https://www.prothomalony.com/
18592
north-america
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬ ০০:৫০
ইরানি হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির পর পুনর্নির্মাণ ও সংস্কারকাজ শেষে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-১ চলতি নভেম্বর মাসেই আবার চালু হতে যাচ্ছে। কয়েক মাস বন্ধ থাকার পর টার্মিনালটি পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
গত ১৩ অক্টোবর কুয়েতের প্রথম উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল-ইউসুফ আল-সাবাহ এ ঘোষণা দেন। তিনি জানান, আসন্ন সৌদি ফুটবল সুপার কাপ আয়োজনের আগেই টার্মিনালটির কার্যক্রম শুরু হবে। এ ছাড়া সৌদি সমর্থকদের যাতায়াত নির্বিঘ্ন করতে নোয়াইসীব সীমান্ত ক্রসিংয়ে ২০টি বিশেষ কাউন্টার স্থাপনসহ বেশ কিছু প্রস্তুতিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
তবে হামলা ও ধ্বংসযজ্ঞের কারণে টার্মিনাল-১ পুনরায় চালুর পথ সহজ ছিল না। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানের ড্রোন হামলায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয় এবং কয়েকজন আহত হন। ক্ষয়ক্ষতি কাটিয়ে প্রয়োজনীয় সংস্কার শেষে গত ১ জুন টার্মিনালটি আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের জন্য পুনরায় খুলে দেওয়া হয়েছিল। কিন্তু চালুর মাত্র দুই দিনের মাথায়, ৩ জুন, আবারও বড় ধরনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয় বিমানবন্দরটি। এতে টার্মিনাল-১ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ওই হামলায় একজন নিহত এবং অন্তত ৬৩ জন আহত হন।
দ্বিতীয় দফার হামলার পর টার্মিনালটির সব ধরনের কার্যক্রম আবারও বন্ধ করে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। এরপর কয়েক মাস ধরে সেখানে দ্রুতগতিতে পুনর্নির্মাণ ও সংস্কারকাজ চলে। দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে টার্মিনালটি চালুর উপযোগী করে তোলা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল-ইউসুফ আল-সাবাহ জানিয়েছেন, নভেম্বর মাসের মধ্যেই টার্মিনাল-১ চালু করা হবে। তবে ঠিক কোন তারিখ থেকে পূর্ণাঙ্গভাবে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। দীর্ঘদিন পর টার্মিনালটি চালু হলে কুয়েতের বিমান যোগাযোগ স্বাভাবিক করার পাশাপাশি প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন দেশের যাত্রীদের যাতায়াতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন