https://www.prothomalony.com/

18630

north-america

উত্তর আমেরিকা

দ্য জ্যাকেল: এক আন্তর্জাতিক সন্ত্রাসীর উত্থান, দাপট ও পতন

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬ ০১:৫৪

বিন লাদেনের নাম বিশ্বজুড়ে আতঙ্কের প্রতীক হয়ে ওঠার অনেক আগে আরেকটি নাম উচ্চারিত হতো ইউরোপের বিমানবন্দর, গোয়েন্দা দপ্তর, পুলিশ সদর দপ্তর এবং রাষ্ট্রীয় নিরাপত্তা বৈঠকে। নামটি ছিল কার্লোস। কোথাও তিনি বিপ্লবী, কোথাও আন্তর্জাতিক সন্ত্রাসী, কোথাও আবার পশ্চিমা গোয়েন্দাদের কাছে সবচেয়ে দুর্ধর্ষ পলাতক অপরাধী। সংবাদমাধ্যম তাকে দিয়েছিল আরও নাটকীয় একটি নাম—দ্য জ্যাকাল।

সত্তর ও আশির দশকে আন্তর্জাতিক রাজনীতির যে উত্তাল সময়, সেখানে কার্লোস ছিলেন এক অদ্ভুত চরিত্র। ফিলিস্তিনের মুক্তিসংগ্রাম, লাতিন আমেরিকার বামপন্থী আন্দোলন, ইউরোপের চরমপন্থী সংগঠন, মধ্যপ্রাচ্যের রাষ্ট্রীয় ক্ষমতার দ্বন্দ্ব এবং স্নায়ুযুদ্ধের গোয়েন্দা রাজনীতি—সবকিছুর সঙ্গে তার নাম কোনো না কোনোভাবে জড়িয়ে পড়েছিল। বামপন্থী আন্দোলনের কিছু অংশে তিনি একসময় রোমান্টিক বিপ্লবীর ভাবমূর্তি পেয়েছিলেন। পশ্চিমা রাষ্ট্রগুলোর কাছে ছিলেন ভয়ংকর সন্ত্রাসী।

ছাত্রজীবনে কার্লোসের নাম প্রথম শুনেছিলাম। তখন পৃথিবীকে দেখার চোখ ছিল অন্য রকম। সাম্রাজ্যবাদবিরোধী আন্দোলন, ভিয়েতনাম যুদ্ধ, ফিলিস্তিনের সংগ্রাম, লাতিন আমেরিকার বিপ্লব—এসব ছিল আমাদের রাজনৈতিক আলোচনার পরিচিত বিষয়। তখনকার তরুণদের একাংশের কাছে পশ্চিমা রাষ্ট্রব্যবস্থার বিরুদ্ধে অস্ত্রধারী প্রতিরোধের রোমান্টিক আকর্ষণও ছিল। কার্লোসের মতো মানুষের নাম সেই রাজনৈতিক আবহে কখনো কখনো এক রহস্যময় বীরত্বের সঙ্গে উচ্চারিত হতো।

কিন্তু সময়ের দূরত্বে দাঁড়িয়ে ইতিহাসকে অন্যভাবে পড়তে হয়। কোনো রাজনৈতিক সংগ্রামের ন্যায্যতা থাকলেও নিরপরাধ মানুষ হত্যা, বোমা হামলা কিংবা জিম্মি করে রাজনৈতিক দাবি আদায়ের নৈতিকতা তৈরি হয় না। আজ কার্লোসের জীবন ফিরে দেখলে তাই শুধু একজন সন্ত্রাসীর উত্থান-পতন দেখি না। দেখি কীভাবে বিপ্লবের ভাষা একসময় ব্যক্তিগত অহংকার, সহিংসতা এবং ক্ষমতার খেলায় পরিণত হতে পারে।

তার আসল নাম ইলিচ রামিরেজ সানচেজ। জন্ম ১৯৪৯ সালের ১২ অক্টোবর, ভেনেজুয়েলার মিচেলেনা শহরে। তার বাবা ছিলেন সচ্ছল আইনজীবী এবং মার্কসবাদী রাজনীতির অনুসারী। রুশ বিপ্লবের নেতা ভ্লাদিমির ইলিচ লেনিনের নাম অনুসারে ছেলের নাম রেখেছিলেন ইলিচ। পরিবারের রাজনৈতিক পরিবেশ, বাবার আদর্শিক অবস্থান এবং আর্থিক স্বচ্ছলতা—সব মিলিয়ে তার শৈশব ও কৈশোর ছিল সাধারণ ভেনেজুয়েলীয় পরিবারের জীবন থেকে আলাদা।

কৈশোরেই বামপন্থী রাজনীতির প্রতি তার আগ্রহ তৈরি হয়। পরে মস্কোর প্যাট্রিস লুমুম্বা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে গিয়ে আন্তর্জাতিক ছাত্ররাজনীতি ও বিপ্লবী সংগঠনের সঙ্গে তার যোগাযোগ বাড়ে। বিশ্ববিদ্যালয়ের নিয়মশৃঙ্খলা ও ব্যক্তিগত আচরণ নিয়ে সমস্যার কারণে সেখানে তার অবস্থান দীর্ঘস্থায়ী হয়নি। মস্কো থেকে বেরিয়ে আসার পর তার রাজনৈতিক জীবন নতুন দিকে মোড় নেয়।

সত্তরের দশকের শুরুতে তিনি যুক্ত হন ফিলিস্তিনের মুক্তির জন্য গঠিত সশস্ত্র সংগঠন পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন—পিএফএলপির সঙ্গে। সংগঠনটির ইউরোপীয় কর্মকাণ্ডের একটি অংশে তার ভূমিকা তৈরি হয়। লেবাননে সামরিক প্রশিক্ষণ নেওয়ার পর মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন সশস্ত্র নেটওয়ার্কের সঙ্গে তার নাম যুক্ত হতে থাকে।

এখানেই একজন রাজনৈতিকভাবে আগ্রহী তরুণের জীবন প্রবেশ করে বন্দুকের জগতে। আদর্শের সঙ্গে যুক্ত হয় গোপন অভিযান, বিস্ফোরক, ছদ্মবেশ, সীমান্ত অতিক্রম এবং হত্যার পরিকল্পনা। কার্লোসের কাছে রাজনীতি ক্রমে শুধু মতাদর্শের বিষয় থাকল না। হয়ে উঠল অস্ত্রের মাধ্যমে নিজের অস্তিত্ব জানান দেওয়ার এক পথ।

১৯৭৩ সালের ৩০ ডিসেম্বর। লন্ডনের সেন্ট জনস উড এলাকা। শীতের সন্ধ্যা। ব্রিটেনের অভিজাত ব্যবসায়ী মহলের পরিচিত মুখ জোসেফ এডওয়ার্ড সিফের বাড়িতে ঢুকে পড়ে এক তরুণ অস্ত্রধারী।

সিফ ছিলেন মার্কস অ্যান্ড স্পেন্সার প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় ব্যক্তি এবং ব্রিটেনের ইহুদি সম্প্রদায়ের একজন পরিচিত ব্যক্তিত্ব। হামলাকারীর লক্ষ্য ছিল তাঁকে হত্যা করা। বাড়ির ভেতরে ঢুকে সিফকে খুঁজে বের করে খুব কাছ থেকে গুলি চালানো হয়। গুলি তাঁর মুখে লাগে, চোয়ালে গুরুতর আঘাত হয়। দ্বিতীয়বার গুলি চালানোর চেষ্টা ব্যর্থ হয়। অস্ত্রের গোলযোগের সুযোগে হামলাকারী পালিয়ে যায়। সিফ প্রাণে বেঁচে যান। কিন্তু হামলাটি ছিল একটি গুরুত্বপূর্ণ সংকেত। ইউরোপের মাটিতে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সংঘাত কীভাবে সশস্ত্র হামলার রূপ নিচ্ছে, সেটি আরও স্পষ্ট হয়ে উঠল।

এই হামলার পেছনে ফিলিস্তিনপন্থী সশস্ত্র নেটওয়ার্কের সংশ্লিষ্টতার কথা পরে সামনে আসে। হামলাকারী যে ইলিচ রামিরেজ সানচেজ, তখনও ইউরোপের সাধারণ মানুষের কাছে তা জানা ছিল না। গোয়েন্দা সংস্থাগুলোর কাছেও এ নামটি তখন পরিচিত কোনো আন্তর্জাতিক নাম নয়।

১৯৭৫ সালের ২৭ জুন। প্যারিসের লাতিন কোয়ার্টার। একটি অ্যাপার্টমেন্টে অবস্থান করছিলেন কার্লোস। ফরাসি গোয়েন্দা সংস্থা ডিএসটির কর্মকর্তারা তার অবস্থান সম্পর্কে তথ্য পেয়ে সেখানে পৌঁছান। তাঁদের সঙ্গে ছিলেন লেবানিজ তথ্যদাতা মিশেল মুকারবাল, যিনি কার্লোসের পরিচয় ও যোগাযোগ সম্পর্কে তথ্য দিয়েছিলেন। গোয়েন্দারা ভেবেছিলেন, এবার হয়তো বহুদিনের অনুসন্ধানের অবসান ঘটবে। কিন্তু অভিযানটি ভয়াবহ রক্তপাতের মধ্য দিয়ে শেষ হয়। বাড়ির ভেতরে কথাবার্তার একপর্যায়ে পরিস্থিতি বদলে যায়। কার্লোস অস্ত্র বের করে গুলি চালান। দুই ফরাসি গোয়েন্দা কর্মকর্তা এবং তথ্যদাতা মুকারবাল নিহত হন। আরেকজন কর্মকর্তা আহত হন। কার্লোস পালিয়ে যেতে সক্ষম হন।

এটি শুধু তিনটি হত্যাকাণ্ড ছিল না। পশ্চিম ইউরোপের নিরাপত্তা সংস্থাগুলোর কাছে এটি ছিল এক বড় অপমান। একজন সন্দেহভাজন সশস্ত্র ব্যক্তি তাদের চোখের সামনে তিনজনকে হত্যা করে পালিয়ে গেছে। তার পরিচয়, যোগাযোগ, অস্ত্রের উৎস এবং পালানোর পথ—সবকিছু নতুন করে অনুসন্ধানের বিষয় হয়ে দাঁড়াল।

প্যারিসের ওই হত্যাকাণ্ডের পর কার্লোসের নাম আন্তর্জাতিক নিরাপত্তা মহলে দ্রুত ছড়িয়ে পড়ে। ফ্রান্স, ব্রিটেন, পশ্চিম জার্মানি এবং অন্যান্য দেশের গোয়েন্দা সংস্থাগুলো তার গতিবিধি অনুসরণে আরও সক্রিয় হয়। কার্লোস তখন আর কেবল একটি সংগঠনের কর্মী ছিলেন না। তার নিজস্ব যোগাযোগ, ব্যক্তিগত সম্পর্ক এবং বিভিন্ন দেশের রাজনৈতিক ও অপরাধী নেটওয়ার্কের সঙ্গে সংযোগ তৈরি হচ্ছিল। সীমান্তের দুর্বলতা, ভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার মধ্যে তথ্যের ঘাটতি এবং রাজনৈতিক আশ্রয়ের সুযোগ কাজে লাগাতে থাকলেন একের পর এক।

লন্ডনে তার অস্ত্রের একটি গোপন ভাণ্ডার বা অস্ত্রের আস্তানার সন্ধান পাওয়ার পর সেখানে ফ্রেডরিক ফোরসাইথের উপন্যাস The Day of the Jackal পাওয়া যায় বলে সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। উপন্যাসটির কেন্দ্রীয় চরিত্র একজন রহস্যময় পেশাদার আততায়ী। তার পরিচয় গোপন, চলাফেরা নিখুঁত, আর হত্যার পরিকল্পনা অত্যন্ত ঠান্ডা মাথায় সাজানো। সেখান থেকেই সংবাদমাধ্যম কার্লোসকে ডাকতে শুরু করে ‘দ্য জ্যাকাল’ নামে।

একটি নাম কখনো কখনো মানুষের বাস্তব পরিচয়ের চেয়েও বড় হয়ে ওঠে। কার্লোসের ক্ষেত্রেও তাই ঘটেছিল। তার কর্মকাণ্ডের পাশাপাশি সংবাদমাধ্যমের তৈরি রহস্যময় ভাবমূর্তি তাকে আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে নিয়ে আসে। কার্লোস নিজেও এই পরিচিতিকে কাজে লাগাতে চেয়েছিলেন। তার ব্যক্তিগত জীবন ছিল বিলাসী। দামি পোশাক, নারীসঙ্গ, অস্ত্র, বিভিন্ন দেশের রাজনৈতিক যোগাযোগ এবং নিজের চারপাশে রহস্য তৈরি করার প্রবণতা—সবকিছু মিলিয়ে নিজের একটি চরিত্র নির্মাণ করছিলেন তিনি।

এখানে তার মধ্যে এক অদ্ভুত বৈপরীত্য দেখা যায়। যে মানুষটি পরিচয় গোপন করে চলাফেরা করতে চাইত, সে আবার নিজের নাম ও কর্মকাণ্ড নিয়ে আন্তর্জাতিক প্রচারও উপভোগ করত। সে আড়ালে থাকতে চাইত, কিন্তু বিস্মৃত হতে চাইত না।

কার্লোসের কিংবদন্তি তৈরিতে তার নিজের কর্মকাণ্ডের পাশাপাশি সংবাদমাধ্যমের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। সংবাদমাধ্যম তাকে ভয়ংকর, দুর্ধর্ষ, রহস্যময় এক আন্তর্জাতিক চরিত্র হিসেবে তুলে ধরেছিল। এই প্রচার তাকে যত পরিচিত করেছে, ততই তাকে ঘিরে তৈরি করেছে অতিরঞ্জন ও মিথের আবরণ।

১৯৭৫ সালের ২১ ডিসেম্বর। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। বিশ্বের তেল উৎপাদনকারী দেশগুলোর সংগঠন ওপেকের সদর দপ্তরে গুরুত্বপূর্ণ বৈঠক চলছে। সেই বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের তেলমন্ত্রী ও প্রতিনিধিরা। হঠাৎ অস্ত্রধারী একটি দল ভবনে প্রবেশ করে। শুরু হয় গুলিবর্ষণ। কয়েক মুহূর্তের মধ্যে বৈঠকটি পরিণত হয় জিম্মি সংকটে। অভিযানটির নেতৃত্বে ছিলেন কার্লোস। তার দল ওপেকের তেলমন্ত্রীসহ বহু মানুষকে জিম্মি করে। তিনজন নিহত হন। ভবনের বাইরে পুলিশ ও নিরাপত্তা বাহিনী অবস্থান নেয়। ভেতরে জিম্মিদের জীবন নিয়ে দরকষাকষি শুরু হয়। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের ক্যামেরা ও প্রতিবেদকদের নজর তখন ভিয়েনার দিকে।

কার্লোসের দাবি ছিল রাজনৈতিক। কিন্তু বন্দুকের মুখে মানুষকে জিম্মি করে রাজনৈতিক বক্তব্য প্রতিষ্ঠার চেষ্টা যে ভয়াবহ মানবিক সংকট তৈরি করে, সেটিই ছিল এই অভিযানের বাস্তবতা। দীর্ঘ দরকষাকষির পর জিম্মিদের নিয়ে একটি বিমান ছাড়ার ব্যবস্থা হয়। কার্লোস ও তার সহযোগীরা ভিয়েনা থেকে আলজিয়ার্সে চলে যায়। সেখান থেকে পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনা ও দরকষাকষি চলতে থাকে। জিম্মিদের মুক্তির বিনিময়ে অর্থ ও নিরাপদে চলে যাওয়ার সুযোগ পাওয়ার বিষয়টিও এই অভিযানের সঙ্গে জড়িয়ে আছে।

এই ঘটনার পর কার্লোস আর শুধু ইউরোপের গোয়েন্দা সংস্থার খোঁজ করা একজন পলাতক নয়। তিনি হয়ে ওঠেন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রধান আলোচ্য চরিত্র। বিশ্বের তেল উৎপাদনকারী দেশগুলোর শীর্ষ প্রতিনিধিদের জিম্মি করার মতো ঘটনা তাকে এক নতুন মাত্রায় পরিচিত করে। ভিয়েনার ঘটনাটি আরেকটি বিষয়ও সামনে আনে। সন্ত্রাসবাদ তখন আর শুধু একটি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার সমস্যা নয়। একটি দেশের মাটিতে পরিকল্পনা, অন্য দেশের নাগরিকদের অংশগ্রহণ, তৃতীয় দেশের রাজনৈতিক দাবি এবং চতুর্থ দেশের আশ্রয়—সব মিলিয়ে এটি হয়ে উঠেছে আন্তর্জাতিক নিরাপত্তার জটিল সমস্যা। কার্লোস সেই নতুন বাস্তবতার এক প্রতীক হয়ে ওঠেন।

কার্লোসকে বুঝতে হলে তার সময়টিকেও বুঝতে হবে। সত্তরের দশক ছিল আন্তর্জাতিক রাজনীতির অস্থির সময়। ভিয়েতনাম যুদ্ধ, আলজেরিয়ার স্বাধীনতা সংগ্রামের স্মৃতি, ফিলিস্তিনের রাষ্ট্রহীনতা, লাতিন আমেরিকার সামরিক শাসন, আফ্রিকার মুক্তিসংগ্রাম এবং স্নায়ুযুদ্ধের দুই পরাশক্তির প্রতিদ্বন্দ্বিতা—সবকিছু একসঙ্গে বিশ্বরাজনীতিকে প্রভাবিত করছিল।

পশ্চিমা সাম্রাজ্যবাদবিরোধী আন্দোলনের পাশাপাশি বিভিন্ন দেশে সশস্ত্র বামপন্থী সংগঠন গড়ে উঠছিল। ফিলিস্তিনের প্রশ্ন আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রে চলে এসেছিল। অনেক তরুণের কাছে সশস্ত্র সংগ্রাম ছিল নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধের একটি পথ। আবার বিভিন্ন রাষ্ট্র ও গোয়েন্দা সংস্থা নিজেদের স্বার্থে এসব সংগঠনের সঙ্গে যোগাযোগ রাখত, কখনো সহায়তা দিত, কখনো ব্যবহার করত। এই পরিবেশে কার্লোসের মতো ব্যক্তিরা একাধিক পরিচয় ধারণ করার সুযোগ পান। তারা কখনো রাজনৈতিক সংগঠনের কর্মী, কখনো রাষ্ট্রীয় স্বার্থের হাতিয়ার, কখনো ভাড়াটে সশস্ত্র অপারেটর, কখনো আবার নিজের স্বার্থে পরিচালিত স্বাধীন নেটওয়ার্কের নেতা হয়ে ওঠে।

তবে এই রাজনৈতিক পটভূমি কার্লোসের অপরাধকে বৈধতা দেয় না। ফিলিস্তিনিদের অধিকার কিংবা সাম্রাজ্যবাদবিরোধী আন্দোলনের ইতিহাস এক বিষয়; নিরস্ত্র মানুষকে হত্যা, বোমা হামলা এবং জিম্মি করার দায় আরেক বিষয়। সময়ের সঙ্গে কার্লোসের কর্মকাণ্ডে আদর্শের চেয়ে ব্যক্তিগত ক্ষমতা, পরিচিতি ও সহিংসতার প্রদর্শন কতটা বড় হয়ে উঠেছিল, সেটি নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। তিনি নিজেকে বিপ্লবী বললেও তার কর্মকাণ্ডের শিকার হয়েছেন এমন অনেক মানুষ, যাঁদের কোনো রাজনৈতিক সিদ্ধান্তে অংশগ্রহণ ছিল না।

সত্তরের দশকের শেষভাগ থেকে আশির দশক পর্যন্ত ইউরোপে রাজনৈতিক সহিংসতার এক অস্থির সময় চলছিল। বিমান ছিনতাই, বোমা হামলা, কূটনৈতিক স্থাপনায় আক্রমণ, জিম্মি সংকট—এসব ঘটনা তখন আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থাকে চ্যালেঞ্জ করছিল।
কার্লোসের নাম বিভিন্ন হামলা ও ষড়যন্ত্রের তদন্তে বারবার সামনে আসে। তবে তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ একই মাত্রায় প্রমাণিত হয়নি। কিছু ঘটনার দায় তিনি নিজে দাবি করেছিলেন, কিছু ঘটনায় গোয়েন্দা সংস্থাগুলো তাকে সন্দেহ করেছিল, আর কিছু ঘটনায় পরে আদালত তার দায় নির্ধারণ করে।

১৯৮২ সালে তার ঘনিষ্ঠ সহযোগী ব্রুনো ব্রেগে এবং স্ত্রী ম্যাগডালেনা কপ ফরাসি কর্তৃপক্ষের হাতে গ্রেপ্তার হন। এই গ্রেপ্তার কার্লোসের নেটওয়ার্কে বড় ধাক্কা দেয়। তিনি সহযোগীদের মুক্তির দাবি জানান এবং ফরাসি কর্তৃপক্ষের ওপর চাপ সৃষ্টি করার চেষ্টা করেন।

এরপর ফ্রান্স ও ইউরোপের বিভিন্ন স্থানে বোমা হামলা ও সহিংসতার ঘটনা ঘটে। এসব ঘটনার কয়েকটির সঙ্গে কার্লোসের নেটওয়ার্কের সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। ১৯৮৩ সালে পশ্চিম বার্লিনে ফরাসি সাংস্কৃতিক কেন্দ্রে বোমা হামলায় একজন নিহত হন এবং অনেকে আহত হন। ফরাসি ও জার্মান কর্তৃপক্ষের তদন্তে কার্লোসের নামও উঠে আসে।

এই সময় তার নামের সঙ্গে জড়িয়ে যায় এমন এক সন্ত্রাসী নেটওয়ার্কের পরিচয়, যার কার্যক্রম এক দেশের সীমান্তে আটকে ছিল না। সহযোগী, অস্ত্র, অর্থ, আশ্রয় এবং রাজনৈতিক যোগাযোগ—সবকিছু ছড়িয়ে ছিল বিভিন্ন দেশে। কার্লোস একসময় দাবি করেছিলেন, তার কর্মকাণ্ডের সঙ্গে ৮৩ জনের মৃত্যু জড়িত। কিন্তু তার নিজের বক্তব্যকে আদালতে প্রমাণিত অপরাধের সমান ধরে নেওয়া যায় না। ১৯৯৭ সালের বিচার ছিল মূলত ১৯৭৫ সালের প্যারিসের তিনটি হত্যাকাণ্ড নিয়ে। পরবর্তী বিচারে আশির দশকের বোমা হামলার দায়ে তার বিরুদ্ধে পৃথক রায় হয়।

এই পার্থক্যটি গুরুত্বপূর্ণ। কারণ কার্লোসের নামের চারপাশে যে কিংবদন্তি তৈরি হয়েছিল, তার অনেকটাই ছিল তার নিজের প্রচার, সংবাদমাধ্যমের বর্ণনা এবং গোয়েন্দা সংস্থার অভিযোগের মিশ্রণ। একসময় কার্লোসের সবচেয়ে বড় শক্তি ছিল তার আন্তর্জাতিক যোগাযোগ। কিন্তু আশির দশকের শেষভাগে বিশ্বরাজনীতির পরিবর্তন তার জন্য নতুন সংকট তৈরি করে। স্নায়ুযুদ্ধের অবসান ঘনিয়ে আসছিল। পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলো দুর্বল হয়ে পড়ছিল। আন্তর্জাতিক বামপন্থী আন্দোলনের পুরোনো কাঠামো ভেঙে যাচ্ছিল। বিভিন্ন রাষ্ট্রের নিরাপত্তা ও গোয়েন্দা নীতিও বদলাচ্ছিল। যে রাজনৈতিক পরিবেশ একসময় সশস্ত্র সংগঠন ও তাদের সহযোগীদের চলাচলের সুযোগ করে দিয়েছিল, সেটি আর আগের মতো থাকল না। কার্লোসের জন্যও আশ্রয়ের দরজা একে একে বন্ধ হতে থাকে।

কার্লোস একসময় দামেস্কে অবস্থান করছিলেন। সিরিয়া তাকে আশ্রয় দিলেও তার কর্মকাণ্ডের ওপর নিয়ন্ত্রণ আরোপ করে। তাকে নিষ্ক্রিয় থাকতে বলা হয়। তার রাজনৈতিক ও ব্যক্তিগত যোগাযোগও আগের মতো বিস্তৃত ছিল না। পরে তাকে সিরিয়া ছাড়তে হয়। বিভিন্ন সূত্রে তার জর্ডানে অবস্থানের কথা জানা যায়। শেষ পর্যন্ত তিনি পৌঁছান সুদানের রাজধানী খার্তুমে।

একসময় যে মানুষটি ইউরোপের এক দেশ থেকে অন্য দেশে চলাফেরা করতেন, এখন তাকে নিজের নিরাপত্তার জন্য আশ্রয়দাতা রাষ্ট্রের সিদ্ধান্তের ওপর নির্ভর করতে হচ্ছিল। তার স্ত্রী ম্যাগডালেনা কপের সঙ্গে সম্পর্কও আগের মতো ছিল না। ব্যক্তিগত জীবন, রাজনৈতিক যোগাযোগ এবং নিরাপদ আশ্রয়ের প্রশ্ন—সব মিলিয়ে তার চারপাশের জগৎ সংকুচিত হয়ে আসছিল।

কার্লোস হয়তো তখনো নিজেকে আন্তর্জাতিক রাজনীতির একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ভাবতেন। কিন্তু বাস্তবতা ছিল, তার হাতে আর আগের মতো কোনো সংগঠিত শক্তি ছিল না। তার পরিচিত রাজনৈতিক আশ্রয়দাতারা দূরে সরে যাচ্ছিলেন। আর যেসব গোয়েন্দা সংস্থা বছরের পর বছর তাকে খুঁজেছে, তারা অপেক্ষা করছিল উপযুক্ত সময়ের।

নব্বইয়ের দশকের শুরুতে খার্তুমে অবস্থান করছিলেন কার্লোস। সুদানের রাজনৈতিক পরিবেশ তখন নিজস্ব পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছিল। আন্তর্জাতিক চাপ, কূটনৈতিক সম্পর্ক এবং নিরাপত্তা হিসাবের কারণে দেশটির কর্তৃপক্ষের অবস্থানও বদলাতে থাকে। ফরাসি সরকার তাকে নিজেদের হেফাজতে নিতে আগ্রহী ছিল। ১৯৭৫ সালের প্যারিস হত্যাকাণ্ডের দায়ে তাকে বিচারের মুখোমুখি করা ছিল ফরাসি কর্তৃপক্ষের দীর্ঘদিনের লক্ষ্য।

কার্লোসের অবস্থান সম্পর্কে তথ্য সংগ্রহ, সুদানের সঙ্গে যোগাযোগ এবং তাকে হস্তান্তরের বিষয়ে কূটনৈতিক তৎপরতা চলতে থাকে। যে মানুষটি এত বছর ধরে বিভিন্ন দেশের সীমান্ত পেরিয়ে পালিয়ে বেড়িয়েছে, তার নিরাপত্তা তখন নির্ভর করছিল এমন একটি রাষ্ট্রের ওপর, যার সঙ্গে তার সম্পর্কও চিরস্থায়ী নয়।

১৯৯৪ সালের ১৪ আগস্ট খার্তুমে তাকে আটক করা হয়। পরদিন ফরাসি কর্তৃপক্ষের হাতে তাকে তুলে দেওয়া হয় এবং প্যারিসে নিয়ে যাওয়া হয়। ফরাসি কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী, তাকে আটক করার পর বিমানে করে ফ্রান্সে পাঠানো হয়। কার্লোস পরে দাবি করেন, তাকে বেআইনিভাবে অপহরণ করা হয়েছে। তার গ্রেপ্তারের ঘটনাকে ঘিরে আইনি ও রাজনৈতিক বিতর্ক ছিল। কিন্তু তার দীর্ঘ পলায়নের অবসান ঘটে।

১৯৯৭ সালের ১২ ডিসেম্বর প্যারিসে কার্লোসের বিচার শুরু হয়। আদালতে নিজের পরিচয় দিতে গিয়ে নিজেকে পেশাদার বিপ্লবী হিসেবে তুলে ধরার চেষ্টা করেন তিনি। তার বক্তব্যে ছিল রাজনৈতিক যুক্তি, রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগ এবং নিজের কর্মকাণ্ডকে যুদ্ধের অংশ হিসেবে ব্যাখ্যা করার চেষ্টা। কিন্তু আদালতের সামনে প্রশ্ন ছিল নির্দিষ্ট: ১৯৭৫ সালের জুনে প্যারিসে দুই ফরাসি গোয়েন্দা কর্মকর্তা এবং লেবানিজ তথ্যদাতার হত্যাকাণ্ডে তার দায় কী?

কার্লোস তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন। গ্রেপ্তারের বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন। কিন্তু আদালতে উপস্থাপিত সাক্ষ্যপ্রমাণ ও বিচারিক প্রক্রিয়ার পর ১৯৯৭ সালের ২৩ ডিসেম্বর তাকে তিনটি হত্যার দায়ে দোষী সাব্যস্ত করা হয়। সাজা হয় যাবজ্জীবন কারাদণ্ড।
এটি ছিল তার জীবনের এক ঐতিহাসিক পরিণতি।  বিচার এখানেই শেষ হয়নি। ১৯৮০-এর দশকের বোমা হামলার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তার বিরুদ্ধে পরবর্তী সময়ে আরেকটি মামলা চলে। ২০১১ সালে ফরাসি আদালত তাকে ওই মামলায়ও যাবজ্জীবন কারাদণ্ড দেয়।

কার্লোসের জীবন নিয়ে ফিরে তাকালে একটি প্রশ্ন সামনে আসে—তিনি আসলে কী হতে চেয়েছিলেন?
একজন বিপ্লবী? একজন আন্তর্জাতিক যোদ্ধা? কোনো সংগঠনের অপারেটর? নাকি বিশ্বজুড়ে নিজের নাম ছড়িয়ে দিতে চাওয়া এক সহিংস অভিযাত্রী?

সম্ভবত এসব পরিচয়ের কিছু কিছু তার মধ্যে ছিল। কিন্তু শেষ পর্যন্ত ইতিহাস তাকে মনে রাখবে তার রাজনৈতিক বক্তব্যের জন্য নয়, বরং হত্যা, বোমা হামলা, জিম্মি সংকট এবং মানুষের জীবনে ছড়িয়ে দেওয়া আতঙ্কের জন্য।

তার সময়ের আন্তর্জাতিক রাজনীতি তাকে সুযোগ দিয়েছিল। বিভিন্ন সংগঠন, রাষ্ট্রীয় স্বার্থ এবং গোয়েন্দা সংস্থার জটিল সম্পর্কের ভেতর দিয়ে তিনি নিজের নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন। তিনি নিজেও এই ব্যবস্থার একজন স্বাধীন খেলোয়াড় হয়ে উঠতে চেয়েছিলেন। নিজের নাম, নিজের ভয়ংকর পরিচিতি এবং নিজের ক্ষমতার ধারণা তাকে চালিত করেছিল।

ফ্রেডরিক ফোরসাইথের উপন্যাসের জ্যাকাল ছিল কল্পনার আততায়ী। বাস্তবের কার্লোস সেই নামকে নিজের পরিচয়ের অংশ করে নিয়েছিলেন। সংবাদমাধ্যমের প্রচার, নিজের আত্মপ্রচার এবং আন্তর্জাতিক রাজনীতির অন্ধকার সম্পর্ক তাকে একসময় কিংবদন্তির মতো করে তুলেছিল। কিন্তু কিংবদন্তির আড়ালে ছিল রক্তমাংসের একজন মানুষ। তার হাতে নিহত হয়েছেন মানুষ। তার কর্মকাণ্ডে পরিবার ভেঙেছে, জীবনের স্বাভাবিক ছন্দ নষ্ট হয়েছে, নিরাপত্তাহীনতায় ভুগেছে বহু মানুষ। তার রাজনৈতিক বক্তব্য সেই ক্ষত মুছে দিতে পারে না।

আজ বিন লাদেনের নাম আন্তর্জাতিক সন্ত্রাসবাদের আলোচনায় বেশি উচ্চারিত হয়। কিন্তু বিন লাদেনের আগের পৃথিবীতে কার্লোস ছিল এমন এক নাম, যে নামের সঙ্গে জড়িয়ে ছিল ইউরোপের বিমানবন্দর, দূতাবাস, আন্তর্জাতিক সম্মেলন, গোয়েন্দা অভিযান এবং রাষ্ট্রের নিরাপত্তা-উদ্বেগ।

কার্লোসের গল্প একজন একজন আন্তর্জাতিক সন্ত্রাসীর উত্থান, দাপট ও পতনের কাহিনি যেমন। তেমনি এটি স্নায়ুযুদ্ধের পৃথিবীর এক অন্ধকার দলিল। এটি বিপ্লবের রোমান্টিক ভাষা কীভাবে সহিংসতার অজুহাত হয়ে উঠতে পারে, তারও ইতিহাস। আর এটি সেই মানুষটির গল্প, যে নিজের নামকে আতঙ্কের প্রতীকে পরিণত করতে চেয়েছিল—শেষ পর্যন্ত সেই নামই যার বন্দিত্বের পরিচয় হয়ে রইল। 
 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন