https://www.prothomalony.com/
18516
north-america
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬ ০৮:১৯
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের শিয়ালউড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সাদত ফাউন্ডেশন। গত শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত এ ক্যাম্পে নারী, পুরুষ, শিশু ও বয়স্কসহ মোট ৩২০ জন চিকিৎসাসেবা পেয়েছেন।
ক্যাম্পে ঢাকা থেকে যাওয়া দুই চিকিৎসক ও দুই কম্পাউন্ডার রোগীদের চোখ পরীক্ষা করেন। এ সময় বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ ও চশমা বিতরণ করা হয়। আয়োজকদের প্রাথমিক ধারণা ছিল, প্রায় ১৫০ জন এ সেবা নেবেন। তবে প্রত্যাশার চেয়ে বেশি মানুষ ক্যাম্পে উপস্থিত হন। তাদের মধ্যে অনেকেই জীবনে প্রথমবারের মতো চক্ষু চিকিৎসকের কাছে চোখ পরীক্ষা করান।

ক্যাম্পে পরীক্ষা শেষে ৫০ জনের চোখে ছানি শনাক্ত হয়। তাদের ছানি অপারেশনের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন সাদত ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সাংবাদিক জুয়েল সাদত। তিনি বলেন, মাধবপুরের দরিদ্র রোগীদের ছানি অপারেশনে সাদত ফাউন্ডেশনের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহীরা যুক্তরাষ্ট্রের ৪০৭-৮৩২-২৮৮২ নম্বরে যোগাযোগ করতে পারেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ধর্মঘর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য বিল্লাল মিয়া, সাংবাদিক মোহাম্মদ মহিউদ্দিন, এক্যবদ্ধ হরষপুর রেলস্টেশনের প্রধান সমন্বয়ক মোহাম্মদ সাগরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। স্থানীয়রা সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার এ উদ্যোগের প্রশংসা করেন।
সাদত ফাউন্ডেশন যুক্তরাষ্ট্রের একটি অলাভজনক দাতব্য প্রতিষ্ঠান। ২০১৪ সাল থেকে প্রতিষ্ঠানটি বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ফাউন্ডেশনের উদ্যোগে সিলেট বিভাগে চারটি মাদ্রাসা ও দুটি মসজিদ পরিচালিত হচ্ছে। এসব মাদ্রাসায় বর্তমানে ১৫০ জন শিক্ষার্থী হিফজ বিভাগে পড়াশোনা করছে, যাদের মধ্যে ৭০ জন হিফজ সম্পন্ন করেছে।

২০২২ সালে সিলেটের বন্যার সময় ফাউন্ডেশনটি তাহিরপুর ও দিরাই এলাকায় ১০০টি বাড়ি নির্মাণ করে দেয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এ ছাড়া বিনামূল্যে ওমরাহ, হুইলচেয়ার ও ওষুধ বিতরণসহ মোট ১০টি প্রকল্প চালু রয়েছে।
ফাউন্ডেশনের কার্যক্রম তার ব্যক্তিগত অর্থায়নে পরিচালিত হয় এবং প্রতিষ্ঠানটি সাধারণত তহবিল সংগ্রহ করে না। মাধবপুরের চক্ষু ক্যাম্পের মাধ্যমে ৩২০ জন চিকিৎসাসেবা পাওয়ায় স্থানীয় পর্যায়ে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার কার্যক্রমে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন