https://www.prothomalony.com/
18629
north-america
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬ ০০:৫৮
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে আন্তর্জাতিক কূটনীতির পরিবর্তে ডেমোক্র্যাট-শাসিত শহর ও অঙ্গরাজ্যে কথিত সরকারি সুবিধা জালিয়াতির দিকে “সম্পূর্ণ মনোযোগ” দিতে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তিনি বলেছেন, এই মুহূর্তে ইরানের সঙ্গে কোনো চুক্তি সম্পন্ন করার প্রয়োজন যুক্তরাষ্ট্রের নেই।
বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লেখেন, “মিনেসোটা, ক্যালিফোর্নিয়া, ইলিনয়সহ আরও বহু ব্লু স্টেট চরম অব্যবস্থাপনা ও দুর্নীতির শিকার।” তাঁর দাবি, প্রতি মাসে বিলিয়ন বিলিয়ন ডলার চুরি হচ্ছে এবং এই “বড় আকারের অপরাধমূলক কর্মকাণ্ড” বন্ধ করা গেলে যুক্তরাষ্ট্রের বাজেট দ্রুত ভারসাম্যে ফিরতে পারে। ডেমোক্র্যাট নেতৃত্বকে ইঙ্গিত করে তিনি মন্তব্য করেন, দুর্নীতি তাদের “রক্তে মিশে আছে”।
ইরান প্রসঙ্গে ট্রাম্প লেখেন, “ইরানের সঙ্গে চুক্তির দরকার নেই। সেই দিন অনেক আগেই শেষ।” তিনি দাবি করেন, ইরানের কয়েকশ বিলিয়ন ডলার এখন যুক্তরাষ্ট্রের হাতে এবং “তাদের প্রণালিও আমাদের নিয়ন্ত্রণে”।
চলতি বছরের জুনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ১৪ দফার একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়, যার মাধ্যমে মধ্যপ্রাচ্যের যুদ্ধের অবসানে চূড়ান্ত চুক্তির জন্য ৬০ দিনের আলোচনার সময়সীমা নির্ধারিত হয়েছিল। এই স্মারক তৈরিতে ভ্যান্স গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তবে কোনো চুক্তি ছাড়াই ওই সময়সীমা পেরিয়ে গেছে।
বুধবার ভেটেরান্স ডে উপলক্ষে ভার্জিনিয়ার আর্লিংটন জাতীয় কবরস্থানে আয়োজিত অনুষ্ঠানে ট্রাম্প ও ভ্যান্স দুজনেই উপস্থিত ছিলেন।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন