অথবা উপযুক্ত ভ্রমণ নথি দেওয়া আন্তর্জাতিকভাবে প্রচলিত একটি স্বাভাবিক প্রক্রিয়া। ভ্রমণ নথি না দেওয়া তার মৌলিক অধিকার বাধাগ্রস্ত করার শামিল বলে মনে করে সংস্থাটি।

সংশ্লিষ্ট মহলের মতে, শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও আইনি পরিস্থিতির সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। তার বিরুদ্ধে দেশে বিচারিক রায় ও প্রত্যর্পণসংক্রান্ত বিষয় থাকায় বিষয়টি ঘিরে মানবাধিকার, সাংবিধানিক অধিকার, বিচারিক প্রক্রিয়া এবং বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক—সবকিছুই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এ অবস্থায় আরআরএজির জাতিসংঘের হস্তক্ষেপ চাওয়ার উদ্যোগ আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
 

বাংলাদেশ থেকে আরো পড়ুন