https://www.prothomalony.com/

18631

bangladesh

বাংলাদেশ

সিলেটে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ১৭ নভেম্বর

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬ ০১:৫৬

মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেটে আলোচনা সভার আয়োজন করেছে মওলানা ভাসানী ফাউন্ডেশন, সিলেট। আগামী ১৭ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যা ৬টায় নগরের দরগাহ গেটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।

সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেবেন সাবেক সংসদ সদস্য ও মৌলভীবাজারের কুলাউড়ার বিশিষ্ট রাজনীতিবিদ নওয়াব আলী আব্বাস খান, বিশিষ্ট আইনজীবী ও প্রবীণ রাজনীতিবিদ অ্যাডভোকেট গিয়াস উদ্দিন এবং সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক শওকত ওসমান জুবায়ের।

আলোচনা সভায় সভাপতিত্ব করবেন মাওলানা ভাসানী ফাউন্ডেশন, সিলেটের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুর রহমান চৌধুরী ওয়েছ।
বিজ্ঞপ্তিতে মওলানা ভাসানীর স্মৃতি ও রাজনৈতিক দর্শনকে জাতীয় জীবনে যথাযথভাবে মূল্যায়নের দাবি জানানো হয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে ১৭ নভেম্বরকে জাতীয় দিবস ঘোষণা, তাঁর শিক্ষা দর্শনের আলোকে শিক্ষা ব্যবস্থা প্রবর্তন এবং তাঁর কর্মময় জীবন ও রাজনৈতিক শিক্ষা সব স্তরের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা। এ ছাড়া গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় দেশপ্রেমিক শক্তির ঐক্যের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে সাম্রাজ্যবাদ, সামন্তবাদ, পুঁজিবাদ, আধিপত্যবাদ ও লুটতরাজের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কথা তুলে ধরা হয়েছে। আয়োজক প্রতিষ্ঠান মাওলানা ভাসানী ফাউন্ডেশন, সিলেটের পক্ষ থেকে সাধারণ সম্পাদক আমীন তাহমীদ সবাইকে আলোচনা সভায় যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। 

বাংলাদেশ থেকে আরো পড়ুন